সড়কে ট্রাকস্ট্যান্ড!
ধোলাইখাল ও নারিন্দা এলাকার সড়কগুলোর দুই পাশে দেখা যায়, অসংখ্য ট্রাক ও পিকআপ দাঁড়িয়ে আছে। মালিটোলা সড়কেরও একই দশা। পাঁচ ভাই ঘাট লেন ও লালমোহন সাহা স্ট্রিটের বেশির ভাগ জায়গা দখল করে সারি সারি ট্রাক ও পিকআপ দাঁড়িয়ে থাকে।এগুলোর জন্য টিপু সুলতান রোড, নারিন্দা মোড়, রায়সাহেব বাজার মোড়, পাঁচ ভাই ঘাট লেন, লালমোহন সাহা স্ট্রিটসহ পুরান ঢাকার বড় একটি অংশে যানজট লেগে থাকে। দয়াগঞ্জের রিকশাচালক আবদুল বারী জানান, দিনে একাধিকবার তাঁকে ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডের সামনে যানজটে পড়তে হয়। সড়কে কোনো সিগন্যাল না দিয়ে ট্রাকস্ট্যান্ড থেকে আড়াআড়িভাবে ট্রাক বের করার সময় সড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।লালমোহন সাহা স্ট্রিটের এইচ এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল ফজল জানান, তাঁর দোকানের সামনে ফুটপাত ঘেঁষে ট্রাক রাখার কারণে ক্রেতাদের দোকানে আসতে সমস্যা হচ্ছে। এতে তাঁর বেচাবিক্রি কমে গেছে।অনেক জায়গায় সড়কের পাশাপাশি ট্রাক ফুটপাতও দখল করে থাকে। এতে পথচারীদের পড়তে হয় বিড়ম্বনায়। পাঁচ ভাই ঘাট লেনের বাসিন্দা তারিকুল ইসলাম জানান, রাতে লোডশেডিংয়ের সময় ট্রাকস্ট্যান্ডের আশপাশে নেমে আসে ভুতুড়ে অন্ধকার। ওই পথ দিয়ে যাওয়ার সময় প্রায়ই পথচারীদের পড়তে হয় ছিনতাইকারীর খপ্পরে। দাঁড়িয়ে থাকা ট্রাকের আড়ালে তারা ওত পেতে থাকে।এলাকাবাসীর দাবি, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডটি অন্য জায়গায় সরিয়ে নিলে পুরান ঢাকার যানজট অনেক কমে যাবে।এদিকে ঢাকা ট্রাক ও মিনি ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়, ধোলাইখাল ও নারিন্দা এলাকায় ২৫০টি ট্রাক ও মিনি ট্রাক রয়েছে। কিন্তু ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে থাকতে পারে সর্বোচ্চ ১০০টি ট্রাক। তাই বাধ্য হয়ে সড়কের ওপর ট্রাক রাখা হয়। রাস্তায় ট্রাক দাঁড়িয়ে থাকতে দেওয়া হয় কেন, জানতে চাইলে নারিন্দা চৌরাস্তার মোড়ে দায়িত্বরত ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট আবুল বাশার জানান, সড়কের ওপর ট্রাক রাখার অপরাধে প্রায়ই মামলা করা হয়। দাঁড়িয়ে থাকা ট্রাক সরিয়ে দেওয়া হয়। কিন্তু এগুলো আবার চলে আসে।ধোলাইখাল-নারিন্দার যানজট বিষয়ে অভিযোগ জানানোর নম্বর: ০১৭১৩৩৭৩২২৭, ৯৫৭২২২৯ (ডিসি-ট্রাফিক-পূর্ব, ডিএমপি)।