হজ-প্যাকেজ ঘোষণা
বেসরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর ব্যয় সর্বনিম্ন দুই লাখ ২৮ হাজার ৬১৫ টাকা নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি সরকারের সঙ্গে চুক্তি না করে বেসরকারি কোনো এজেন্সি হজ-প্যাকেজ ঘোষণা করতে পারবে না বলে জানানো হয়েছে।আজ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান।সচিব বলেন, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার হজযাত্রীকে হজে পাঠানো হবে। গত বছর এ সংখ্যা ছিল ৫৮ হাজার ৪৮৯ জন।ঘোষিত হজ-প্যাকেজে কোরবানির খরচ ছাড়া মোট খরচ দেখানো হয়েছে দুই লাখ ২৮ হাজার ৬১৫ টাকা। গত বছর আট হাজার টাকা কোরবানি খরচসহ এ খরচ ছিল দুই লাখ ২০ হাজার ৫৫০ টাকা। আগের বছরের তুলনায় এ বছর ১৬ হাজার ৬৫ টাকা খরচ বেড়েছে।সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী ব্যক্তিদের আগামী ২২ জুনের মধ্যে মোয়াল্লেম ফিসহ অন্য চার্জ জমা দিতে হবে। ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এজেন্সিকে ফোন নম্বরসহ হাজিদের তালিকা সরকারি অফিসে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো এজেন্সি ব্যাংকে টাকা জমা দিতে পারবে না।২৫ জুনের মধ্যে জমা হওয়া হজযাত্রীদের নামে পুলিশি ছাড়পত্র ও স্বাস্থ্যগত পরীক্ষার তালিকা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে। এবারও প্রতি ৬০ জনের জন্য একজন হজ-গাইড থাকবেন।সচিব বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের (সম্ভাব্য ২০ শাওয়াল) মধ্যে বেসরকারি এজেন্সিগুলোর বাড়িভাড়া সম্পন্ন করে সরকারকে জানাতে হবে।এক প্রশ্নের জবাবে সচিব জানান, হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করেছে—এমন বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে ১০৭টি অভিযোগ পাওয়া গেছে। একটি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। অন্যগুলোর বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।