হকিতে হকির সভাপতি চাই
৩১ সদস্যের নির্বাচিত একটি কমিটি। খন্দকার জামিলউদ্দিন ছিলেন সাধারণ সম্পাদক। যেকোনো ফেডারেশনের মূল যে কাজ, সেই মাঠে খেলা রাখতে ব্যর্থ হওয়ায় ওই কমিটিকে সরে যেতে হলো। হকিকে জাগিয়ে তোলার দায়িত্ব পেল নতুন একটি আহ্বায়ক কমিটি। পদত্যাগ করতে বাধ্য হওয়া ব্যর্থ কমিটির ১৪ জন সদস্য আছেন এই ২৫ সদস্যের কমিটিতে। সেই কমিটি যদি ব্যর্থই হয়ে থাকে, এতজন সদস্য এই নতুন কমিটিতে ঠাঁই পায় কী করে?গত কমিটি বাংলাদেশের হকিকে প্রথমে অসুস্থ ও শেষে মুমূর্ষু অবস্থায় নিয়ে যায়—অনেকে বলেন, স্যালাইন দিয়ে হকিকে বাঁচিয়ে রাখা হয়েছিল। যাঁরা এর জন্য দায়ী, তাঁরা কী করে এই জনপ্রিয় খেলার নতুন কমিটিতে স্থান পান? নাকি বাংলাদেশে হকি পরিচালনার জন্য ওই ভেঙে যাওয়া কমিটির ব্যক্তিরা বাদে আর কেউ ছিলেন না।বাংলাদেশের হকির প্রবাদপুরুষ আবদুস সাদেকের নাম আছে চার নম্বর সহসভাপতি হিসেবে। তাঁকে নিয়ে এই তামাশা করার সাহস (যাঁরা কমিটি তৈরি করেছেন) কে দিয়েছে? যাঁরা এ কমিটি তৈরি করেছেন বোঝাই যায়, তাঁরা হকির সঙ্গে সংশ্লিষ্ট নন। ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া প্রতিমন্ত্রী এ দায়দায়িত্ব এড়াতে পারেন না। বুঝতে হবে, এবারের কমিটি তৈরি করা হয়েছে—অকর্মণ্য অযোগ্য একদল লোকের হাত থেকে হকি খেলাকে বাঁচানোর ইশতেহার নিয়ে। অথচ যাঁদের নতুন কমিটির সদস্য করা হয়েছে, তাঁদের ৮০ ভাগেরই যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে।নতুন কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে খাজা রহমতউল্লাহকে। অথচ এই কমিটি তৈরি করার সময় তাঁর মতামত নেওয়া হয়নি। এমন কী তাড়াহুড়ো ছিল যে, একটি গ্রহণযোগ্য কমিটি করতে আরও কয়েক দিন সময় নিয়ে অভিজ্ঞ ব্যক্তিত্বদের মতামত নেওয়ার সময়ও পাওয়া যায়নি?বাংলাদেশ হকির অন্যতম শ্রেষ্ঠ ও শক্তিশালী দল সেনাবাহিনী। সেটির কোনো সদস্য নেই এই কমিটিতে। জেলা পর্যায়ে সবচেয়ে বেশি হকির চর্চা হয় এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয় ফরিদপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহে। এই কমিটিতে এসব জেলা থেকেও কোনো সদস্য নেই। সব মিলিয়ে নতুন কমিটি দেখে মনে হচ্ছে, যাঁরা এটি গঠনের সঙ্গে জড়িত ছিলেন, তাঁরা হকি সমাজের কেউ নন।এই ঢাকাতে হকি চর্চা হয় ১৯০৬-০৭ সাল থেকে। এখানে কখনোই হকি খেলোয়াড় ও কর্মকর্তার আকাল দেখা যায়নি। যাঁরা এই ক্রীড়াঙ্গনকে শাসন করছেন, যাঁরা এই হকির ভূত-ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছেন—সমস্যাটা তাঁদের নিয়েই। নতুন আহ্বায়ক কমিটিই এর প্রমাণ। আরেকটি প্রসঙ্গও না তুলে পারছি না। বাংলাদেশের হকিকে বাঁচাতে হলে সভাপতি পদে পরিবর্তন জরুরি। বিমানবাহিনী প্রধানই হকি ফেডারেশনের সভাপতি হবেন—এই অদ্ভুত নিয়ম শুধু বাংলাদেশেই আছে। কারণ কী, তা বোধগম্য না হলেও হকি যে এ কারণেই এমন মরণাপন্ন অবস্থায় পৌঁছেছে, সেটি অনুধাবন করতে অসুবিধা হয় না।বিমানবাহিনী প্রধান হিসেবে এত বড় দায়িত্ব সামলিয়ে হকির মতো আরও একটি বড় মাপের খেলাকে সময় দেওয়া আদপেই যে সম্ভব নয়—তা প্রমাণিত। যে কারণে ধীরে ধীরে হকি আজ উপেক্ষিত, অপরিচিত খেলাতে পরিণত হয়েছে। আমরা হকিকে স্বমহিমায় দেখতে চাই। আর এ জন্য একজন হকি নিবেদিতপ্রাণ সভাপতির প্রয়োজন। এমন লোক আমাদের মধ্যেই আছে। অধিনায়ক হিসেবে অনবদ্য মর্যাদার অধিকারী, ব্যক্তিত্বে অসাধারণ ও সবার শ্রদ্ধাভাজন আবদুস সাদেকই হতে পারেন হকি ফেডারেশনের সভাপতি। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ, আবদুস সাদেককে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করুন। আমার বিশ্বাস, তাহলে হকি নতুন করে প্রাণ ফিরে পাবে।* লেখক জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক।