হজ ওয়েবসাইট থেকে জানা যাবে নানা তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর প্রায় ৯৩ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন। তাঁদের বেশির ভাগই ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। হজযাত্রীদের জন্য বেশ কিছু তথ্য জানা প্রয়োজন। যা তাঁরা পাবেন ওয়েবসাইটে। হজযাত্রীদের সহায়ক এই ওয়েবসাইটের (www.hajj.gov.bd) তথ্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে হালনাগাদ করছে বিজনেস অটোমেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ওয়েবসাইটটিতে হজযাত্রীদের নিজেদের তথ্য নিজেরাই হালনাগাদ করার ব্যবস্থাও রাখা হয়েছে।সূত্র জানায়, ওয়েবসাইটটিতে হজ-সম্পর্কিত এবং হজযাত্রীদের সম্পর্কে সব তথ্যই আছে। হজনীতি, সংশ্লিষ্ট বছরের হজ প্যাকেজ, কোথায় কোথায় যেতে হবে, হজ ফ্লাইট—এসব তথ্যসহ হজ-সম্পর্কিত সব তথ্যই পাওয়া যায় এতে। হজযাত্রীদের স্বজনেরাও তথ্য পান এই ওয়েবসাইট থেকে। জানা যায় হাজিদের অবস্থানও। ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট হাজির নামের অংশ দিয়ে থানা, জেলা, পাসপোর্ট নম্বর বা নামের অংশবিশেষ দিয়ে সার্চে ক্লিক করলেই তাঁর ছবিসহ প্রয়োজনীয় তথ্য ও অবস্থান জানা যাবে। হজ ওয়েবসাইটে একটি শক্তিশালী সার্চ সুবিধা রয়েছে। প্রত্যেক হাজির জন্য ছয় ডিজিটের পরিচিতি নম্বর দেওয়া হয়। এর প্রথম তিন ডিজিট সংশ্লিষ্ট এজেন্টের কোড নম্বর। শেষের তিন ডিজিট ক্রমিক নম্বর। পাসপোর্ট নম্বর অথবা এই পরিচিতি নম্বর দিয়েও সংশ্লিষ্ট হাজিকে খোঁজা যায়। এবার ডিজিটাল ফরম হাজি অথবা এজেন্টের লোক পূরণ করায় ডেটাগুলো স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেইসে (তথ্য ভান্ডার) জমা হয়।জানা যায়, দরকারি সব কাজ সারতে বাংলাদেশ হজ মিশন অফিস মক্কা, মদিনা ও জেদ্দায় তথ্যপ্রযুক্তিকেন্দ্র স্থাপন করেছে। মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশনের নিচ তলায় ও জেদ্দা হজ টার্মিনালে রয়েছে বিজনেস অটোমেশন লিমিটেডের তথ্যপ্রযুক্তিকেন্দ্র। এসব কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রী ও তাঁদের স্বজনদের তথ্যসেবা দেওয়া হচ্ছে। ওয়েবসাইটে হজযাত্রীর নাম, জেলার নাম, ট্রাভেল এজেন্সির নাম অথবা পাসপোর্ট নম্বর লিখলেই তাঁর সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এ তথ্য প্রতিদিনই হালনাগাদ করা হচ্ছে।বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক সোয়েব আহমেদ জানান, বিমানের নির্দিষ্ট ফ্লাইটের সময়সূচি, সৌদি আরবে হাজি পৌঁছেছেন কি না, তাঁরা জেদ্দা, মদিনা ও মক্কায় কোন বাড়িতে অবস্থান করছেন—ইত্যাদি তথ্য ওয়েবসাইটে দেওয়া হয়। হাজিদের শারীরিক অবস্থার তথ্য ও তাঁদের খোঁজখবর নেওয়ার জন্য বাড়িতে গিয়ে কর্মীরা তাঁদের সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণ করে সচিত্র (স্থির ও চলমান) প্রতিবেদন সংশ্লিষ্ট বিভাগকে দিচ্ছেন। তিনি জানান, হজ ব্যবস্থাপনাকে আরও সুসংহত ও নির্ভুল করার জন্য বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। হজের এই ওয়েবসাইট পরিচালনার জন্য গড়ে তোলা হয়েছে কম্পিউটার তথ্যভান্ডার (ডেটাবেইস)। এতে প্রত্যেক হজযাত্রীর তথ্যই রয়েছে।বিজনেস অটোমেশনের নির্বাহী পরিচালক জাহিদুল হাসান বলেন, হজ ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বেশ কয়েক বছর ধরে হলেও এবার কিছু পরিবর্তন আনা হয়েছে। এর স্বীকৃতিস্বরূপ বিজনেস অটোমেশন দুটি পুরস্কার পেয়েছে।তথ্যপ্রযুক্তির এই সহায়তার জন্য ঢাকার হজক্যাম্প, মক্কা ও মদিনায় একাধিক কম্পিউটার বসানো হয়েছে। সবই যুক্ত একটি নেটওয়ার্কে। এসব কম্পিউটারেই প্রাথমিকভাবে তথ্য সংগ্রহের পর তা সারভারে জমা থাকে। এরপর এসব তথ্য ইন্টারনেটে দেওয়া হয়।