আবদুল্লাহপুর থেকে নগরের ভেতর দিয়ে সড়কপথে ডেমরা যেতে দুই থেকে চার ঘণ্টা সময় লাগছে। অথচ সরকারের পরিকল্পনায় থাকা ‘পূর্বাঞ্চলীয় শহররক্ষা বাঁধ কাম বাইপাস সড়ক’ প্রকল্প বাস্তবায়ন করা হলে ঘণ্টা খানেক সময়েই আবদুল্লাহপুর থেকে ডেমরায় যাতায়াত করা যাবে। তবে এক দশকেও পরিকল্পনাটি বাস্তবায়নের মুখ না দেখায় এর আশা ছেড়েই দিয়েছে নগরের পূর্বাঞ্চলের বাসিন্দারা।অনুসন্ধানে জানা যায়, ২০০০ সালের দিকে টঙ্গী থেকে ডেমরা পর্যন্ত ৩৬ কিলোমিটার দীর্ঘ পূর্বাঞ্চলীয় শহররক্ষা বাঁধ কাম বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়, যাতে বাঁধের শহরের ভেতরের দিকের একটু নিচু অংশে সড়ক হওয়ার কথা। বেড়িবাঁধ কাম সড়কটি নির্মাণে দুই হাজার ৮৩০ হেক্টর ভূমি অধিগ্রহণ করা দরকার। এই ভূমি থেকে সামান্য কিছু অংশ অধিগ্রহণ করা ছাড়া আর কোনো কাজই এগোয়নি এক দশকে। সম্প্রতি পূর্বাঞ্চলীয় বেড়িবাঁধ সড়ক নির্মাণ প্রকল্পের নথিপত্র আবার নড়েচড়ে উঠেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে পুরো প্রকল্পের একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে পাউবোর প্রধান প্রকৌশলী (সেন্ট্রাল জোন) হুমায়ুন কবীর জানান, পুরো প্রকল্পের সঙ্গে সাতটি সরকারি সংস্থা জড়িত। এগুলো আবার বিভিন্ন মন্ত্রণালয়ের আওতায় আছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই কেবল সব সংস্থার সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা সহজ হবে।প্রকল্পের কাজ শুরু হবে কবে, জানতে চাইলে হুমায়ুন কবীর জানান, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া শেষ হতে চলতি অর্থবছর লেগে যাবে। সে ক্ষেত্রে এই অর্থবছরে কাজ শুরু করা যাবে কি না, এখন বলা সম্ভব নয়। তবে আগামী চার-পাঁচ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। তাঁর কথা ঠিক থাকলে পাঁচ বছর পরে পূর্বাঞ্চলীয় বেড়িবাঁধের সড়কে গাড়ি চলবে। আর ঢাকার চারপাশ ঘিরে একটি বৃত্তকার সড়কপথ দেখতে গত এক দশকের অপেক্ষার পর আরেক দফা পাঁচ বছর অপেক্ষা করতে হবে নগরবাসীকে।