হজ ক্যাম্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে হজ পালন করতে পারেন সে লক্ষ্যে তাঁদের প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেলে আশকোনা হাজি ক্যাম্পে হজ ক্যাম্প-২০১০-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের হজযাত্রীরা যাতে এ বছর নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে জন্য তাঁর সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম হাজিদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ বছরের জন্য জাতীয় হজনীতি প্রণয়ন করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এ বছর হজযাত্রীর সংখ্যা গত বছরের ৫৮ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ৯৪ হাজারে দাঁড়িয়েছে।শেখ হাসিনা বলেন, সৌদি এয়ারলাইনসসহ ১০টি এয়ারলাইনসের মাধ্যমে বাংলাদেশের হজযাত্রীদের বহন করার জন্য সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।শেখ হাসিনা সবাইকে আশ্বস্ত করে বলেন, আগামী বছর বাংলাদেশ বিমানে নতুন এয়ারক্র্যাফট সংযোজন করা হবে। তিনি আরও বলেন, এবার হজযাত্রীরা সরকারের তথ্যপ্রযুক্তির সুযোগ-সুবিধা ব্যবহার করে মুঠোফোনের সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে সৌদি আরব থেকে দেশের আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শেখ হাসিনা বলেন, হজযাত্রীদের চিকিত্সাসেবায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বছর হজযাত্রীদের সেবার জন্য ৬০ জন ডাক্তার নিয়োগ করা হলেও এবার ৯৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের এবং ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া।