সড়ক বিভাজকে পরিকল্পনার অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক বিভাজক তৈরি এবং এর সজ্জা ও সংস্কারে পরিকল্পনার অভাব থাকায়, নগরের সড়কে নানা অসংগতি দেখা দিচ্ছে। একেক সড়কের বিভাজক তৈরি করা হচ্ছে একেক রকম উচ্চতায়, প্রস্থে ও নকশায়। এগুলোয় ফোকর রাখাতেও কোনো পরিকল্পনার ছাপ পাওয়া যাচ্ছে না। আবার অনেক সড়ক বিভাজক ধুলার উৎস আর আবর্জনা রাখার স্থানে পরিণত হয়েছে। কোনো ক্ষেত্রে অপরিকল্পিত সড়ক বিভাজক নগরের যানজট বাড়াচ্ছে বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। নগরের অপরিকল্পিত সড়ক বিভাজক নিয়েলিখেছেন মিল্লাত হোসেন।বেহালে বেষ্টনীঢাকায় আসছে ক্রিকেট বিশ্বকাপ। একে সামনে রেখে মিরপুর ১০ নম্বর সেকশনের দিকে রোকেয়া সরণির বিভাজক (রোড ডিভাইডার) সজ্জিত করা হচ্ছে। তবে গেল বছর বিভাজকের মাঝের দিকে লোহার বেষ্টনী বসানোয় এটি সবুজ সজ্জার কাজে বাধা তৈরি করছে।নগরের অনেক সড়ক বিভাজকেই বেষ্টনী দেওয়া হয়েছে। কোথাও বেষ্টনী রয়েছে লোকজনের রাস্তা পারাপার বন্ধ করতে, কোথাও আছে বিভাজকের গাছপালা ও লতাগুল্ম রক্ষার জন্য। একেক জায়গার বেষ্টনীতে একেক রকম উপকরণ দেখা গেছে। কোথাও আছে লোহার বেড়া, কোথাও আছে কাঁটাতারের বেড়া। আবার কাঁটাতারের বেড়ার খুঁটিতেও ভিন্নতা আছে। কোথাও আছে বাঁশের খুঁটি, কোথাও ইস্পাতের খুঁটি।ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশে মওলানা আবদুল হামিদ খান ভাসানী সড়কের বিভাজকে বাঁশের খুঁটি দিয়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছিল। বর্তমানে অনেক খুঁটি নিশ্চিহ্ন হয়ে গেছে, বিভাজকের ওপরে পড়ে আছে কাঁটাতার। একই অবস্থা দেখা গেল প্রেসক্লাবের পাশে তোপখানা রোডের বিভাজকে। বেহাল বিভাজক দেখিয়ে ১৩ নম্বর রুটের বাসের যাত্রী মোহাম্মদ সোলায়মান বললেন, বেড়া দেওয়া হয়েছিল গাছপালা রক্ষার জন্য। সেই বেড়া এখন ডিভাইডারে গড়াগড়ি খাচ্ছে।এ বিষয়ে ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও ঢাকা মহানগর সৌন্দর্যবর্ধন কমিটির সদস্যসচিব বিপন কুমার সাহা বলেন, বিশ্বকাপের সময় পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আসবে ঢাকায়। আবার টেলিভিশন ও ক্যামেরার মাধ্যমে ঢাকার রূপ দেখবে সারা দুনিয়ার মানুষ। তাই এখন ঢাকার সৌন্দর্য বাড়ানো ছাড়া বিকল্প নেই। এ ব্যাপারে সৌন্দর্যবর্ধন কমিটি সজাগ আছে। বিশ্বকাপের আগে বেশির ভাগ সড়ক বিভাজক সুন্দর করা হবে।ভাঙাগড়ার খেলাকর্তৃপক্ষের দূরদর্শী সিদ্ধান্তের অভাবে বড় সড়কগুলো চওড়া করার সময় প্রায়ই এদিক-সেদিক হয় বিভাজকের সীমানা। তখন বিভাজক ভেঙে নতুন করে তা বানাতে হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে সড়ক বিভাজকের উপকরণও বদল হয়েছে বারবার। এর ওপরে থাকা বেষ্টনীতে দেখা যায় নানা রকম উপকরণের ব্যবহার।গেল বছরের শেষার্ধে পান্থপথ মোড়ের কাছে গ্রিন রোডের সড়ক বিভাজকের চওড়া কমানো হয়েছে। এই কাজের সময় পুরোনো কংক্রিট ব্লকের বদলে নতুন ব্লক ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, আগের ব্লকগুলো দিয়েই কাজ করা যেত। নতুন ব্লক বসিয়ে অর্থ অপচয়ের কোনো দরকার ছিল না।অনেক সড়কে আবার দরকার ছাড়াই সড়ক বিভাজক বসানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান সারওয়ার জাহান জানান, সব সড়কে বিভাজক তৈরি করা ঠিক নয়। সড়কের ধরন ও প্রয়োজনীয়তা বিবেচনা করে বিভাজক বসাতে হবে।নগরে একসময় অপরিকল্পিতভাবে সড়ক বিভাজক বানানো হয়েছে বলে স্বীকার করেন ডিসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল কাদের। তিনি দাবি করেন, এখন যেসব সড়কে বিভাজক দরকার, শুধু সেখানেই বিভাজক বসানো হয়। বিভাজক বসানোর আগে চুলচেরা বিশ্লেষণ করা হয়, সংশ্লিষ্ট সড়কে বিভাজক বসানো হলে যান চলাচলে সুবিধা হবে কি না।আবর্জনার আশ্রয়, ধুলার উৎসহাতিরপুল ও কাঁটাবনের অনেক দোকানের আবর্জনা ফেলা হচ্ছে পাশের সড়ক বিভাজকে। এতে সৌন্দর্যহানি হচ্ছে। নগরের কিছু বিভাজক উদ্যানের আদল নিলেও অনেক বিভাজকে ফেলা হচ্ছে আবর্জনা। ডিসিসির ঝাড়ুর ছোঁয়া না পেয়ে অনেক বিভাজকে জমেছে ধুলাবালু। যেসব বিভাজকের মাঝের জায়গা বালু দিয়ে ভরাট করা হয়েছে, সেগুলো সড়কের ধুলাবালুর উৎসে পরিণত হচ্ছে। মণিপুরীপাড়া ও সংসদ ভবনের খেজুরবাগানের মধ্যের সড়কের বিভাজকে জমেছে ধুলার স্তর। এই ধুলা দেখিয়ে মিরপুরগামী বাসের যাত্রী মুজিবুর রহমান জানান, ডিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা ভোরে সড়কের পিচঢালা অংশ ঝাড়ু দিয়েই তাঁদের দায়িত্ব শেষ করছেন। তাঁরা সড়ক বিভাজক ঝাড়ু দেন না। শুকনো সময়ে বিভাজকে পানি ছিটানো দরকার।এ বিষয়ে ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা বলেন, সড়ক তাঁরা পরিচ্ছন্ন করলেও সড়ক বিভাজক পরিচ্ছন্নতার কাজটি করে থাকে ডিসিসির সৌন্দর্যবর্ধন কমিটি। সড়ক বিভাজকের সৌন্দর্য ধরে রাখতে হলে মালী দরকার বলে তিনি জানান।নেই প্রতিফলকশেরেবাংলা নগর এলাকার প্যারেড স্কয়ারের পাশের একটি সড়কে দেখা গেছে, একটি বাস সড়ক বিভাজকে উঠে কাত হয়ে আছে। এ বিষয়ে একাধিক চালক জানান, নগরের অনেক সড়ক বিভাজক পরিকল্পনাহীনভাবে তৈরি হয়েছে। এগুলোর উচ্চতা কম থাকায় বেপরোয়াভাবে চলা যানবাহন এগুলোর ওপর উঠে যায়। আবার রাস্তার মোড়ে কিংবা ফোকরে সড়ক বিভাজক প্রান্তে কোনো চিহ্ন বা সংকেতের ব্যবস্থা থাকে না। এ কারণে রাতের বেলা মোড় কিংবা ফোকর সহজে চোখে পড়ে না।এ বিষয়ে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) একটি প্রকল্পের পরিচালক মো. আনিসুর রহমান বলেন, ডিভাইডারের মাথায় সাধারণত রিফ্লেকটিভ ডিভাইস (প্রতিফলক) ব্যবহূত হয়। এর ফলে রাতে সেগুলো সহজেই চালকের চোখে পড়ে। ঢাকা নগরের সড়কসংক্রান্ত পরিকল্পনায় বিষয়টি আছে। কিন্তু এর জন্য কখনো অর্থ বরাদ্দ করা হয়নি।