হজ ফ্লাইট শুরু ৭ সেপ্টেম্বর
চলতি বছরের হজ ফ্লাইট আগামী ৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত চলবে। এ ছাড়া ফিরতি ফ্লাইট ১৯ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে। আজ বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে হজের প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। খবর বাসসের।সভায় বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বিমান এবং ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনসের প্রতিনিধি এবং হাবের সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।বৈঠকে নাজ এয়ারলাইনসকে হজ ফ্লাইটে না রাখার জন্য মন্ত্রণালয় থেকে সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। এর জবাবে হজ ফ্লাইটে নাজ এয়ারলাইনস থাকবে না বলে সৌদি এয়ারলাইনসের প্রতিনিধি মন্ত্রণালয়কে অবহিত করেন। এ ছাড়া হাবের সভাপতি অনুরোধ করলেও এ বছর তৃতীয় এয়ারলাইনস না রাখার পক্ষে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছর হজে যেতে ইচ্ছুক যাত্রীর সংখ্যা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারণ করা হয়। এর অর্ধেক বাংলাদেশ বিমান এবং অর্ধেক সৌদি এয়ারলাইনস পরিবহন করবে। ‘ক’ প্যাকেজে তিন লাখ ৪৭ হাজার এবং ‘খ’ প্যাকেজে দুই লাখ ৭৮ হাজার ৭৪২ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া কোরবানির জন্য ১০ হাজার টাকার প্রয়োজন হবে। এবার হজে ২০ থেকে ২২ দিনের বিশেষ প্যাকেজও রাখা হবে। অনিয়ম ও কালোবাজারি প্রতিরোধে এজেন্সি অনুযায়ী টিকিটের সুষম বণ্টন করে দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে উভয় এয়ারলাইনসকে নির্দেশ দেওয়া হয়। এ বছর জমজমের পানি ফিরতি পথে সৌদি বিমানবন্দরে সরবরাহ করা হবে। এ ছাড়া একজন হজযাত্রী সর্বোচ্চ ৩০ কেজির ব্যাগেজ ও সাত কেজির হাতব্যাগ বহন করতে পারবেন।