সড়কে পাঁচ বছরের খরচের হিসাব চেয়েছেন হাইকোর্ট
সড়ক ও জনপথের উন্নয়নে গত পাঁচ বছরের বরাদ্দকৃত বাজেট কীভাবে খরচ হয়েছে এবং সর্বসাধারণের চলাচলের জন্য সড়কের উন্নয়নে এখন কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।গতকাল বুধবার মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নূরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।একই সঙ্গে সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এবং ওই ব্যর্থতার কারণে যেসব ঘটনা ঘটেছে, সে ব্যাপারে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত ১৮ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন।এ ছাড়া দুর্ঘটনা এড়াতে সড়ক বিভাগ দ্বারা চিহ্নিত ২১৬টি বিপজ্জনক বাঁকের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও জানাতে বলা হয়েছে।সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস কমিটির সভাপতি জেড আই খান পান্নার পক্ষে ১৪ আগস্ট হাইকোর্টে রিট করা হয়।গতকাল রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট সড়ক দুর্ঘটনা এড়ানো ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দিয়ে আদেশ দিয়েছেন হাইকোর্ট।আদালত বিগত পাঁচ বছরে ভারী এবং হালকা যানের জন্য কতগুলো লাইসেন্স দেওয়া হয়েছে এবং এসব যান চলাচলের উপযুক্ত কি না, তা নির্ধারণের জন্য কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে কি না, তাও জানাতে চেয়েছেন।এ ছাড়া ১৫ আগস্ট প্রথম আলোতে প্রকাশিত ‘সড়ক নিরাপত্তা উপেক্ষিত: নৌমন্ত্রীর চাপে ২০০৯ সালে ১০ হাজার লাইসেন্স দেওয়া হয়েছিল পরীক্ষা ছাড়া, এবার চান সাড়ে ২৪ হাজার’—এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।একই সঙ্গে চলাচলের অনুপযুক্ত যানবাহন এবং লাইসেন্সবিহীন ও অবৈধ লাইসেন্সধারী চালক এবং গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহারকারী চালকদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও জানাতে হবে।আদালত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালককে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং সুপারিশসহ আদালতে পূর্ণ প্রতিবেদন দাখিল করতে এবং ২০১০ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনার সব প্রতিবেদন তৈরি ও সুপারিশ ১৭ অক্টোবরের মধ্যে দাখিল করতে বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন। রিট আবেদনের শুনানি: গতকাল আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম। তাঁকে সহায়তা করেন আইনজীবী সারা হোসেন ও ইকবাল কবির লিটন। এ ছাড়া শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসিও অভিমত দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।শুনানিতে রিট আবেদনের পক্ষে বলা হয়, সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র নাগরিকদের ওই নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছেন। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। যে পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটছে, তার অনুপাতে মামলা হচ্ছে না। সংস্কারের অভাবে অনেক সড়ক বন্ধ হয়ে গেছে। সংবাদপত্রে খবর বেরিয়েছে ২০০৯ সালে নৌপরিবহনমন্ত্রীর চাপে পরীক্ষা ছাড়া ১০ হাজার চালককে লাইসেন্স দেওয়া হয়েছিল। এবার ২৪ হাজার চালককে পরীক্ষা ছাড়াই লাইসেন্স দিতে তিনি চাপ দিচ্ছেন।