সয়াবিন তেল ও অন্যান্য পণ্যে আগাম আয়কর প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সয়াবিন তেল, পাম অয়েল, বাতিল জাহাজসহ (স্ক্রাপ জাহাজ) বেশ কয়েকটি পণ্যের ওপর থেকে আগাম আয়কর (এআইটি) প্রত্যাহার করার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম সাংবাদিকদের জানান, সয়াবিন তেল, পাম অয়েল, সয়াবিন বীজ, ক্যানোলা বীজ, সরিষার বীজ, সূর্যমুখীর বীজ ও বাতিল জাহাজের ওপর থেকে এআইটি প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে। এসব পণ্য আমদানি করতে গিয়ে ব্যবসায়ীদের খরচ বেশি পড়ছে। যে কারণে স্থানীয় বাজারে এসব পণ্যের দাম বেশি।সচিবালয় সূত্র জানায়, বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, ৭৯টি কম প্রয়োজনীয় পণ্যের আমদানি নিরুত্সাহিত করার চিন্তা করছে মন্ত্রণালয়। এ জন্য প্রাথমিকভাবে ২৫৮টি পণ্যের তালিকা তৈরি করা হয়। কমিটি এসব পণ্যের ওপর রেগুলেটরি ভ্যাট আরোপ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। মন্ত্রণালয় কয়েক দিনের মধ্যে এই তালিকা কমিটির কাছে পাঠাবে। জানা গেছে, এসব পণ্যের মধ্যে বিদেশি বিস্কুট ও কয়েক প্রকার ফল রয়েছে।এ ছাড়া বৈঠকে ভোজ্যতেলের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে কমিটির সভাপতি জানান, কমিটি দ্রুত ভোজ্যতেলের দাম কমানোর বিষয়ে মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলেছে। ভোজ্যতেলের কাঁচামাল আমদানিতে একটু সমস্যা হচ্ছে। তবে দ্রুত এর দাম নাগালের মধ্যে চলে আসবে।কমিটির সভাপতি আবুল কাসেম বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও বাণিজ্য মন্ত্রী জি এম কাদের, মো. আবুল কাশেম, মো. জয়নাল আবেদীন ও শেখ আফিল উদ্দিন বৈঠকে অংশ নেন। এ ছাড়া বাণিজ্যসচিব মো. গোলাম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।