মহাসড়কের বেহাল অবস্থা নিয়ে জাতীয় সংসদেও সংশ্লিষ্ট মন্ত্রীর বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়েছে। অথচ খোদ রাজধানীর রাজপথগুলোর অবস্থা প্রায় একই রকম হলেও তা নিয়ে তেমন উচ্চবাচ্য শোনা যাচ্ছে না। রাজপথগুলো ভরে গেছে খানাখন্দে। গতকাল শুক্রবার বৃষ্টির পানি জমে থাকা বনানীর ১১ নম্বর সড়কে প্রবেশ করে মনে হলো, যেন হালচাষ করা জমি।সড়কটি বেশ কয়েক বছর ধরে বনানী-গুলশান এলাকায় দেশি বুটিক ও খ্যাতনামা পোশাক বিক্রেতাদের প্রধান বিপণনকেন্দ্রে পরিণত হয়েছে। বিমানবন্দর সড়ক থেকে শুরু করে গুলশান-বনানী সংযোগ সেতু পর্যন্ত পূর্ব-পশ্চিমে লম্বা সড়কটির দুই পাশে একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র। বিপণিগুলো সুপরিসর। দর-কষাকষির বালাই নেই। পোশাকের গায়ে দামের স্টিকার লাগানো। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন। ঈদ উপলক্ষে ভেতরে-বাইরে সাজসজ্জাও দৃষ্টিনন্দন। কিন্তু সব সৌন্দর্য-স্বাচ্ছন্দ্য-আভিজাত্যের বিনাশ ঘটিয়েছে সড়কটি।সড়কে মাঝে মাঝেই নানা আকার ও গভীরতার গর্ত। ফুটপাতও ভাঙাচোরা। বৃষ্টির পানি জমে আছে। এর মধ্যেই ক্রেতারা আসছেন গাড়ি নিয়ে। লেগেছে তীব্র যানজট। ফলে ছুটির দিনের বিকেলেও দেখা গেল দুর্বিষহ পরিস্থিতি। সড়কটির নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের কমান্ডারের নামে ‘বীর উত্তম খাদেমুল বাশার সড়ক’।ফ্যাশন হাউস অন্যমেলার বিক্রয় প্রতিনিধি দীন মোহাম্মদ সোহেলের সঙ্গে কথা হলো বেচাকেনা নিয়ে। তিনি জানালেন, টানা বৃষ্টি, তার ওপর সড়কের বেহাল দশায় এবার এদিকটায় ক্রেতার সমাগম কিছুটা কমেছে। তাঁদের এখানে ঈদের পাঞ্জাবির সম্ভারে আছে বৈচিত্র্য। খাদি ও আদ্দির পাশাপাশি মসলিন, অ্যান্ডি, ধুপিয়ান ও জয় সিল্কের এসব পাঞ্জাবিতে রয়েছে নকশিকাঁথার কাজ, অ্যাপ্লিক, কারচুপি ও ব্লকের ছাপ। দাম ৮০০ থেকে ৩৫০০ টাকা। ফতুয়া ৫০০ থেকে ১৬৫০ টাকা পর্যন্ত। টাঙ্গাইলের তাঁতের শাড়ির পাশাপাশি আছে রাজশাহী সিল্ক, মসলিন, জর্জেট—এসব। সুতি শাড়ির দাম ৫৮০ থেকে ৩০০০ টাকা এবং সিল্ক ইত্যাদি ১৭৫০ থেকে ১৬০০০ টাকা এবং থ্রিপিসের দাম ১৫০০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত।ক্যান্টনমেন্ট এলাকা থেকে এখানে কেনাকাটা করতে এসেছিলেন সামিরা। বনানীতেই তিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেন। বললেন, ‘এখানে প্রায় সব বুটিকেরই বিক্রয়কেন্দ্র আছে, দোকানগুলোর পরিবেশও ভালো। একদামে কেনাকাটা করা যায় বলে এখান থেকেই ঈদের কেনাকাটা করি। কিন্তু এবার রাস্তার যে অবস্থা, তাতে শোরুমগুলোতে ঘুরেফিরে দেখার আগের মতো আর স্বস্তি নেই।’ একই রকম মন্তব্য করলেন বিবিয়ানার বিক্রয় ব্যবস্থাপক আবদুল হক ও রঙ-এর তানজিলা শারমিন। চলাচলের দুর্ভোগ আর বৃষ্টি-বাদলে এবার ঈদের বেচাকেনা তাঁদের আশানুরূপ হয়ে ওঠেনি।পুরুষদের হালনাগাদ পোশাকের বিপুল সম্ভার রয়েছে এই সড়কের ট্রেন্ডসের বিক্রয়কেন্দ্রে। এ প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি তরিকুল ইসলাম জানালেন, তাঁদের তৈরি জিনস প্যান্ট ১৮৪০ টাকা, গ্যাবার্ডিন ৯৪০ থেকে ১১৫০ টাকা, ফরমাল প্যান্ট ১৮৪০ থেকে ২২৫০, ফরমাল শার্ট ১৫৫০ থেকে ৪৫৫০, হাফ শার্ট ১৩৫০ থেকে ২৫৫০, টি-শার্ট ৬৯৫ থেকে ১৪৫০, পাঞ্জাবি ১৮০০ থেকে ৪০০০ টাকা। পাশেই মেনজ ক্লাব। তাঁদের শার্টের দাম ১২৫০ থেকে ৩৫০০ টাকা, টি-শার্ট ৭৫০ থেকে ১৫৫০, জিনস ১৪৫০ থেকে ২৮০০, ফরমাল প্যান্ট ১২৫০ থেকে ২৮০০ এবং পাঞ্জাবি ১৪৯০ থেকে ৩৫০০ টাকা।প্রকৃতির বিরূপতা আছে, আছে যাতায়াতের প্রচণ্ড সমস্যাও। তার পরও ক্রেতারা ঘরে বসে নেই। ঈদ প্রায় সমাগত। কেনাকাটার পালা চুকিয়ে ফেলতে তাঁরা ব্যতিব্যস্ত। এ কারণে ছুটির দিনেও গতকাল মহানগরের দৃশ্যপট ছিল কর্মচঞ্চল। এই চাঞ্চল্য অব্যাহত থাকবে ঈদের আগের রাত অবধি।