হজযাত্রী পরিবহনে সমস্যা হবে বলে সংসদীয় কমিটির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন হজ মৌসুমে বিমান চলাচল সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।আজ মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই আশঙ্কার কথা জানিয়েছেন কমিটির সভাপতি মোশাররফ হোসেন।মোশাররফ হোসেন বলেন, সভায় গত বছরের মতো এবারও হজযাত্রী পরিবহনে সমস্যা হবে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। সাশ্রয়ী দামের এয়ারলাইন্স কাবো এয়ারকে হজ ফ্লাইটে যুক্ত করতে সভায় উপস্থিত বিমানমন্ত্রীকে আহ্বান জানানো হয়।মন্ত্রী জি এম কাদের বলেন, পুরাতন আকাশযান কাবোতে হজযাত্রী উঠিয়ে মানুষের জীবন নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না। মন্ত্রণালয় এ ব্যাপারে আপস করবে না। এ সময় কমিটির সভাপতিসহ একাধিক সদস্য মন্ত্রীকে এ ব্যাপারে অনুরোধ করলেও তিনি সায় দেননি বলে জানা গেছে।ব্রিফিংয়ে কমিটির সদস্য মাইনুদ্দীন খান বলেন, ‘মন্ত্রী এ সংকটের সৃষ্টি করেছেন। এবার গত বছরের চেয়ে ৪৫ হাজার বেশি যাত্রী হজ করতে যাবেন। সৌদি আরবের একটি কোম্পানি বলেছিল, তারা ১৫ হাজার যাত্রী বহন করবে। কিন্তু তারা এখন এটি পারবে না বলে জানিয়েছে। সেখানে আমরা কীভাবে যাত্রী বহন করব, সেটা পরিষ্কার নয়। আজকের বৈঠকে আমরা দেখেছি, সারা বিশ্বেই বিমান উড্ডয়নের সঙ্গে বিমানের বয়সের কোনো সম্পর্ক বিবেচনা করা হয় না। এখানে দেখা হয় বিমানটি উড্ডয়ন করতে সক্ষম কি না। আমরা স্পষ্ট করে বলেছি, যাত্রী বহনে কোনো সমস্যা হলে আমরা কোনো দায় নেব না। এখান থেকে বেরিয়ে আমরা ফোনে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাব।’