চলতি বছরে ঘোষিত হজ প্যাকেজে বিমানভাড়া হিসেবে দ্বিগুণ ভাড়া নির্ধারণ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এজেন্সিগুলোর জন্য নির্ধারিত হজ প্যাকেজ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।আগামী এক সপ্তাহের মধ্যে ধর্মসচিব, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ আটজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি মো. শওকত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন।২ জুন চলতি বছরে ঘোষিত হজ প্যাকেজ প্রত্যাহার চেয়ে ধর্ম, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বরাবরে আইনি নোটিশ পাঠানো হয়। রেজিস্টার্ড ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম নোটিশটি পাঠান। কিন্তু এর জবাব না পাওয়ায় তিনি নিজেই হাইকোর্টে আজ রিটটি করেন।রিটে বলা হয়েছে, গত ২৯ মার্চ ধর্ম মন্ত্রণালয় ঘোষিত হজ প্যাকেজে প্রত্যেকের কাছ কাছ থেকে দুই লাখ ৫৯ হাজার ৪২ টাকা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে এক লাখ আট হাজার ৪১০ টাকা বিমানভাড়া বাবদ ধরা হয়। অথচ ঢাকা থেকে জেদ্দার বিমানভাড়া হচ্ছে ৫০ হাজার ৭০০ টাকা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘোষিত হজ প্যাকেজ সম্পূর্ণ বেআইনি।