সড়ক বন্ধ করে শামীমের কর্মসূচি, রোগীদের চরম দুর্ভোগ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমান আজ শনিবার সমাবেশ ও শোভাযাত্রার মাধ্যমে শক্তি প্রদর্শন করেছেন। শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের সামনের সড়কে সমাবেশের আয়োজন করায় হাসপাতালের রোগী, চিকিত্সক, সেবিকা, কর্মচারী ও দর্শনার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়।এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ও শহর আওয়ামী লীগের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হলেও অনেক নেতা বলেছেন, এটা দলীয় নয়, শামীম ওসমানের ব্যক্তিগত কর্মসূচি।সমাবেশস্থলে ১০-১২ হাজার লোকের হইচই, বাদ্যযন্ত্র ও মাইকের প্রচণ্ড শব্দের কারণে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ হাসপাতাল ও আশপাশের ক্লিনিকগুলোর রোগীদের ভোগান্তি পোহাতে হয়। নারায়ণগঞ্জ হাসপাতালের প্রধান প্রবেশপথ শামীম ওসমানের অনুগত লোকজন অবরুদ্ধ করে রাখায় রোগী বহনকারী যানবাহন চলাচলে সমস্যা হয়।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও অন্যান্য সূত্রগুলো জানায়, দুপুরের আগে থেকেই নারায়ণগঞ্জ শহর ছাড়াও বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ ও সোনারগাঁ থেকে বাস, ট্রাক ও ট্রলারে করে সমাবেশে লোক আনা হয়।সাবেক সাংসদ শামীম ওসমান সমাবেশে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। নেত্রীর ওপর আঘাত আসতে পারে। তাই আগামী ছয় মাসে বাংলাদেশের রাজনীতিতে অনেক ঘটনাই ঘটতে পারে।’ তিনি বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার চান না। তাই এই মুহূর্তে স্বাধীনতার পক্ষের শক্তি ঐক্যবদ্ধ না হলে এই দেশ আফগানিস্তানে পরিণত হবে। আক্রমণের শিকার হবে দেশের প্রগতিশীল শক্তি।শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের কয়েক ঘণ্টা আগে আমাকে ঠেকানোর জন্য দলীয় প্রার্থীকে কোরবানি করেছেন খালেদা জিয়া। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করেছেন আমি বিএনপি-জামায়াতের টার্গেট।’ তিনি বলেন, ‘কিছু পত্রিকা-মিডিয়া আমাকে পছন্দ করে না। আমি মানুষ, ফেরেশতা বা শয়তান না। আমারও ভুল থাকতে পারে। আমার ভুল শুধরে দিন। কিন্তু আমাকে ক্ষতি করতে গিয়ে নারায়ণগঞ্জে স্বাধীনতাবিরোধী শক্তিকে উত্সাহিত করবেন না।’শামীম ওসমান শেখ হাসিনা ও শেখ রেহানার সন্তানদের আওয়ামী লীগের নেতৃত্বে আনার আহ্বান জানিয়ে বলেন, ‘তাঁরাই আমাদের কাছে একেকজন “রাহুল গান্ধী” হতে পারেন।’সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা আহ্বায়ক চন্দন শীল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সহসভাপতি ওয়াজেদ আলী ও মাসুদুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত প্রমুখ।