সম্প্রতি পেশাদার লিগ নিয়ে বেশ হইচই হচ্ছে, বিশেষ করে, শেখ জামাল ক্লাবের অন্তর্ভুক্তি বিতর্কের আগুনে বেশি করে ঘি ঢেলেছে। পেশাদার লিগ তথা বাংলাদেশের ফুটবলে এহেন অনিয়ম এটাই প্রথম নয়, এটি ধারাবাহিকভাবে ঘটতে থাকা অরাজকতার একটি অংশ মাত্র! খেলোয়াড়, কোচ, বিশেষজ্ঞ, দর্শক—সবার প্রত্যাশা ছিল অর্থবহ একটি পেশাদার লিগ চালু হবে। কিন্তু বাফুফে যেন পুরোনো ঘেরাটোপ থেকে কিছুতেই বের হতে পারছে না। ফলে পেশাদার লিগে শুরু অনিয়ম-অরাজকতার।এখন পেশাদার লিগের এমনই দুর্দশা যে আবাহনী-মোহামেডানের ‘হাইভোল্টেজ’ ম্যাচেও টেনেটুনে ৫০০ দর্শক হয় না! দর্শকদের যে ফুটবলে আসক্তি নেই তা কিন্তু নয়; সাফ ফুটবল, সুপার কাপ, এস এ গেমসে আমরা মাঠে প্রচুর দর্শকসমাগম দেখেছিলাম। আসলে সমস্যাটা বাফুফের, কারণ লিগ আকর্ষণ করতে ফেডারেশনের নেই কোনো কার্যকর পরিকল্পনা।ফুটবল পরাশক্তি দেশগুলোর পেশাদার লিগ খুবই উন্নত। সদ্যসমাপ্ত বিশ্বকাপ ফুটবলে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পেছনে রয়েছে ‘লা লিগা’র অপরিসীম অবদান। শুধু স্পেনই নয়, জার্মানির বুন্দেসলিগা, ইতালির ‘সিরি আ’ কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগগুলোর মান-মর্যাদা, পেশাদারি নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাদের ধারে-কাছে যাওয়ার আশা করাটা আমাদের জন্য আকাশ-কুসুম কল্পনা মাত্র। তাই বলে আমরা কি তাদের দেখে কিছু শিখতে পারি না?২৭ জুলাই প্রথম আলোর খেলার পাতায় ‘অল্পস্বল্প’ বিভাগটিতে গোলাম সরোয়ার টিপু যথার্থই বলেছেন, ‘কোটি টাকা ব্যয় করে মাঠে ৫০ হাজার লোক আনা কি ফুটবলের উন্নয়ন? ফুটবলের উন্নয়ন করতে হলে ৫০ হাজার ফুটবলারকে কাঠামোর মধ্যে আনতে হবে।’ গোলাম সরোয়ার টিপুর এ কথার মর্মার্থ বাফুফে সভাপতি নিশ্চয়ই বুঝেছেন। এখন দেশের ঘরোয়া ফুটবলকে উন্নত করতে বাফুফের পুরোনো সমস্যাকীর্ণ কাঠামো পরিবর্তন করে নতুন করে কার্যকর উদ্যোগ গ্রহণ করাটা সময়ের দাবি।রানা আব্বাসচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।প্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।এ সপ্তাহের তারকাটাইসন গেঅচেনা আঁধার থেকে খ্যাতির আলো ঝলমলে মঞ্চে তাঁর আবির্ভাব। ২০০৭ অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছেন বিরল ‘ট্রেবল’। এরপর? আন্তর্জাতিক পর্যায়ে তাঁর ‘বড়’ সাফল্য একটাই—২০০৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাকল্যে একটা রুপা! পারবেন কী করে, এরই মধ্যে যে উসাইন বোল্ট নামের একটা ঝড়ের দাপুটে আগমন। তাতে এলোমেলো হয়ে গেল স্প্রিন্টেরই ইতিহাস, বদলে গেল গতিপথ। স্টকহোমে সেই বোল্টকে হারিয়ে আবারও আলোচনায় তিনি। বোল্টকে হারিয়ে একটা উপকারও করেছেন। ক্রমেই একক প্রদর্শনী হয়ে ওঠা স্প্রিন্টে আবারও প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ ফিরিয়ে এনেছেন। স্টকহোমের পর ডায়মন্ড লিগের লন্ডন মিটও তিনি জিতেছেন মৌসুম-সেরা ৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে।