সড়কটির জন্য ভুগছে ২০ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের ছোনকা থেকে চোমর পাথালিয়াগামী সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছে এ সড়ক দিয়ে যাতায়াতকারী প্রায় ২০ গ্রামের জনগণ। চলাচলকারী বিভিন্ন গ্রামের লোকজন অভিযোগ করেন, সড়কটি নির্মাণের পর কোনো রকমের সংস্কারকাজ না করায় সড়কটি এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বর্ষার আগে যদি সড়কটি সম্পূর্ণরূপে সংস্কার না করা হয় তাহলে সড়কে বিভিন্ন স্থানে অবকাঠামো ভেঙে যাবে।সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই সড়কটির প্রায় আট কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়ে হয়েছে নানা খানা-খন্দ। উঠে গেছে বিভিন্ন স্থানের কার্পেটিং। এমনকি সড়কটির অবকাঠামো বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের ওপর জমে থাকে পানি। ফলে সড়কটি দিয়ে চলাচলকারী শত শত জনগণ এবং যানবাহনচালকদের দুর্ভোগের শেষ নেই।জানা যায়, এ সড়কটির ওপর দিয়ে প্রতিদিন স্বারো, হলদীবাড়ী, হাসড়া, সদর হাসড়া, চোমর পাথালিয়া, বানিয়াগাঁথি ও সুঘাট ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন যাতায়াত করে থাকে। এ সড়ক দিয়ে কৃষকদের জমিতে উৎপাদিত কৃষিপণ্য আনতে হয় আশপাশের হাটবাজারে।সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারীদের মধ্যে সুঘাটের কৃষক মো. সাঈদ জানান, চলতি মৌসুমে সুঘাটে ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু যোগাযোগব্যবস্থা খারাপের কারণে কৃষকেরা ঠিকমতো ফসল বাজারে তুলতে পারছেন না। অনেক কৃষককে বাড়ি থেকে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। দড়িহাসড়া গ্রামের আনোয়ার হোসেন জানান, রাতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে দ্রুত উপজেলা সদর হাসপাতালে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। হলদীবাড়ী গ্রামের আবদুল মজিদ ও আহসান হাবিব জানান, অনেক সময় লোকজন ভ্যানযোগে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। অসুস্থ রোগীরা দুর্ঘটনার কবলে পড়ে আরও অসুস্থ হয়ে পড়ছে। দড়িহাসড়া গ্রামের এলায়েত হোসেন, কদিম হাসড়া গ্রামের ইউনুছ আলী, ক্ষিদির হাসড়া গ্রামের খাদেম সরকার জানান সড়কটি দীর্ঘ চার-পাঁচ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকার কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন। খারাপ সড়কের কারণে যানবাহন চলাচল করে না। আবার কোনো সময়ে চলাচল করলেও বেশি টাকা গুনতে হয়। সুঘাট ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মনোয়ারা বেগম জানান, সড়কে যানবাহন ঠিকমতো চলাচল না করায় গ্রামের হাইস্কুল ও কলেজগামী মেয়েরা সমস্যায় পড়েছে।স্বরো গ্রামের মো. মোতালেব ও সুঘাটের ইউনিয়ন মেম্বার নূরুল ইসলাম জানান, সড়কটি সংস্কার করা হবে। উপজেলা প্রকৌশলী অফিসের মাধ্যমে তাঁদের জানানো হয়েছে। কিন্তু বর্ষার আগমন শুরু হলেও এখনো এটি সংস্কারসহ রক্ষণাবেক্ষণের কোনো কার্যক্রম শুরু হয়নি। তাঁরা জানান, বৃষ্টি শুরু হলে যদি কার্পেটিংয়ের কাজ করা হয়, তা হলে কোনো উপকার আসবে না। বরং ওই কাজে সরকারের টাকা অপচয় হবে। এ জন্য তাঁরা জনগণের সুবিধার্থে দ্রুত কাজ শুরুর দাবি জানান।সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সাত্তার জানান, এই সড়ক দিয়ে তাঁর ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন যাতায়াত করে। সংস্কারের অভাবে বিশেষ করে প্রসূতি মায়েদের সবচেয়ে বেশি কষ্টের শিকার হতে হয়। তিনি সংস্কারের কার্যক্রম দ্রুত করার জন্য উপজেলা প্রকৌশলী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শামছুজ্জামান জানান, চলতি বছরেই ওই সড়কটির সংস্কারের কাজ হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে বৃষ্টির মাত্রা বেশি হওয়ার আগেই তিনি সড়কটির কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেবেন।