সয়াবিনের পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সয়াবিন তেলের ওপর থেকে পরিশোধিত পর্যায়ে পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার এবং এক লাখ মেট্রিক টন সাদা চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।গতকাল সোমবার মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রী-সচিব ও প্রতিষ্ঠানপ্রধানের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে দায়িত্বশীল সূত্র জানায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, কৃষিসচিব সি কিউ মুস্তাক আহমেদ, খাদ্যসচিব বরুণ দেব মিত্র, বাণিজ্যসচিব গোলাম হোসেন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।সূত্র জানায়, সভায় দেশের খাদ্য মজুদের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যবসায়ী; বিশেষ করে, চাল ও গম আমদানিকারকদের জন্য ব্যাংক ঋণের সুদ ১২ শতাংশ নির্ধারণ করা নিয়েও আলোচনা করা হয়। তবে এ বিষয়ে বেসরকারি ব্যাংকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দায়িত্ব দেওয়া হয়। বৈঠক থেকে অবিলম্বে এক লাখ টন পরিশোধিত চিনি আমদানি করতে শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।বৈঠকে চালকল ও চাতালের মালিকদের দেওয়া ঋণ পরিশোধের সময়সীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। বর্তমানে ঋণ পরিশোধের জন্য ৩০ দিন হলেও বাস্তবে এ সময়সীমা কারও পক্ষে মানা সম্ভব হয় না বলে গভর্নর বৈঠকে জানান। চাতালের মালিকেরাও দীর্ঘদিন থেকে এ দাবি জানিয়ে আসছিলেন।সূত্র জানায়, বৈঠকে পুনর্বহাল করা মজুদবিরোধী আইন আবার বাতিল করার বিষয়ে ব্যবসায়ীদের দাবি নিয়েও আলোচনা হয়। তবে আপাতত এ আইন বহাল রাখার পক্ষেই সিদ্ধান্ত হয়েছে।ব্যক্তি খাতে যে পরিমাণ চিনি উৎপাদিত হয়, তার ৫০ শতাংশ উদ্বৃত্ত থাকছে—চিনিকলের মালিকদের এ রকম দাবির পরিপ্রেক্ষিতে চিনি রপ্তানির সম্ভাবনা নিয়ে বৈঠকে কথা হয়। তবে এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে অর্থমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।বৈঠকে খাদ্য, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় যৌথভাবে পিক সময়ে আন্তর্জাতিক বাজার থেকে সরকার থেকে সরকার পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানির জন্য একটি সংগ্রহ দিনপঞ্জি (প্রকিউরমেন্ট ক্যালেন্ডার) তৈরি করার সিদ্ধান্ত হয়।নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার স্বল্পতা দূর করার জন্য গভর্নরকে দায়িত্ব দেওয়া হয়।খোলা বাজারে চাল বিক্রি, ডিলারের সংখ্যা বাড়ানো, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি জোরদার করার পাশাপাশি এর ওপর নিবিড় তদারকের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।সভায় চট্টগ্রাম বন্দরের অদক্ষতার প্রশ্ন তুলে বলা হয়, অদক্ষতা ও জটের কারণে প্রতি কেজি চালের খরচ বেড়ে যায় দুই টাকা। এ জন্য বন্দর ব্যবস্থাপনার উন্নয়ন জরুরি। এ ছাড়া মংলা বন্দরের মাধ্যমে ৪০ শতাংশ খাদ্যপণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্যপণ্য আমদানির জন্য সড়ক ও রেলপথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে সড়কপথে ট্রাক ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত হয়।সভায় বলা হয়, বাজার-পরিস্থিতি ও আড়তদার, চালকলের মালিকদের ওপর জেলা প্রশাসকেরা এখন থেকে তদারক করবেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।সভায় চিনি, ভোজ্যতেল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা জরুরিভাবে আমদানির জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) দায়িত্ব দেওয়া হয়। টিসিবি ও সেনাকল্যাণ সংস্থাকে যৌথভাবে ঢাকা ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি চালু করারও দায়িত্ব দেওয়া হয়েছে।সভায় আমদানি করা খাদ্যশস্য দ্রুত খালাস করতে বন্দরে চারটি বাথ সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নৌপরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সবশেষে সভায় মিয়ানমার, কেনিয়া ও উগান্ডায় জমি ইজারা নিয়ে খাদ্য উৎপাদন বাড়ানোর বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে দায়িত্ব দেওয়া হয়।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা: এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর গতকাল বাংলাদেশ ব্যাংক দেশের ধান-চাল ব্যবসায়ী ও চাতাল মিল-কারখানার মালিকদের ব্যাংকের ঋণ পরিশোধের সময়সীমা শিথিল করেছে।গতকাল কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে জানিয়েছে, প্লেজ ও হাইপোথিকেশনের বিপরীতে রিভলভিং সিসি/ওডি ঋণের ক্ষেত্রে স্থানীয় মিল-মালিকসহ ধান-চাল ব্যবসায়ীদের গৃহীত ঋণ বা অগ্রিম সর্বোচ্চ ৪৫ দিন অন্তর বাধ্যতামূলকভাবে পরিশোধ বা সমন্বয় করতে হবে। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর জারি করা এক নির্দেশনায় এই সময়সীমা ৩০ দিন নির্ধারণ করা হয়েছিল। দেশের সব ব্যাংককে এই নতুন সময়সীমা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া গতকাল আরেক সার্কুলার লেটারে বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংককে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে অর্থায়ন করার বা ঋণ দেওয়ার বিপরীতে সর্বোচ্চ ১২ শতাংশ হারে সুদ নির্ধারণ ও আদায়ের বিষয়টি নিশ্চিত করতে বলেছে।কেন্দ্রীয় ব্যাংকের পত্রে বলা হয়েছে, ২০১০ সালের মে মাসে একটি সার্কুলারের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভোজ্যতেল (পরিশোধিত ও অপরিশোধিত), ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, খেজুর, ফলমূল ও চিনি আমদানিতে অর্থায়নের ক্ষেত্রে সুদের হার সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ করা হয়।কিন্তু কেন্দ্রীয় ব্যাংক লক্ষ করেছে, কোনো কোনো ব্যাংক উল্লিখিত পণ্য আমদানির ক্ষেত্রে ১২ শতাংশের বেশি হারে সুদ ধার্য করছে। এটাকে নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে তা মেনে চলার জন্য বলেছে বাংলাদেশ ব্যাংক।