হজযাত্রী পরিবহনে নতুন করে সংকটের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের হজযাত্রী পরিবহন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। আর মাত্র চার দিন পর ৮ অক্টোবর থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত প্রস্তুতি অনুযায়ী, বিমানের কোনো ফ্লাইটে বিঘ্ন না ঘটলে প্রায় ১০ হাজার হজযাত্রী পরিবহনে সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।বিমান সূত্র জানায়, বাংলাদেশ বিমানে আগে ৪৭ হাজার ৬৮৪ জন হজযাত্রী বহনের সিদ্ধান্ত হলেও এখন বলছে, ৪৫ হাজারের বেশি নিতে পারবে না। আর সৌদি এয়ারলাইনস ২৬ হাজার থেকে ২৮ হাজার হজযাত্রী নেওয়ার প্রতিশ্রুতি দিলেও গতকাল পর্যন্ত তাদের প্রস্তুতি ছিল ১৯ হাজার হজযাত্রী পরিবহনের।অবশ্য বিমানমন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেন, সৌদি এয়ারলাইনসের দুই কর্মকর্তা মন্ত্রণালয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন। তাঁরা নিশ্চিত করেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী সৌদি এয়ারলাইনস ২৬ হাজার থেকে ২৮ হাজার হজযাত্রী নেওয়ার চেষ্টা করবে।এখন নতুন আশঙ্কা তৈরি হয়েছে হজের জন্য বাংলাদেশ বিমানের ভাড়া করা উড়োজাহাজ দুটি নিয়ে। এ দুটি হজ ফ্লাইট চলাকালে রক্ষণাবেক্ষণের জন্য তিন দিন ফ্লাইট পরিচালনা করতে পারবে না। তাই ওই তিন দিনে আরও এক হাজার ৪৩১ জন হজযাত্রী আটকা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমনিতে বিমান পূর্বনির্ধারিত হিসাব থেকে দুই হাজার ৬৮৪ জন যাত্রী কম নেবে বলছে। এর সঙ্গে আরও এক হাজার ৪৩১ জন যুক্ত হলে শুধু বিমানেরই চার হাজারের বেশি হজযাত্রী অনিশ্চয়তার মুখে পড়বেন। আর সৌদি এয়ার যদি ১৯ হাজারের বেশি নিতে না পারে, তাহলে এ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে।বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ভাড়ার উড়োজাহাজ দুটি ফ্লাইট পরিচালনার মাঝে রক্ষণাবেক্ষণে যাবে, এটা বিমান কর্তৃপক্ষ আগে জানত না। অস্ট্রেলিয়ার অসবান অ্যারোনটিক্যাল সার্ভিসেস কর্তৃপক্ষ গত বুধবার হঠাৎ করে বিমানকে চিঠি দিয়ে তা জানিয়েছে।অসবান থেকে ভাড়া করা উড়োজাহাজ দুটির মধ্যে একটি আজ সোমবার, অপরটি ৬ অক্টোবর ঢাকায় এসে পৌঁছার কথা। এর মধ্যে প্রথমটি ১৫ ও ২২ অক্টোবর দুবার রক্ষণাবেক্ষণে যাবে। আর দ্বিতীয়টি ১৪ অক্টোবর রক্ষণাবেক্ষণের জন্য যাবে। তাই এই তিন দিন ভাড়ার উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা যাবে না বলে বিমানের সংশ্লিষ্ট শাখাকে এরই মধ্যে জানানো হয়েছে। বিমানের কর্মকর্তারা জানান, গত বুধবার অসবান কর্তৃপক্ষের চিঠি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তাঁদের জানানো হয়েছে, হজের সময় রক্ষণাবেক্ষণে নেওয়া যাবে না। কারণ, বিষয়টি চুক্তিবিরোধী।এদিকে গত ২৬ সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের সংবাদ সম্মেলন করে বলেছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও দেশি-বিদেশি আরও নয়টি বিমান সংস্থার সঙ্গে হজযাত্রী পরিবহনে চুক্তি করা হয়েছে। এর মধ্যে বিমান ৪৭ হাজার ৬৮৪, সৌদি এয়ার প্রায় ২৮ হাজার এবং আরও আটটি বিমান সংস্থা ২১ হাজার হজযাত্রী পরিবহন করবে।কিন্তু বিমান কর্তৃপক্ষ এখন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বলেছে, তারা ৪৫ হাজারের বেশি হজযাত্রী নিতে পারবে না। মন্ত্রী প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় বিমানের এ চিঠি পেয়েছে। তার পরও সবাই আন্তরিক হলে খুব একটা সমস্যা হবে না।এবার হজ ফ্লাইটের জন্য বিমান ভাড়া করা দুটি বোয়িং ছাড়াও নিজস্ব একটি ডিসি-১০ ব্যবহার করবে। এ ছাড়া নিয়মিত ফ্লাইটও হজযাত্রী নিয়ে যাবে। তবে গত পাঁচ বছরের তুলনায় এবার হজযাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি, ৯৩ হাজার ৮৬৫ জন। গত বছর এ সংখ্যা ছিল ৫৮ হাজার ৯০ জন।বিমানমন্ত্রী জানান, এবার শেষ মুহূর্তে হজযাত্রী বেড়ে যাওয়ায় এবং গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ হওয়ায়, হজযাত্রী পরিবহনে কিছুটা ঝুঁকি তৈরি হয়েছে। তিনি বলেন, এ অবস্থায় মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়ে বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, সৌদি এয়ার ২৬ থেকে ২৮ হাজার, গালফ এয়ার সাত হাজার, এমিরেটস এয়ারলাইনস চার হাজার, জিএমজি তিন হাজার, বাহরাইন এয়ার তিন হাজার, কুয়েত এয়ারওয়েজ আড়াই হাজার, এয়ার আরাবিয়া দুই হাজার, কাতার এয়ারওয়েজ এক হাজার ৩৪২, জেট এয়ার ৪০০ জন হজযাত্রী পরিবহন করবে। আর বাংলাদেশ বিমানের ৪৭ হাজার ৬৮৪ জন পরিবহন করার কথা।এই হিসাবে হজযাত্রী পরিবহনে কোনো সংকট হওয়ার কথা নয়। তার পরও অনিশ্চয়তার আশঙ্কা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁদের সব শঙ্কা বাংলাদেশ বিমানকে নিয়ে। কারণ, কাবো এয়ারের ২৪ বছরের পুরোনো একটি উড়োজাহাজ ভাড়া না করায় একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ। তাদের কারসাজিতে হজ ফ্লাইটের সংকট সৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, হজ ফ্লাইট শুরু হওয়ার পর সংকট দেখা দিলে আবার কাবোর সেই বিতর্কিত উড়োজাহাজটি হজ ফ্লাইটের জন্য ভাড়া করার উদ্যোগ নেওয়ার পাঁয়তারা করছে মহলটি।বিমানমন্ত্রীও প্রথম আলোকে বলেছেন, কাবোর উড়োজাহাজটি ভাড়া করতে একটি মহল এখনো তৎপর বলে তিনিও শুনেছেন।প্রসঙ্গত, এবারের হজ ফ্লাইটের জন্য নিয়মিত ফ্লাইটের বাইরে বাংলাদেশ বিমান যাওয়ার সময় ১০৫টি ফ্লাইটের অনুমতি (স্লট) পেয়েছে। তাই সংকট দেখা দিলে তখন বহনকারী উড়োজাহাজের ধারণক্ষমতা বাড়ানো ছাড়া বিকল্প থাকবে না।