সয়াবিন তেলের দাম আবার বাড়ল
সব ধরনের সয়াবিন তেলের দাম আবার বাড়িয়ে দিয়েছে তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হলো দাম।গত ১০ দিনে মিলগেটে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে আট টাকা। খুচরা দোকানে তা বিক্রি হচ্ছে ১২০ টাকা পর্যন্ত। আর বোতলজাত সয়াবিনের দাম বাড়ানো হয়েছে দুই লিটারে দুই টাকা।দাম বাড়ানোর অজুহাত হিসেবে ব্যবসায়ীরা সব সময় আন্তর্জাতিক বাজারের দোহাই দেন। কিন্তু এমন সময় সয়াবিন তেলের দাম বাড়ানো হলো, যখন আন্তর্জাতিক বাজারে ক্রমেই তেলের দাম কমছে। অতিরিক্ত মুনাফা করার জন্যই দাম বাড়ানো হয়েছে বলে জানা গেছে।তেলের দামের হালচাল: কয়েক মাস ধরেই খোলা সয়াবিন তেলের বাজার ছিল স্থির। গত ২০ জুলাই সরকার পরিবেশকদের জন্য মিলগেটে ১০৫, খুচরা পর্যায়ে ১০৭ ও ভোক্তাপর্যায়ে ১০৯ টাকা দরে সয়াবিন তেল বিক্রির দর বেঁধে দেয়। তবে বাজারের চাহিদা কম থাকায় নির্ধারিত দরের চেয়ে কম দামে তেল বিক্রি করতে বাধ্য হন ব্যবসায়ীরা। তখন মিলগেটে তেল বিক্রি হয় ৯৯ টাকা লিটার। কোরবানির ঈদের পরও এই দর স্থির ছিল।১৪ নভেম্বর থেকে মিলগেটে সয়াবিন তেলের লিটারপ্রতি দাম তিন থেকে চার টাকা বাড়িয়ে দেন মিলমালিকেরা। গত সপ্তাহে খোলা সয়াবিন তেল মিলগেটে ১০৩ থেকে ১০৫ টাকায় বিক্রি হয়। চলতি সপ্তাহে তা আরও বাড়িয়ে ১০৭ টাকা করা হয়েছে।টিনজাত সয়াবিন তেলের দামও বাড়ানো হয়েছে। রাজধানীর মৌলভীবাজারের পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ীরা জানান, ১০ দিন আগেও সিটি গ্রুপের তীর মার্কা টিনজাত (১৬ লিটার) ভোজ্যতেলের দাম ছিল এক হাজার ৭২৭ টাকা। লিটারপ্রতি চার টাকা করে বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় এক হাজার ৭৯১ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে এক হাজার ৮৫৫ টাকায়।বাংলাদেশ ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, বাজারে সয়াবিন তেলের সংকট চলছে। মিল থেকে সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে তেলের সংকট দেখা দিয়েছে। মজুদ সীমিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম নিম্নমুখী হওয়ার পরও তেলের দাম বাড়িয়ে দিয়েছে মিলগুলো।দাম কেন বাড়ল: আন্তর্জাতিক বাজারতথ্য নিয়ে কাজ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ (সিএমই) গ্রুপ। তাদের তথ্যে দেখা যায়, চলতি বছরের ১৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ছিল টনপ্রতি এক হাজার ২৭১ ডলার, ১৮ জুলাই ছিল এক হাজার ২৬৪ এবং ১ নভেম্বর এক হাজার ১১৯ ডলার। এই দর ২১ নভেম্বর আরও কমে হয় এক হাজার ৯৯ ডলার। একই ধরনের তথ্য পাওয়া যায় ইনডেক্স মুন্ডির ওয়েবসাইট থেকেও।মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল দাম বেশি নেওয়া প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় কিছুদিন আগেও ১০৯ টাকার তেল ৯৯ টাকায় বিক্রি করা হয়েছে। এখন লোকসান কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য দাম একটু বাড়ানো হয়েছে।’ তিনি বলেন, ‘চিনিতে আমরা লোকসান দিচ্ছি। কিছুদিন আগেও সয়াবিন তেলে লোকসান দিয়েছি। আমাদের তো ব্যবসাও করতে হবে।’খোলা তেল সোনার হরিণ: গত দুই দিন রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে খুচরা দোকানে খোলা সয়াবিন তেলের খুব একটা দেখা মেলেনি। কেবল কাঁচাবাজারগুলোতে খোলা তেল বিক্রি হচ্ছে, সেটাও বেশি দামে। কারওয়ান বাজারে একজন তেল বিক্রেতা জানান, কারও কাছে ১২০ টাকা, কারও কাছে ১১৫ টাকায়ও তেল বিক্রি করেন। হাতিরপুল বাজারের দু-তিনটি দোকানে খোলা সয়াবিন বিক্রি হয়েছে ১১৬ থেকে ১২০ টাকা লিটারে।পাইকারি বাজারেও খোলা সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, বেশি দাম দিয়েও মৌলভীবাজার থেকে সয়াবিন তেল সংগ্রহ করতে পারেননি তাঁরা। আর পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মিল থেকে সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে খোলা সয়াবিনের সংকট দেখা দিয়েছে।