হকারদের পুনর্বাসন কেন নয়
বিভিন্ন সময় উচ্ছেদ হওয়া প্রায় চার হাজার হকারকে ওসমানী উদ্যান ও মুক্তাঙ্গন এলাকায় পুনর্বাসন নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।পরিকল্পনা, ভূমি, গৃহায়ণ ও গণপূর্ত, স্বরাষ্ট্র এবং যোগাযোগসচিবসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।বাংলাদেশ হকার্স ফেডারেশনের সভাপতি এম এ কাশেম ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ উচ্ছেদ হওয়ার হকারদের পুনর্বাসনে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আজ রিট আবেদনটি করেন।আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ঢাকার রাস্তায় হকারেরা অবৈধভাবে ব্যবসা করে আসছিলেন। এতে জনগণের চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে সরকার বিভিন্ন সময়ে তাঁদের উচ্ছেদ করেছে। ১৯৯৭-৯৮ সালে হকারদের পুনর্বাসনে একটি মাস্টারপ্ল্যান করা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। মাস্টারপ্ল্যান অনুসারে তাঁদের পুনর্বাসন চেয়ে রিট আবেদনটি করা হয়।