সয়াবিনের দাম বাড়ার কারণ
শীতকালে সয়াবিন তেলে পামওয়েল মেশানো হলে তা জমে যায়। তাই প্রতিবারের মতো এবারও ব্যবসায়ীরা সয়াবিন তেলে অপেক্ষাকৃত কম দামের পামওয়েল মেশানো বন্ধ রেখেছে। সম্প্রতি এটাই সয়াবিন তেলের দাম বাড়ার একমাত্র কারণ।আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে একই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে। সংসদ ভবনে কমিটির এই বৈঠক হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম সংবাদ ব্রিফিংয়ে জানান, বর্তমানে বাজারদর নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভোজ্যতেলের দাম একটু বেড়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়েছে। ব্যবসায়ীরা শীতে এলসি খোলা কমিয়ে দিয়েছেন। এ ছাড়া কিছু টেকনিক্যাল সমস্যা আছে। যে কারণে বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে। কমিটির পক্ষ থেকে সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখার সুপারিশ করা হয়েছে। প্রয়োজনে দেশে সয়াবিন চাষ সম্প্রসারণের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ আলোচনারও পরামর্শ দেওয়া হয়।তবে বৈঠক সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব গোলাম হোসেন কমিটিকে জানিয়েছেন, ব্যবসায়ীরা গরমের সময়ে সয়াবিন তেলে কম দামের পামওয়েল মিশিয়ে তা বাজারে বিক্রি করে। কিন্তু শীতে পামওয়েল জমে যায় বলে তা সয়াবিনে তেলে মেশানো সম্ভব হয় না। এ সময়ে পামওয়েল আমদানিও প্রায় বন্ধ হয়ে যায়। যে কারণে বাজারে সয়াবিন তেলে দাম বেড়েছে।বৈঠকে মন্ত্রণালয় থেকে জানানো হয়, চা চাষযোগ্য ৫০ শতাংশ জমি চা-চাষের আওতায় আনা, হেক্টরপ্রতি গড় উত্পাদন এক হাজার ২৪০ কেজি থেকে এক হাজার ৫০০ কেজিতে উন্নীত করা এবং চা-শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য ১২ বছর (২০১০-২০২১) মেয়াদি ‘কৌশলগত উন্নয়ন পরিকল্পনা’ গ্রহণ করা হয়েছে। কমিটির পক্ষ থেকে ৬০ বছরের পুরোনো চা-গাছ উপড়ে ফেলে নতুন গাছ লাগানোর মাধ্যমে উত্পাদন বাড়ানোর সুপারিশ করা হয়।কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য টিপু মুনশি, রুমানা মাহমুদ, জয়নাল আবেদীন ও শেখ আফিল উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব গোলাম হোসেন, চা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুল হাসান, টিসিবির চেয়ারম্যান সরোয়ার জাহান প্রমুখ।