সড়কটি নিয়ে মানুষ ভোগান্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে বগুড়ার শেরপুরের সুঘাটগামী সড়কটি নিয়ে মানুষের কষ্ট দিন দিন বাড়ছে। সড়কটির বেশকিছু জায়গা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন সুঘাট ও মির্জাপুর ইউনিয়নের লোকজন যাতায়াত করে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের উদ্যোগ না নেওয়ায় গ্রামবাসীর দুর্ভোগ বেড়েই চলেছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা প্রকৌশল কার্যালয়ের তত্ত্বাবধানে এ সড়কটি নয় বছর আগে পাকা করা হয়। ওই সময় সড়কটি তৈরিতে ব্যয় হয় প্রায় ৭০ লাখ টাকা।সরেজমিনে দেখা যায়, সড়কটির বেশ কিছু স্থানের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অনেক গর্ত। কোথাও কোথাও ভেঙে যাচ্ছে। এ সড়কে নিয়মিত চলাচলকারী পার্শ্ববর্তী গ্রাম সাতারার মো. আসলাম হোসেন জানান, এলাকার কৃষকেরা এ পথ দিয়েই ফসল বাজারে নেন। গত ১০ বছর রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে আছে। কিন্তু কর্তৃপক্ষ এটি সংস্কারের কোনো উদ্যোগই নেয়নি।ওই সড়ক দিয়ে চলাচলকারী ভ্যানচালক সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সড়কডার গর্তুর মধ্যে ভ্যান পইরা গেলে ভাঙে যায়, যা কামাই করি, তা ভ্যান ঠিক করতেই শ্যাষ হয়।’ সুঘাটের হেলাল উদ্দিন জানান, এই সড়ক দিয়ে জরুরি প্রয়োজনে অসুস্থ লোকদের উপজেলা হাসপাতালে আনা-নেওয়া করতে হয়। রাস্তাটি খারাপ হওয়ায় তাদের নেওয়া অসাধ্য হয়ে ওঠে। বিশেষ করে যাঁরা গর্ভবতী মা, তাঁদের কষ্টের যেন শেষ নেই। তিনি দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাগর আলী জানান, সড়কটি দ্রুত সংস্কার করা না হলে এটি আবার নতুন করে তৈরি করতে হবে। তাতে সরকারের ব্যয় আরও বাড়বে।সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সাত্তার জানান, সড়কটি দিয়েই উপজেলার সুঘাট ও মির্জাপুর ইউনিয়নবাসী যাতায়াত করে। কিন্তু পার্শ্ববর্তী ধুনট উপজেলার সঙ্গেও যোগাযোগের সহজ পথ এটি। সড়কটি দ্রুত সংস্কার করা দরকার।উপজেলা প্রকৌশলী মো. শামছুজ্জামান জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ঢাকা থেকে বিভাগীয় প্রধানের কার্যালয়ের অনুমতি পেলেই সংস্কারকাজ শুরু করা সম্ভব। এ জন্য তিনি নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।