সড়ক নয় যেন ডোবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর কাটাখালী পৌরসভার দেওয়ানপাড়া মহল্লার জাবেদ আলী (৫৫) রিকশা ভর্তি করে লাকড়ি তুলেছেন। রিকশাওয়ালাও সিটে চড়ে বসেছেন। কিন্তু শরীরের সব শক্তি দিয়ে প্যাডেল করেও রিকশা নড়াতে পারছেন না। বাধ্য হয়ে পেছন থেকে ঠেলতে হচ্ছে জাবেদ আলীকে। রিকশা ঠেলতে গিয়ে ঘেমে-নেয়ে উঠেছেন বৃদ্ধ জাবেদ আলী। ক্ষেপে সমানে গালিগালাজ করে চলেছেন পৌর কর্তৃপক্ষকে। কাটাখালী পৌরসভার দেওয়ানপাড়া থেকে শ্যামপুর পর্যন্ত সড়কটির যাচ্ছেতাই দশাই জাবেদ আলীর ভোগান্তির কারণ। সড়কটির কোনো কোনো জায়গার দশা এমন যেন এটি ডোবা।২৯ সেপ্টেম্বর কাটাখালী পৌরসভার দেওয়ানপাড়ায় গিয়ে দেখা যায়, এই সড়কটির পাশে যে নালা ছিল, তাও ভেঙে সড়কের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। বিভিন্ন জায়গার বড় বড় গর্তগুলোতে পানি জমে ডোবার মতো মনে হচ্ছে। স্থানীয় লোকজন জানান, বর্ষা না যাওয়া পর্যন্ত এই পানি শুকাবে না।এরই মধ্যে বাড়তি উপদ্রব রাস্তাটি দিয়ে চলাচলকারী বালুবাহী ট্রাকগুলো। এগুলোর কারণে সড়কের পানি ও কাদা মিশে একাকার হয়ে এমন দশা যে, খালি পায়েও এখান দিয়ে কোনো মানুষের পক্ষে হাঁটা কষ্টকর। অতিষ্ঠ হয়ে ২৪ সেপ্টেম্বর এলাকাবাসী নালা ভেঙে ইট-সিমেন্টের চাঁই রাস্তার মাঝখানে ফেলেছেন, যাতে আর ট্রাক চলতে না পারে।কলেজছাত্র আনোয়ার হোসেন বলেন, ইট-সিমেন্টের চাঁই ফেলার পর আর কোনো ট্রাক চলাচল করেনি বলে রাস্তার এক পাশ দিয়ে কোনো রকমে মানুষ হাঁটতে পারছে। ট্রাক চললে সে উপায়টুকুও আর থাকে না।আওয়ামী লীগের স্থানীয় নেতা মোতাহার হোসেন বলেন, প্রতিদিন এই সড়কে দেওয়ানপাড়া, বাখরাবাজ, শ্যামপুর, চরখিদিরপুর, ইউসুফপুর, বেলঘরিয়া এলাকার প্রায় ১০ হাজার মানুষ চলাচল করে। অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তাটির প্রতি কর্তৃপক্ষের কোনো নজর নেই। আট বছর আগে রাস্তাটি নির্মাণ করা হলেও দুই বছর আগে নামে মাত্র সংস্কার করা হয়েছিল। তাই এ দশা।দেওয়ানপাড়া এলাকার কাঠমিস্ত্রি মোহাম্মদ গোলাপ বলেন, রাস্তার পাশ দিয়ে যে নালা করা হয়েছিল, তা দুই তিন মাস পরই ভেঙে ভরাট হয়ে গেছে। বৃষ্টি হলেই তাই সব পানি এসে রাস্তার গর্তে জমা হয়।স্থানীয় লোকজন অভিযোগ করেন, এই পৌরসভার মেয়র মাজিদুর রহমান জামায়াতের নেতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হত্যার পর থেকে তাঁকে আর দেখা যায় না। এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে। মেয়রের অনুপস্থিতিতে তাই পৌরসভাও চলছে গয়রহভাবে।রাস্তার ব্যাপারে কথা বলতে ২৯ সেপ্টেম্বর পৌরসভায় গিয়ে চেয়ারম্যান ও প্রকৌশলী কাউকেই পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী বলেন, প্রকৌশলী ঢাকায় গেছেন। কয়েক দিন পর আসবেন। আর চেয়ারম্যান স্যার মাঝেমধ্যে আসেন। প্রকৌশলীর ফিরোজের সঙ্গে মুঠোফোনে কথা বলার জন্য বারবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।