সড়কের দুই পাশে মাটি সরিয়ে নেওয়ায় দুর্ভোগ, কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার বরাদ্দ নেই বলে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত অংশ প্রশস্ত করার কাজ থমকে আছে। সড়ক প্রশস্ত করার জন্য রাস্তার দুই পাশ থেকে মাটি সরিয়ে নেওয়ায় বিশাল আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কের এই অংশ যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পর্যটন জেলা রাঙামাটি ও খাগড়াছড়ি ছাড়াও চট্টগ্রামের উত্তর রাউজান, হাটহাজারী, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাত্রীরা এই সড়ক দিয়ে চলাচল করে। খোঁজ নিয়ে জানা গেছে, অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ চার লেন সড়কের জন্য ১২৯ কোটি ৫১ লাখ টাকা অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০০৯ সালের ১ জুলাই থেকে প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, তিন বছরে প্রকল্পটি বাস্তবায়নের জন্য দুই দফায় মাত্র ১১ কোটি টাকা পাওয়া গেছে। এতে প্রকল্পের ১০ শতাংশ কাজও শেষ হয়নি। অর্থের অভাবে কাজ স্থবির হয়ে আছে। সওজ সূত্র আরও জানায়, প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ছিল আগামী বছরের ৩১ ডিসেম্বর। টাকার অভাবে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর করা হয়েছে।সওজের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘২০০৯ সালের ১ জুলাই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। দুটি অর্থবছরে আমরা ১১ কোটি টাকা পেয়েছি। চলতি অর্থবছরে আরও ২০ কোটি টাকার জন্য তাগাদা দিয়েছিলাম। টাকা পাওয়া যায়নি। আগামী অর্থবছরে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য অপেক্ষা করছি।’ সওজ সূত্র জানায়, অক্সিজেন-হাটহাজারী সড়কে গাড়ি চলাচলের হার বেড়ে যাচ্ছে। সম্প্রতি সওজ একটি জরিপ করেছে। তাতে ওই সড়কে প্রতিদিন গড়ে ১০ হাজারের বেশি গাড়ি চলাচল করে, যার মধ্যে বড় গাড়ির সংখ্যা প্রায় ৫৫ শতাংশ। গাড়ির চালকেরা জানান, বিশাল আকারের গর্তের কারণে সড়কটিতে ঝুঁকি বেড়ে গেছে। দুর্ঘটনা এড়ানোর জন্য সড়কের কোথাও কোথাও গাড়ির গতি কমিয়ে পাঁচ-ছয় কিলোমিটারে নামিয়ে আনা হচ্ছে। দুই পাশে রাস্তা চওড়া করতে গর্ত করা হয়। রাস্তার দুই পাশে মাটি সরিয়ে নেওয়ায় পিচঢালা সড়ক সরু হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, মফস্বল এলাকা বলে গ্রামাঞ্চলের মানুষ রিকশায় যাতায়াত করে। কিন্তু সড়কের দুই পাশে মাটি সরিয়ে নেওয়ায় স্থানীয় লোকজনের চলাফেরায় সমস্যা হচ্ছে। রাস্তা পারাপারের ক্ষেত্রেও বিড়ম্বনায় পড়ছেন তাঁরা। সওজ সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ছাড়াও ১২ কিলোমিটার সড়কের দুই পাশে ১০টি বাজার রয়েছে। বাজারের কারণেও গাড়ির চলাচলের গতি কমিয়ে আনতে বাধ্য হচ্ছেন চালকেরা।জানতে চাইলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘এবারের বাজেটে অর্থ বরাদ্দ পাওয়া গেলে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করার চেষ্টা থাকবে। তাই বাজেট ঘোষণার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আশা করছি এবারের বাজেটে আমরা প্রয়োজনীয় অর্থ পেয়ে যাব।’