হকিরঙ্গ
পৃথিবীতে হাস্যকর ক্রীড়া ফেডারেশনের জন্য পুরস্কার চালু থাকলে বাংলাদেশ হকি ফেডারেশন হতে পারত এর বড় দাবিদার! সর্বশেষ উদাহরণ—হকি লিগে যুগ্ম চ্যাম্পিয়নশিপের নিয়ম না থাকলেও বাইলজ পদদলিত করে দুই প্রধানকে যৌথভাবে সেরা ঘোষণা করেছে হকি ফেডারেশন। ‘বিদেশি আম্পায়ার ছাড়া প্লে-অফ খেলব না’—আবাহনী, মোহামেডান এই গোঁ ধরায় বাইলজ পাশ কাটিয়ে যাওয়া হলো। বাইলজ থেকেও যেন নেই! গত ক্লাব কাপ হকির ফাইনাল তো ছিল বিশ্ব হকির ইতিহাসে ঠাঁই পাওয়ার মতো ঘটনা। বিদেশি খেলোয়াড় নিবন্ধন ম্যাচের আগের দিন, নাকি এক ঘণ্টা আগে—এই নিয়ে সেদিন তুমুল বিতর্ক। এক পক্ষের দাবি, হকিতে বাইলজই নেই। বাইলজের কপি বের করে তারা দেখাল, সেটিতে সই-ই নেই অনেকের। আরেক পক্ষ বলল, ‘বাইলজ আছে এবং সেটা সবাইকে দেওয়া হয়েছে।’ এ নিয়ে বাদানুবাদে লিগ কমিটির সম্পাদক প্রায় হেনস্তা হচ্ছিলেন।ক্লাব কাপের ফাইনালও হলো ৫৫ মিনিট। এরপরই আলোকস্বল্পতার অজুহাত তুলে বাকি ১৫ মিনিট খেলাই হলো না। সজ্ঞানে নিয়মনীতি পদদলিত করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো একটা দলকে। পরদিন ফেডারেশন সম্পাদক পদত্যাগ করে বললেন, ‘যা হয়েছে সবই হকির জন্য খারাপ।’ আগের দিন কথাটা ভুলে গিয়েছিলেন বোধ হয়! সাধারণ সম্পাদকের পদত্যাগপত্র ঝুলে রইল কয়েক দিন। সেটা নাকি ইচ্ছাকৃত। তখন বলা হয়েছে, তাঁর পদত্যাগ নাকি ‘পরীক্ষামূলক পদত্যাগ!’ওটার রেশ শেষ হতে না হতেই এবার ‘যুগ্ম চ্যাম্পিয়নশিপ’ ঘোষণা। যে মোহামেডান আগের রাতে প্লে-অফ না খেলার প্রস্তাব মেনে নিয়েছে, সেই দলটির বড় কর্তা সাজেদ আদেল পরদিন এই প্রতিবেদককে বললেন, ‘ভাই, যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে তো তৃপ্তি পাচ্ছি না। মনটা খুব খারাপ। আমরা প্লে-অফ খেলতে চেয়েছি। কিন্তু ফেডারেশনের কারণে প্লে-অফ হলো না।’মজাটা হলো, এই মোহামেডানই সভায় বসে বলেছে, বিদেশি আম্পায়ার ছাড়া প্লে-অফ খেলবে না। একদিন পরই তাদের চৈতন্যোদয় হলো। সেরা দল গড়েও এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ না পাওয়ায় তারা কিনা বলছে, ‘তৃপ্তি পাচ্ছি না!’ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার জামিলউদ্দিনের টিভি সাক্ষাৎকার প্রচারিত হলো। তিনি বললেন, ‘আর কখনো হকিতে বাইলজের বাইরে কিছু হবে না!’ হায় রে, ‘আর কখনো বাইলজ লঙ্ঘন হবে না’ শুনতে শুনতে বছরের পর বছর গেল। ‘তেত্রিশ বছর কাটল/কেউ কথা রাখেনি’। বাংলাদেশ হকি ফেডারেশনের একই অবস্থা। কেউ কথা রাখে না! অভিভাবক হয়ে শাসনে রাখবে কি, উল্টো সন্তানদের (পড়ুন ক্লাবগুলোর) দাপটে ভয়ে তটস্থ।হকিতে একজন জার্মান কোচ আছেন। পিটার গেরহার্ড নামের এই ভদ্রলোক ঠিক যেন ‘ঝাণ্ডুদা’র মতো। কখন ঢাকায় আসেন আর কখন জার্মানি যান বোঝা মুশকিল। তবু তিনি আসা-যাওয়ায় আছেন, বছর কয়েক আগে তো পাকিস্তানি কোচ কামার ইব্রাহিম আসতেনই না। ফাঁকতালে ২০-২৫ হাজার ডলার বেতন নিয়ে গেছেন কাজ না করেই! ইসা-মুসারা জাতীয় দলে ডাক পেয়ে আসেন না, জানতে চান তাঁদের কি চূড়ান্ত দলে রাখা হবে! এখানে কথায় কথায় খেলোয়াড়েরা জাতীয় দল থেকে অবসর নেন, আবার ফিরেও আসেন কদিন পর। জাতীয় দলের ১ নম্বর গোলরক্ষক তো একদিন দেশান্তরীই হয়ে গেলেন কাউকে না জানিয়ে!হকি নিয়ে আলোচনায় প্রায়ই উঠে আসছে সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারীর কথা। তাঁর অমর কিছু উক্তি আছে। হকি ফেডারেশনের ব্যর্থতা নিয়ে সব সময়ই অকপটে বলতেন, ‘অবভিয়াসলি আমরা ব্যর্থ!’ তার পরও গদিনসীন ছিলেন ১৮-১৯ বছর। একদিন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে নিজের চেয়ার দেখিয়ে বলেছিলেন, ‘আর সবকিছুর মতো এই চেয়ারও বদলে ফেলা উচিত!’এতক্ষণ যা পড়লেন, সবই রঙ্গ মনে হচ্ছে না? প্রায় সারা বছর সাক্ষীগোপাল হয়ে থাকা বিশাল হকি স্টেডিয়ামটাই তো বিরাট এক রঙ্গমঞ্চ! যেখানে লিগ হলেও অবনমন থাকে না, মাঠে ঢুকে আকসার মাস্তানি করা যায়!বিনে পয়সায় কমেডি উপভোগ করতে চাইলে হকি ফেডারেশনের দিকে নজর রাখলেই চলবে।