হজযাত্রী পরিবহনে কোনো বিপর্যয়ের আশঙ্কা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর হজযাত্রী পরিবহনে কোনো বিপর্যয়ের আশঙ্কা নেই। ইতিমধ্যে প্রায় ৪২ হাজার হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। বাকি আরও প্রায় ৫১ হাজার যাত্রী পরিবহনেরও সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই।আজ রোববার দুপুরে সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী জি এম কাদের এ তথ্য জানান। মন্ত্রণালয় এ ব্যাপারে সার্বক্ষণিক কার্যক্রম চালাচ্ছে বলেও মন্ত্রী জানান।কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, সৈয়দ মহসিন আলী, মইন উদ্দীন খান বাদল, ফরিদুল হক খান ও শফিকুর রহমান চৌধুরী অংশ নেন।সভায় একজন সাংসদ হজযাত্রী পরিবহনে উদ্বেগ প্রকাশ করে বলেন, অতিরিক্ত কোনো উড়োজাহাজ না রাখায় যেকোনো সময় বিড়ম্বনা দেখা দিতে পারে। এ জন্য অতিরিক্ত কমপক্ষে আরও একটি উড়োজাহাজ রাখা প্রয়োজন ছিল। জবাবে মন্ত্রী বলেন, যাত্রীদের প্রয়োজনের চেয়ে বেশি উড়োজাহাজ রাখা হয়েছে। তাই এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই।সভায় পর্যটন করপোরেশনের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অবকাঠামোগত সুবিধাসহ পর্যটনের সার্বিক সুবিধা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।সভায় কক্সবাজার শহর রক্ষাবাঁধ ও মেরিন ড্রাইভের ১৫০ ফুটের মধ্যে যাতে কোনো স্থাপনা নির্মাণ না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সভায় পাবলিক সরকারি বেসরকারি অংশীদারি ব্যবস্থার আওতায় পর্যটন খাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্যও বলা হয়।সভায় বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ করতে আন্তমন্ত্রণালয় সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের শেয়ার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজারে ছাড়ার ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়।