হজযাত্রী বহনের দায়িত্ব পেতে পারে ১০ বেসরকারি এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের বাইরে হজযাত্রী পরিবহনে ১০টি বেসরকারি ও আন্তর্জাতিক আকাশ পরিবহন সংস্থাকে দায়িত্ব দেওয়া হতে পারে।আজ মঙ্গলবার সচিবালয়ে তৃতীয় সংস্থা হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী আকাশ পরিবহন সংস্থাগুলোর প্রতিনিধিদের বৈঠকের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের সাংবাদিকদের এ কথা জানান।হজযাত্রী পরিবহনের দায়িত্ব নিতে আগ্রহী সংস্থাগুলো হলো আমিরাত এয়ারলাইন্স, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, পিআইএ, কাতার এয়ারওয়েজ, ইত্তিহাদ এয়ারওয়েজ, বাহরাইন এয়ার, এয়ার অ্যারাবিয়া, জিএমজি ও ইউনাইটেড এয়ারওয়েজ।মন্ত্রী বলেন, এসব সংস্থার কাছ থেকে যাত্রীপ্রতি ভাড়া এবং হজযাত্রী পরিবহনের ক্ষমতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই সংস্থাগুলো মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করবে। এর পরই তাদের সঙ্গে চুক্তি করবে সরকার।বেসরকারি সংস্থাগুলো থেকে চূড়ান্ত প্রস্তাব পাওয়া গেলেই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এসব সংস্থার সঙ্গে চুক্তি করবে বলে জানান মন্ত্রী গোলাম কাদের।এসব সংস্থার পক্ষ থেকে হজযাত্রী পরিবহনে জনপ্রতি এক হাজার ২০০ ডলার থেকে এক হাজার ৪০০ ডলার পর্যন্ত ভাড়ার প্রস্তাব করা হয়েছে। তবে সরকার এসব সংস্থাকে সর্বোচ্চ এক হাজার ২০০ ডলার পর্যন্ত ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।আগামী হজ মৌসুমে ৯০ হাজার আগ্রহী ব্যক্তি হজে যাওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী ৮ অক্টোবর থেকে হজযাত্রী পরিবহন শুরু হবে এবং ১২ নভেম্বরের মধ্যে হজযাত্রী পরিবহন সম্পন্ন হবে। হজ শেষে ২২ নভেম্বর থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে। ২১ ডিসেম্বরের মধ্যে সব হাজিকে ফিরিয়ে আনা হবে। এ জন্য বাংলাদেশ বিমান ইতিমধ্যেই দুটি চার্টার্ড এয়ারক্রাফট ভাড়া করেছে।