হংকংয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ে গতকাল সোমবার গভীর রাতে শক্তিশালী ঘূর্ণিঝড় ভিসেন্টের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও আহত হয়েছে কয়েক শ। ঘূর্ণিঝড়দুর্গত মানুষের জন্য ২৪টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।গতকাল সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে কয়েক ঘণ্টার জন্য ১০ নম্বর সতর্কতা জারি করা হয়। গত ১৩ বছরে এই প্রথম ঘূর্ণিঝড়ে সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি হয়েছে বলে সংশি্লষ্ট কর্মকর্তারা দাবি করছেন। বিবিসি অনলাইন ও রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, গতকাল গভীর রাত থেকে হংকংয়ে ভারী বর্ষণ শুরু হয়। এ সময় শহরের ওপর দিয়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। হংকং অবজারভেটরির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, ঘূর্ণিঝড়টি হংকংয়ের ওপর দিয়ে প্রবাহিত হয়ে চীনের গুয়াংদং প্রদেশের দিকে সরে যাবে। কিন্তু আজ মঙ্গলবার সকালেও হংকংয়ে দমকা হাওয়া বয়ে যাচ্ছিল।ঝড়ের কারণে ৩০ হাজারের বেশি মাছ ধরার নেৌকায় অবস্থানরত জেলেদের তীরে ফিরে আসার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। একই সঙ্গে গুয়াংদংয়ের উপকূলে আশ্রয় নেওয়া ১০ হাজার ৫৬০ জন জেলেকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।সংশি্লষ্ট কর্মকর্তারা জানায়, ঘূর্ণিঝড়ে আহত অন্তত ৭২ জন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এ ছাড়া চার থেকে ৮৬ বছর বয়সী শতাধিক মানুষ চিকিত্সার জন্য সরকারি হাসপাতালগুলোতে ভিড় জমিয়েছে।ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনো কোনো এলাকায় বন্যার খবরও পাওয়া গেছে। রাতারাতি ঝড়ে কয়েক শ গাছ পড়ে গেছে।এদিকে বৈরী আবহাওয়ার কারণে বাতিল করে দেওয়া হয়েছে বেশ কিছু ফ্লাইট। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গতকাল মধ্যরাত থেকে আজ স্থানীয় সময় সকাল আটটা পর্যন্ত ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে আরও ৬০টি ফ্লাইট। বাকি ১৬টি ফ্লাইটের দিক পরিবর্তন করা হয়েছে। বিমান চলাচলে এই স্থবিরতা আরও কয়েক দিন চলতে পারে বলে আশঙ্কা করছেন তঁারা।