সড়কের সংস্কারকাজ ফেলে ঠিকাদার উধাও
বগুড়া-সান্তাহার সড়কের সংস্কারকাজ অসমাপ্ত রেখে ঠিকাদার উধাও হয়েছেন। ফলে ব্যস্ততম এই সড়কে সৃষ্টি হওয়া অসংখ্য খানাখন্দের মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে ঠিকাদার উধাও হলেও কার্যাদেশ বাতিল না হওয়ায় বিপাকে পড়েছে বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।জানা গেছে, দাতা সংস্থা জেডিসিএফ ও ডিএফআইডির অর্থায়নে ২০০৮-০৯ অর্থবছরে বগুড়া-সান্তাহার সড়কের বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল (চারমাথা) থেকে ২৬ কিলোমিটার সড়কের সংস্কার ও মেরামতের জন্য সওজের প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে দরপত্র ডাকা হয়। আট কোটি ২৬ লাখ টাকায় ঢাকার মেসার্স রাইজিং কনস্ট্রাকশন কাজটি পায়। ২০০৯ সালের মার্চে ঠিকাদারি প্রতিষ্ঠানটির নামে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশের শর্ত অনুযায়ী ২০১০ সালের জানুয়ারি মাসেই কাজ শেষ করার কথা বলা হয়। কিন্তু নির্মাণসামগ্রীর দাম বাড়ার কারণ দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৮ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। বর্ধিত সময়ের মধ্যে পুরো সড়কটির সংস্কারের কথা থাকলেও পাঁচ মাসে মাত্র সাড়ে ছয় কিলোমিটারের কাজ করে বিল তুলে ঠিকাদার উধাও হয়ে যান।সরেজমিনে দেখা গেছে, সড়কের কয়েক শ গজজুড়ে অসংখ্য খানাখন্দ। সড়কে চলাচলকারী যানবাহনের চালকেরা জানান, খানাখন্দের কারণে যানবাহনের যন্ত্রাংশ বিকল হওয়ার পাশাপাশি প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কাহালু থানার কালিয়াপুর নামক স্থানে রাস্তার পাশে ঠিকাদারের রোলার পেভার মেশিন ও জেনারেটর ফেলে রাখা হয়েছে। এলাকাবাসী জানান, তিন মাস ধরে এগুলো এখানে পড়ে থাকলেও কেউ খোঁজখবর নিতে আসে না।সওজের বগুড়ার কর্মকর্তারা সংস্কারকাজ তদারকি করতে গিয়ে জানতে পারেন, যে প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ দেওয়া হয়েছে, তা বিক্রি করে দেওয়া হয়েছে রাজশাহীর অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে। এরপর গত তিন মাসেও ঠিকাদারের পক্ষ থেকে আর কেউ যোগাযোগ করেননি সংশ্লিষ্ট দপ্তরে। সংশ্লিষ্ট ঠিকাদারকে বারবার চিঠি দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সওজ বগুড়ার উপবিভাগীয় প্রকৌশলী রাশেদ করিম। তিনি আরও জানান, একাধিকবার চিঠি ও মুুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ঠিকাদারদের কাউকে না পেয়ে কার্যাদেশ বাতিলের জন্য প্রধান প্রকৌশলীর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। তাই নতুন দরপত্র ডাকা যাচ্ছে না। সংস্কারকাজে ব্যবহূত ঠিকাদারি প্রতিষ্ঠানের রোলার ও পেভার মেশিন রাস্তার পার্শ্বে অরক্ষিত অবস্থায় এখনো পড়ে রয়েছে।