হজ করতে গিয়ে নিখোঁজ লুত্ফর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে হজ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন শেরপুরের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. লুত্ফর রহমান (৭৩)। তাঁর সঙ্গে যাওয়া স্ত্রী উমেছা খাতুনসহ স্থানীয় লোকজন হজ শেষে দেশে ফিরে এলেও এখনো ফেরেননি লুত্ফর। দীর্ঘদিনেও লুত্ফর রহমানের কোনো সন্ধান না পেয়ে লুত্ফরের পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তা ও হতাশায় ভুগছে। তিনি জীবিত আছেন, না মারা গেছেন, এ বিষয়ে নিশ্চিত হতে চান তাঁরা। পারিবারিক সূত্রে জানা গেছে, লুত্ফর রহমান লাকী ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের (হজ লাইসেন্স নম্বর-২৬৮) মাধ্যমে গত ১৬ সেপ্টেম্বর হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী উমেছা খাতুন, স্থানীয় মোয়াল্লিম মো. শাহিনুর রহমানসহ স্থানীয় আরও বেশ কয়েকজন ব্যক্তি হজ করতে যান। কিন্তু সবাই ফিরে এলেও ফেরেননি তিনি। লুত্ফর রহমানের জাতীয় পরিচয়পত্র নম্বর—৮৯২৮৮০৯১৫৩৩৪৭, পাসপোর্ট নম্বর—এ.সি-০১৬৩৪৩৯ এবং হজ মোয়াল্লিম নম্বর-৯২ (সৌদি মোয়াল্লিম এজেন্সির ফোন নম্বর-০৫০৫৭১৩২৭৩, ০৫৯৪৯৬৪০০৪ ও ০৫৮২০৭৩০৭৭)।লুত্ফরের বড় ছেলে মো. মাহবুব আলম জানান, তাঁর বাবা গত ২৪ অক্টোবর দিবাগত রাত তিনটার দিকে আরাফাতের মাঠে অবস্থিত তাঁবু থেকে প্রকৃতির ডাকে বের হয়ে আর ফেরেননি। তাঁর হজসঙ্গীরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরবর্তী সময় গত ২ নভেম্বর তাঁর মা উমেছা খাতুন ও অন্যরা তাঁর বাবাকে ছাড়াই দেশে ফিরে আসেন। মাহবুব আরও জানান, এ ঘটনায় তিনি গত ৫ নভেম্বর শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁর বাবা লুত্ফর রহমানের যেকোনো অবস্থান (জীবিত বা মৃত) সম্পর্কে তথ্য জানতে তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের সাহায্য প্রার্থনা করেছেন। (মাহবুব আলমের মোবাইল নম্বর: ০১৯১৫৪২৪২৮০)এ ব্যাপারে স্থানীয় মোয়াল্লিম মো. শাহিনুর রহমান বলেন, লুত্ফর রহমানের নিখোঁজের বিষয়টি তিনি সৌদি মোয়াল্লিমকে অবহিত করেছেন। তাঁরাও তাঁকে খুঁজে বের করার জন্য চেষ্টা করছেন। তাঁকে পাওয়া গেলে তাঁরা দেশে ফেরত পাঠানোর আশ্বাসও দিয়েছেন।