সড়ক নিয়ে দুর্ভোগ গ্রামবাসীর
মাত্র চার কিলোমিটার সড়কটি নিয়ে দুর্ভোগ পাঁচ গ্রামবাসীর। সড়ক কেটে শুকনো মৌসুমে খেতের পানির জন্য নালা নির্মাণ এবং বর্ষায় এক হাঁটু কাদা নিয়ে দুর্ভোগ পোহাতে হয় লোকজনকে। স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্যমতে, সড়কটি পাকা করতে তাঁরা উপজেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করেছেন। কিন্তু তা এখনো কাগজপত্রেই লিপিবদ্ধ হয়ে রয়েছে। এটি হলো বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ‘আম্বইল-চৌমহনী’ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকে উপজেলার গোঁড়তা, কহিতকুল, বিশালপুর, বামিহাল ও আম্বইল গ্রামের মানুষ।সম্প্রতি ওই সড়কে গেলে আম্বইল গ্রামের বৃদ্ধা মোছা. মতিজান বিবি বলেন, ‘আমাগো কুষ্টের কথা সুরকারি লোকজন কতবার শুইন্যা গেল। বলেও গেল সুড়কডা পাকা হবি। কই পাকা তো হয় না। আর কবে হবি।’কহিতকুল গ্রামের মো. আমজাদ হোসেন জানান, এই সড়ক দিয়ে বাজারে নিতে হয় তাঁদের গ্রামের কৃষকদের জমির ফসল। কিন্তু সড়ক নিয়ে কৃষকদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। শুকনো মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় হাত-পা গুটিয়ে থাকতে হয়। এ পরিস্থিতি চলে আসছে যুগ যুগ ধরে। ওই সড়কের ভ্যানচালক মো. রুবেল জানান, চলাচলে কষ্ট হওয়ায় বর্ষা এলে তাঁদের আয় বন্ধ হয়ে যায়। তখন পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হয়। ওই সড়ক এলাকার সাবেক মেম্বর আলী আশরাফ জানান, তাঁদের গ্রামগুলো কৃষি চাষের ওপর নির্ভরশীল। সড়ক নিয়ে দুর্ভোগের কারণে কৃষকদের উৎপাদিত ফসল নিয়ে দুঃখ-কষ্টের শেষ নেই। তিনি সড়কটি দ্রুত পাকা করার দাবি জানান।সড়কের পাশে এক দোকানি শহিদুল ইসলাম জানান, বর্ষায় সড়কের ওপর হাঁটু সমান কাদা হয়ে থাকায় গ্রামের ছেলেমেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না। স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক আবদুল কুদ্দুস জানান, সড়কটি পাকা হলে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি বেড়ে যাবে।ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল বলেন, ‘সড়কটি নিয়ে গ্রামের মানুষদের দুরাবস্থার কথা আমি উপজেলার সমন্বয় কমিটির সভায় তুলে ধরেছি। এটি পাকা করার জন্য তালিকায় লিপিবদ্ধ পর্যন্ত হয়েছে। কিন্তু পাকাকরণের কাজের কোনো অগ্রগতি হয়নি।’প্রসঙ্গ নিয়ে উপজেলা প্রকৌশলী (এজিইডি) মো. শামছুজ্জামান জানান, তাঁরা ইতিমধ্যে ওই সড়কটি পাকা করার জন্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠিয়েছে। অনুমোদন পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।