সয়াবিনের দাম এক লাফে বাড়ল লিটারে ১৩ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোতলজাত সয়াবিনের দাম এক দিনেই লিটারপ্রতি বেড়েছে কোম্পানিভেদে ছয় থেকে ১৩ টাকা পর্যন্ত।গতকাল মঙ্গলবার সকালে বাড়তি দামে খুচরা দোকানে বোতলজাত সয়াবিন সরবরাহ করে কয়েকটি কোম্পানি। এরপর দুপুর থেকে একলাফে লিটারপ্রতি ছয় থেকে ১৩ টাকা বেশি দরে বিক্রি হতে থাকে। অথচ আন্তর্জাতিক বাজারে এর আগে সয়াবিনের দাম বাড়লেও এখন কমতির দিকে।খুচরা ভোজ্যতেল ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ানোর অনেক আগে থেকেই কোম্পানিগুলো বাজারে আমদানি কমিয়ে দেয়। পরিবেশকেরাও বিক্রি কমান। এতে বাজারে সংকট দেখা দেয়। জানা গেছে, স্থানীয় একটি বড় কোম্পানি দুই মাস ধরে তেল আমদানি বন্ধ রাখে। এ কারণেও বাজারে সংকট দেখা দেয়। আর এই পরিস্থিতিতেই কোম্পানিগুলো গতকাল একলাফে লিটারপ্রতি সর্বোচ্চ ১৩ টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দেয়।পুরান ঢাকার মৌলভীবাজারের শুভ এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম জানান, কোরবানির ঈদের আগে থেকেই বোতলজাত তেলের সরবরাহ ছিল কম। গত সোমবার থেকেই দাম বাড়ার গুঞ্জন শুরু হয়। আর গতকাল বাড়ানো হলো দাম।মৌলভীবাজারের ব্যবসায়ীরা জানান, রূপচাঁদা ব্র্যান্ডের আট লিটার বোতলের দাম ছিল ৭৬২ টাকা, গতকাল তা ৮৬৬ টাকায় বিক্রি হয়েছে। আর ৪৮৪ টাকার পাঁচ লিটার বোতলের দাম বাড়িয়ে ৫৪৯ টাকা করা হয়েছে। এ ছাড়া ১৯৫ টাকা ৫০ পয়সার দুই লিটার তেলের দাম এখন ২২১ টাকা ৫০ পয়সা এবং ১০১ টাকার এক লিটারের বোতল ১১৪ টাকায় বিক্রি হচ্ছে। বোতলের গায়ে নতুন মূল্য ২২ নভেম্বরের কথা উল্লেখ রয়েছে। এই কোম্পানির ভোজ্যতেলের দাম বেড়েছে লিটারপ্রতি ১৩ টাকা।একইভাবে সিটি গ্রুপের তীর মার্কা ৭১০ টাকার আট লিটার বোতল ৭৯০ টাকা, ৪৫৪ টাকার বোতল ৫০৪ টাকা, ১৮৪ টাকার বোতল ২০৪ টাকা এবং ৯৫ টাকার বোতল ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সিটি গ্রুপ প্রতি লিটারে দাম বাড়িয়েছে ১০ টাকা। আর পুষ্টি কোম্পানির ৭০২ টাকার আট লিটারের বোতল ৮০৬ টাকা, ৪৪৯ টাকার পাঁচ লিটারের বোতল ৫১৪ টাকা, ১৮২ টাকার দুই লিটারের বোতল ২০৮ টাকা এবং ৯৫ টাকার এক লিটারের বোতল ১০৮ টাকায় বিক্রি হচ্ছে। এই কোম্পানি প্রতি লিটারে দাম বাড়িয়েছে ১৩ টাকা। মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের প্রতি লিটার বোতলজাত তেলের দাম বাড়ানো হয়েছে ১২ টাকা।চট্টগ্রাম থেকে মাসুদ মিলাদ জানান, পাইকারি বাজারে এখনো খোলা সয়াবিনের দাম কমছে। ঈদের আগে পাইকারি বাজারে কেজিপ্রতি খোলা সয়াবিনের দাম ছিল মণপ্রতি তিন হাজার ৫৫০ টাকা। দাম কমে গতকাল তা হয়েছে তিন হাজার ৪৫০ টাকা। খোলা সয়াবিন খুচরায় বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৯৫ টাকায়, লিটার হিসেবে প্রায় ৮৬ টাকা।চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ভোজ্যতেলের আমদানি এখন স্বাভাবিক পর্যায়ে আছে। প্রতি মাসে দেশে ভোজ্যতেলের চাহিদা প্রায় এক লাখ মেট্রিক টন। চাহিদার প্রায় ২০ শতাংশই বোতলজাত আকারে বিক্রি হয়। আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে টিকে গ্রুপের পরিচালক তারিক আহমেদ প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম বাড়তে বাড়তে টনপ্রতি এক হাজার ২৩০ মার্কিন ডলার দর ওঠে। তবে এখন কমতে শুরু করেছে। দাম কমে দুই দিন আগে এক হাজার ১৭০ মার্কিন ডলার দরে বিক্রি হয়। এই দরের চেয়ে স্থানীয় বাজারে এখনো দর কম। ভোজ্যতেলের মজুদ পর্যাপ্ত আছে বলেও তিনি জানান।