সড়কজুড়ে হাট: ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার সড়কজুড়ে হাট বসায় নাগরিক বিড়ম্বনা চরমে উঠেছে। কিন্তু এ ভোগান্তি লাঘবে পৌর কর্তৃপক্ষের নেই কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ।ভুক্তভোগীদের অভিযোগ, গুরুদাসপুর পৌর শহরে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা প্রধান সড়ক দখল করে ইচ্ছামতো গড়ে তুলেন তাঁদের ব্যবসা। বিশেষ করে সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার সড়কজুড়ে হাট বসে। তখন এসব পথে মানুষ ও যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়ে।সরেজমিনে দেখা গেছে, শহরের মধ্য দিয়ে যাওয়া প্রধান সড়কগুলোতে বসে কাঁচা তরিতরকারি, শাড়ি-লুঙ্গি, চাল, ধান-পাটসহ কাঠ ও নৌকা বিক্রির মতো হরেক রকমের ব্যবসা। এসবের মধ্য দিয়ে অতি কষ্টে মানুষ হেঁটে যাতায়াত করলেও যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। বাস-ট্রাক চলাচলের জন্য একটি বাইপাস সড়ক থাকলেও তা দখল করে গড়ে উঠেছে কাঠ ও নৌকা বিক্রির হাট। উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়কটিও শ্যালোচালিত টেম্পু, ভটভটি, রেন্ট-এ-কার আর রিকশা-ভ্যানের দখলে থাকে।পৌর বাসিন্দা অধ্যাপক আতহার হোসেন অভিযোগ করেন, এটি একটি ‘ক’ শ্রেণীর পৌরসভা। এখানে হাট-বাজারের জন্য পৃথক জায়গায় থাকার কথা থাকলেও কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় যেখানে-সেখানে বসে হাট-বাজার। এতে নাগরিকসুবিধা ব্যাহত হলেও সে দিকে পৌর কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই।পৌর মেয়র মো. মশিউর রহমান বলেন, পৌরসভার আয়ের প্রধান উৎস হচ্ছে এই হাট। প্রতিষ্ঠালগ্ন থেকেই সড়ক দখল করে হাট বসছে। মানুষ এ অবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। হাট পরিচালনা কমিটির পক্ষে শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, সড়ক দখল করে হাট বসায় মানুষের ভোগান্তি হলেও পার্শ্ববর্তী গ্রামগুলোর বাসিন্দারা এর ওপর নির্ভরশীল। তা ছাড়া পৌরসভায় আর তেমন জায়গা নেই, যেখানে হাট সম্প্রসারণ করা যেতে পারে।