সড়কে বাসের পাল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা পার্ক থেকে শিশুপার্কের দিকে যাচ্ছিলেন শাহেদ। এদিক-সেদিক তাকিয়ে সতর্কতার সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। কিন্তু কোথা থেকে যে কী হলো, হঠাৎ করে শাহবাগ মোড় থেকে পাল্লা দিয়ে ছুটে আসা দুটি মিনিবাসের মধ্যে পড়ে যান তিনি। অগত্যা সেখানেই তাঁর জীবনের পরিসমাপ্তি ঘটল।ঢাকার মহাসড়কগুলোর মধ্যে এ যেন একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। এ যেন দ্রুতবাহী গাড়ির প্রতিযোগিতার খেলা। কার আগে কে যাবে এ প্রতিযোগিতায় প্রতিনিয়ত ব্যস্ত তারা। বিশেষ করে যাত্রী তোলার জন্য মোড়গুলোর আগে পাল্লা দেওয়ায় ব্যস্ত হয়ে পড়ে তারা। কে কার আগে যাবে গন্তব্যে এবং যাত্রী তুলবে। এই প্রতিযোগিতার মধ্যে পড়ে প্রাণ হারান অসহায় পথচারী ও বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীরা। দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হচ্ছেন, পঙ্গু হচ্ছেন সাধারণ যাত্রীরা। ২৮ জুন রমনা পার্কের সামনে দুটি মিনিবাস পাল্লা দিতে গিয়ে ফুটপাতের ওপর উঠে যায় এবং এতে প্রাণ হারান দুই যুবক। এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পরও ব্যস্ত সড়কগুলোয় যানবাহনের প্রতিযোগিতা থেমে নেই। কে কার আগে যাবে এ নিয়ে চলে প্রতিযোগিতা। এতে আইনের কোনো তোয়াক্কা করে না তারা। রাস্তায় ট্রাফিক পুলিশের সামনেই ঘটছে এ রকম ঘটনা। যথাযথ আইনের প্রয়োগের অভাবেই কি ঘটছে এ রকম ঘটনা, না বাসের চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও সতর্কতার অভাবেই ঘটছে এসব ঘটনা? এ খতিয়ে দেখবে কে? যথাযথ কর্তৃপক্ষ যদি এর বিরুদ্ধে কঠোর হয় এবং রাস্তায় এ ধরনের পাল্লা দেওয়া বাসগুলো দেখামাত্র যদি আইনি ব্যবস্থা গ্রহণ করে, তাহলে এর থেকে রেহাই পাওয়া যাবে। পাদটীকা: ঢাকা মহানগর পুলিশ আইনের ৬৫ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি রাস্তায় গাড়ি চালানোর সময় যদি যথেষ্ট কারণ ব্যতীত রাস্তার বাম পাশে থাকতে ব্যর্থ হয়, অথবা একই দিকে চলমান কোনো গাড়িকে অতিক্রম করার সময় সেই গাড়ির ডান পাশে থাকতে ব্যর্থ হয়, অথবা পুলিশ কর্তৃক প্রণীত কোনো যানবাহন বিধি লঙ্ঘন করে, তবে ২০০ টাকা পর্যন্ত জরিমানাদণ্ডে দণ্ডনীয় হবে।