হকার সুজন মোল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুজন মোল্লা ফার্মগেটে দৈনিক পত্রিকা বিক্রি করেন। যানজটে আটকে পড়া প্রাইভেট কার আর বাসের যাত্রীরা তাঁর ক্রেতা। সকাল সাতটা থেকে বেচাবিক্রি শুরু করেন সুজন মোল্লা। তিনি জানান, ১০০ পত্রিকা কিনতে হয় ৮০ টাকা দিয়ে। বেলা একটা পর্যন্ত বিক্রি করেন সকালের পত্রিকা। আবার বিকেলে ও রাতে বিক্রি করেন নতুন পত্রিকা।সারা দিনে সুজন মোল্লার ৩০০-৪০০ টাকা লাভ হয়। তিনি বলেন, রবি, সোম ও বৃহস্পতিবার রাস্তাঘাটে বেশি যানজট থাকে। তখন ফার্মগেট খামারবাড়ির পাশের ট্রাফিক সিগন্যালে অনেক বাস আটকে থাকে। বাসের যাত্রীরা তখন পত্রিকা কিনে। যানজটে বসে বসে তারা পত্রিকা পড়ে।সুজন মোল্লার ছোট বোনের ছেলে সুমন। সেও তাঁর সঙ্গে হকারি করছে দুই মাস ধরে। তারা ফার্মগেটের ব্যাংক গলিতে থাকে। সেই মেসে থাকে আরও পাঁচজন হকার। জনপ্রতি থাকা-খাওয়ার খরচ পড়ে হাজার চারেক টাকা। সুজন মোল্লা তিন হাজার টাকার মতো প্রতি মাসে বাড়িতে পাঠাতে পারেন।সুজন মোল্লার গ্রামের বাড়ির কুমিল্লা জেলার রায়পুরা উপজেলার সওদাগরকান্দি গ্রামে। সেখানে তাঁর দুই মেয়ে, স্ত্রী আর মা থাকেন। সুজনের দুই মেয়ে স্কুলে পড়ে। তিনি জানান, জায়গা-জমি তেমন কিছু নেই। একটা হত্যা মামলায় আসামি হয়ে সাড়ে তিন বছর হাজতে ছিলেন। মামলা চালাতে গিয়ে চার গন্ডা ধানি জমি আর বাড়ির ভিটার অর্ধেকটা বিক্রি করেছেন।সুজন বলেন, ‘এখন ঘরের ভিটা ছাড়া কিছুই নাই। ঘটনা কিছুই না; মুরগি ধান খাইছে, হেইয়া লইয়া মারামারি। একজন খুন হইয়া যায়। এক বছর খাইয়া না খাইয়া পালাইয়া রইছি। পরে কোর্টে হাজির হইছি, জামিন পাই নাই। সাড়ে তিন বছরের মতো জেলহাজতে আছিলাম। এহনও মামলা চলতাছে। মাঝেমাঝে হাজিরা দিতে হয়। মামলা চালাইতে গিয়া শেষ অইয়া গেলাম!’