সড়ক ভবনে গুলির ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সড়ক ভবন চত্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন—সড়ক ও জনপথ (সওজ) বিভাগের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি ফজলুর রহমান ওরফে ফজলু (৫৫) ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খন্দকার (৪৮)। র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৩-এর মেজর এমারাত হোসেন ও ক্যাপ্টেন আবুল বাশারের নেতৃত্বে একটি দল তাঁদের গ্রেপ্তার করে।১২ জুন বিকেল চারটার দিকে সড়ক ভবন চত্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র সরকারদলীয় সমর্থক একপক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে প্রতিপক্ষ গ্রুপের অন্তত ছয়জন আহত হয়।বিবদমান দুই পক্ষের একটির নেতৃত্বে ছিলেন শামীম শাহরিয়ার ও ফরিদ আহমেদ সেন্টু। শামীম শাহরিয়ার স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এবং সেন্টু যুবলীগের কর্মী বলে পরিচয় দেন। অন্যপক্ষের নেতৃত্বে ছিলেন সওজের সরকার-সমর্থক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক খন্দকার কামাল উদ্দিন। তিনি সওজের ঢাকা জোনের অফিস সহকারী।কামাল গ্রুপ আক্রমণ করে শামীম ও সেন্টু গ্রুপের ওপর। এতে শামীম, তৌহিদুল ইসলাম, মো. রিপন ও মশিউর রহমান এবং সড়ক ভবনে কর্মরত গাড়িচালক জাকির হোসেন গুলিবদ্ধ হন। তাঁদের মধ্যে শামীমের গায়ে তিনটি ও জাকিরের গায়ে দুটি গুলি লাগে। অন্যদের গায়ে লাগে একটি করে গুলি। এ ছাড়া সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে কাজী মাসুম নামের একজন ঠিকাদার আহত হন। হামলায় কামাল সরাসরি অংশ নেননি। এ ঘটনায় ওই দিন রাতেই শাহবাগ থানায় গোলাম আজম মামুন নামের এক ঠিকাদার মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সওজের ঢাকা জোনের অফিস সহকারী ও সওজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খন্দকার কামাল উদ্দিনকে। মামলায় অন্য আসামিরা হলেন—সওজ অধিদপ্তরের সহকারী স্টোরকিপার আবুল কালাম আজাদ, সওজের চেইনম্যান ফজলুর রহমান ও মো. রফিক। চার আসামির নাম উল্লেখ করা হলেও অজ্ঞাতনামা আরও ১৮-২০ জন হামলায় অংশ নেয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।ওই রাতেই আবুল কালাম আজাদকে এলেনবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের নির্দেশে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ঘটনা তদন্তে সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।