হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শ্রেষ্ঠ
সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের অনুমোদিত সংস্থা মোয়াস্তিফা জুনুব এশিয়া বলেছে, গত হজের সময় হাজিদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শ্রেষ্ঠ হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের আজ বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, মোয়াস্তিফা জুনুব এশিয়া বলেছে, হাজিদের বাসস্থানসহ তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং যথাসময়ে হজ ফ্লাইট পরিচালনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে।পর্যটনমন্ত্রী বলেন, এ বছর রেকর্ডসংখ্যক হাজিকে নিরাপদে আনা-নেওয়া করা তাদের জন্য এক বিরাট সাফল্য। সুন্দর ব্যবস্থাপনার জন্য মক্কা থেকে তাদের একটি সনদও দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, প্রায় সব হাজি ইতিমধ্যে সৌদি আরব থেকে ফিরে এসেছেন। বাকি প্রায় এক হাজার হাজি দেশে ফেরার পথে রয়েছেন। এ বছর হজযাত্রীর সংখ্যা ছিল ৯১ হাজার ৮২৩ জন।