হজ ফ্লাইট শুরু
প্রথম ব্যাচের হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা ছেড়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান এবং ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া হজ ফ্লাইটের উদ্বোধন করেন। ২০ অক্টোবর পর্যন্ত হজ ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট ৩০ অক্টোবর শুরু হয়ে ২৯ নভেম্বর শেষ হবে। খবর বাসসের। এ বছর কোনো হজযাত্রীকে পবিত্র জমজমের পানি আনতে হবে না। তাঁরা দেশে ফিরলে বিমান বাংলাদেশ প্রত্যেক হাজিকে সৌদি আরবের দেওয়া ১০ লিটার করে জমজমের পানি দেবে।বাংলাদেশ বিমান চলতি বছর এক লাখ ১২ হাজার ৫৬৮ জন হজযাত্রীর মধ্যে ৫৬ হাজার ২৮৪ জনকে পরিবহন করবে। এর মধ্যে দুই হাজার ১৪৩ জন সরকারি ব্যবস্থাপনায় এবং অবশিষ্ট হজযাত্রীরা বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।গত বছরের চেয়ে এ বছর হজযাত্রী বেশি পাঁচ হাজার ১৪৩ জন। গত বছর মোট হজযাত্রী ছিলেন এক লাখ সাত হাজার ৪২৫ জন।চলতি বছর বিমানের লক্ষ্যমাত্রা ৫৬ হাজার ২৮৪ জন হজযাত্রী পরিবহনের বিপরীতে ৫৮ হাজার ৫০০ জন পরিবহনের ক্ষমতা রয়েছে। এর মধ্যে ৫৩ হাজার জনকে নির্ধারিত ফ্লাইটে এবং অন্যদের নিয়মিত ফ্লাইটে পরিবহন করা হবে।এ ছাড়া সৌদিয়া এয়ারলাইনস ও এনএএস এয়ার যথাক্রমে ৪০ হাজার ও ১৬ হাজার হজযাত্রী পরিবহন করবে। সৌদিয়ার ফ্লাইট ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত চলবে। এর ফিরতি ফ্লাইট ৩০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হাজিদের পরিবহন করবে।এনএএস এয়ারের ফ্লাইট আজ শুরু হয়ে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে। এর ফিরতি ফ্লাইট ৩০ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।বাংলাদেশ বিমান ৫৮২ জন ধারণক্ষমতার একটি ৭৪৭-৪০০ বোয়িং ভাড়া নিয়েছে। এ ছাড়া সংস্থাটির নিজস্ব চারটি বোয়িং হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে রয়েছে ৪১৯ জন ধারণক্ষমতার দুটি ৭৭৭-৩০০ ইআর ও ৩১৪ জন ধারণক্ষমতার দুটি ডিসি-১০।