সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের দরপত্র নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সরকারদলীয় সমর্থক এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা করেছে। এ সময় গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে প্রতিপক্ষ গ্রুপের অন্তত ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে সড়ক ভবনে এ ঘটনা ঘটে।সড়ক ভবনটি এখন সুপ্রিম কোর্টের জমি এবং সেখানে সুপ্রিম কোর্টের সাইনবোর্ডও আছে। সেখানকার দুটি ভবন সুপ্রিম কোর্টের কাজে ব্যবহূত হচ্ছে। দুটি ভবন ব্যবহার করছে সওজ।বিবদমান দুই পক্ষের একটির নেতৃত্বে শামীম শাহরিয়ার ও ফরিদ আহমেদ সেন্টু। শামীম শাহরিয়ার স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এবং সেন্টু যুবলীগের কর্মী বলে পরিচয় দেন। সেন্টুর বাড়ি গোপালগঞ্জে—এই পরিচয়ও কখনো কখনো বড় হয়ে ওঠে। সেন্টু ও শামীম দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন সওজের সরকার-সমর্থক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক খোন্দকার কামাল উদ্দিন। তিনি সওজের ঢাকা জোনের অফিস সহকারী।গতকাল বিকেল সাড়ে চারটার দিকে কামাল গ্রুপ আক্রমণ করে শামীম ও সেন্টু গ্রুপের ওপর। এতে শামীম, তৌহিদুল ইসলাম, মো. রিপন ও মশিউর রহমান এবং সড়ক ভবনে কর্মরত গাড়িচালক জাকির হোসেন গুলিবদ্ধ হন। তাঁদের মধ্যে শামীমের গায়ে তিনটি ও জাকিরের গায়ে দুটি গুলি লাগে। অন্যদের গায়ে লাগে একটি করে গুলি। এ ছাড়া সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে কাজী মাসুম নামের একজন ঠিকাদার আহত হন। হামলায় কামাল সরাসরি অংশ নেননি। প্রথমে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে জাকিরকে সেখানে ভর্তি করা হয়। শামীমকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি চারজন চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে যে তথ্য এসেছে তা হচ্ছে, দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে এবং দোষী ব্যক্তিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।’এদিকে যোগাযোগ মন্ত্রণালয় এ ঘটনা তদন্তে সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।ঘটনার বর্ণনা: সওজের উপপরিচালক (নিরাপত্তা) চৌধুরী রুহুল আমিন ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিকদের বলেন, ‘তিনটা ৫১ মিনিটের দিকে এক আনসার সদস্যের ফোন থেকে টুটুল নামে সওজের এক কর্মী আমার মুঠোফোনে ফোন দেন। তিনি জানান, তেজগাঁও এলেনবাড়ীর কয়েকজন সন্ত্রাসী আমাদের ওপর হামলা করতে পারে। তখন আমি সঙ্গে সঙ্গে ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারদের তত্ত্বাবধায়ককে মুঠোফোনে সতর্ক করে দিই। শাহবাগ থানার ডিউটি অফিসার ও টহল পুলিশকে ফোনে বিষয়টি জানাই। এই ফোন করার মধ্যেই শুনলাম মুহুর্মুহু গুলির শব্দ।’আনসার সদস্যদের ইনচার্জ কমান্ডার মিনহাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ফোনে খবর পেয়ে আমরা প্রস্তুত হতে হতেই ওই যুবকেরা ঢুকে গিয়ে গুলি শুরু করে। আমরা মাত্র তিনজন আনসার সদস্য ছিলাম। পরে আতঙ্কিত হয়ে প্রধান ফটক আটকে দিয়ে মসজিদের ভেতরে ঢুকে পড়ি। পরে ওই যুবকেরাই দরজা খুলে পালিয়ে যায়। যাওয়ার সময় একটি মোটরসাইকেল ফেলে যায় তারা।’শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘সংবাদ শুনেই আমরা পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসার আগে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। তবে সন্ত্রাসীরা একটি মোটরসাইকেল ফেলে রেখে গেছে। তা আমরা জব্দ করেছি।’সরেজমিনে দেখা গেছে, ভবনের দেয়াল ও কয়েকটি গাড়িতে গুলির চিহ্ন রয়েছে। পুরো এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা।সওজের ঠিকাদার ও ঘটনার প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, গতকাল বিকেলে মোটরসাইকেল ও প্রাইভেট কারে করে প্রায় ১৬ জন যুবক সড়ক ভবনে ঢুকে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি করেন এবং চিৎকার-চেঁচামেচি করে শামীম ও সেন্টুকে খুঁজতে থাকেন। এ সময় তিনি (হাবিবুর) ধর-ধর বলে চিৎকার করলে যুবকদের কয়েকজন তাঁকে লক্ষ্য করে গুলি করেন। তখন হাবিবুর নিচে শুয়ে পড়েন। এ সময় তাঁকে রক্ষা করতে এলে শামীম গুলিবিদ্ধ হন। এরপর যাঁরাই এগিয়ে এসেছেন, তাঁদেরই গুলি করা হয়। এ ছাড়া যুবকেরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে বেরিয়ে যান। হাবিবুর নিজেকে শামীম ও সেন্টুর পক্ষের লোক বলে জানান।যোগাযোগ করা হলে খন্দকার কামাল উদ্দিন বলেন, ‘সড়ক ভবনের তিনটি ভবনের মধ্যে দুটি সুপ্রিম কোর্টের অধীনে চলে গেছে। ফলে সড়ক ভবনের কিছু অংশ বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা জোনের অফিস প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে এলেনবাড়ীতে চলে গেছে। এটা ঠেকানোর জন্য আমাকে বললেও আমি তা করিনি। এ ছাড়া ২৮২ কোটি টাকার টেন্ডার সরকার সম্প্রতি বাতিল করে দেয়। তা নাকি আমি করিয়েছি। এসব নিয়ে শামীম ও সেন্টুরা ক্ষিপ্ত ছিল। তারা বিভিন্ন সময় হুমকি দিত। বিষয়টি আমি রফিক ভাইকে জানিয়েছিলাম।’ রফিকের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘রফিক যুবলীগ করেন। তবে গতকাল কী ঘটেছে, তা আমি জানি না।’ রফিকের মুঠোফোনের নম্বর চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।সংঘর্ষের কারণ: ঠিকাদার ও সওজের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত দুটি কারণে গতকালের ঘটনা ঘটেছে। প্রথমত, সওজের ঢাকা জোনের অধীন প্রায় ২৮২ কোটি টাকার দরপত্র ভাগাভাগি এবং সড়ক ভবন থেকে এলেনবাড়ীতে স্থানান্তর হওয়া ঢাকা জোনের কার্যালয় নিয়ন্ত্রণ করা।সওজের গুরুত্বপূর্ণ ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলা নিয়ে সওজের ঢাকা জোন গঠিত। এই জোনেই সবচেয়ে বেশি বরাদ্দ থাকে এবং দরপত্রও সবচেয়ে বেশি আহ্বান করা হয়।সওজ ও ঠিকাদারদের একাধিক সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই শামীম, সেন্টু ও কামাল একচ্ছত্রভাবে সওজের ঢাকা জোনের সব দরপত্র কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। প্রথমে তাঁদের মধ্যে একধরনের সমঝোতা ছিল। তাঁরা টেন্ডারবাজির অর্থ ভাগাভাগি করে নিতেন। কিন্তু কার্যালয় স্থানান্তরিত হওয়ায় আধিপত্য নিয়ে দ্বন্দ্ব শুরু হয়।নিয়ন্ত্রণ যাদের হাতে: সওজের, বিশেষ করে ঢাকা জোনের ছোট-বড় দরপত্রের বেশির ভাগেরই কাজ করে সাত থেকে ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে রেজা কনস্ট্রাকশন, মনিকো, আবদুল মোনেম লিমিটেড, এম এম বিল্ডার্স, শামীম এন্টারপ্রাইজ, রানা ইন্টারন্যাশনাল ও কামাল অ্যাসোসিয়েটস উল্লেখযোগ্য। রানা ইন্টারন্যাশনাল সওজের সহকারী প্রকৌশলী (বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবুল বাশারের ভাইয়ের। শামীম, সেন্টু, কামালসহ শ্রমিক ইউনিয়নের নেতা, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও বরিশালের একটি গ্রুপ বেশির ভাগ ক্ষেত্রে বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে দরপত্র পাইয়ে দিতে সহায়তা করে। অস্ত্রের মহড়া দিয়ে প্রতিপক্ষকে দরপত্রে অংশ নিতে বাধা দেওয়ার মাধ্যমে মোটা অঙ্কের কমিশন পায় তারা। এ ছাড়া ছোট ছোট কিছু কাজ শামীম ও সেন্টু নিজেরাও করে থাকেন। কামাল যেহেতু সরকারি চাকরি করেন, সেহেতু তিনি সরাসরি কাজ না করে কমিশন নেন বলে জানা যায়।২৮২ কোটি টাকার দরপত্র নিয়ন্ত্রণই মূল: গত বছর সওজের ঢাকা জোনের অধীনে প্রায় ২৮২ কোটি টাকার ১৬টি দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে শামীম ও সেন্টু দুটি কাজ পান। পাশাপাশি আরও কিছু কাজ কামালসহ অন্যদের সঙ্গে মিলে কমিশনের ভিত্তিতে অন্য ঠিকাদারদের পাইয়ে দেন। তখন যোগাযোগমন্ত্রী ছিলেন সৈয়দ আবুল হোসেন এবং সওজের প্রধান প্রকৌশলী ছিলেন শাহাবউদ্দিন ও ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন আবদুল কুদ্দুস। পরে আবদুল কুদ্দুস প্রধান প্রকৌশলী হন। এসব দরপত্র অনিয়ম করে (গুপচি) ঠিকাদার নিয়োগ দেওয়ার অভিযোগে ওবায়দুল কাদের যোগাযোগমন্ত্রী হয়ে তদন্ত শুরু করেন।তদন্তে অনিয়ম ও টেন্ডারবাজির প্রমাণ মিললে ১৬টি দরপত্র বাতিল করা হয়। এখন পুনরায় এর কিছু দরপত্র আহ্বান করা হয়েছে এবং কিছু দরপত্র প্রক্রিয়াধীন আছে। বাতিল হওয়ার আগে টেন্ডারবাজি করে পাওয়া অর্থের হিসাব নিয়ে ঝামেলা এবং নতুন করে দরপত্র আহ্বানের পর সেগুলোর নিয়ন্ত্রণ নিতে গিয়েই গতকালের ঘটনা ঘটে।এই ১৬টি দরপত্রে অনিয়মের বিষয়টি তদন্ত করে একটি গোয়েন্দা সংস্থাও প্রতিবেদন দিয়েছিল। ওই প্রতিবেদনে অনিয়ম ও টেন্ডারবাজির কথা বলা হয়।বেশ কিছুদিন ধরেই মহড়া চলছে: সওজ সূত্র জানায়, বেশ কয়েক দিন ধরেই শামীম ও সেন্টু দলবল নিয়ে সড়ক ভবনের ভেতরে চালকদের বিশ্রামের জন্য তৈরি শেডের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে কামাল এলেনবাড়ীতে তাঁর বাহিনী নিয়ে সশস্ত্র অবস্থান নেন। এর পর থেকেই শামীম ও সেন্টু গ্রুপ এলেনবাড়ীতে যেতে পারছিলেন না। অন্যদিকে সড়ক ভবনে শ্রমিক ইউনিয়নের কার্যালয় থাকা সত্ত্বেও কামাল আসতে সাহস পাচ্ছেন না। এ অবস্থায় এক গ্রুপ অন্য গ্রুপের অবস্থানে হামলার হুমকি দিচ্ছিল।সেন্টু ও শামীমের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, বাতিল হওয়া ১৬টি দরপত্র পাইয়ে দেওয়ার বিনিময়ে পাওয়া অর্থের বড় অংশই কামাল নিয়েছেন। শামীম ও সেন্টু দুটি কাজ পাওয়ায় অন্য কাজে ভাগ কম পেয়েছেন। কিন্তু সব দরপত্র বাতিল হয়ে যাওয়ায় শামীম ও সেন্টু বেশি ক্ষতিগ্রস্ত হন। এর পরই কামালকে চাকরি ও দেশ ছেড়ে চলে যেতে বলেন শামীম ও সেন্টু। তাঁকে মেরে ফেলারও হুমকি দেন। এর পরই কামাল ১৫ দিন ধরে নাখালপাড়াসহ বিভিন্ন এলাকার প্রায় ১০০ লোক দিয়ে সব সময় এলেনবাড়ীর ঢাকা জোনের কার্যালয়ের সামনে পাহারা বসান।