এবার হজযাত্রীদের খরচ বাড়ছে। জ্বালানি তেল ও ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রত্যেক হজযাত্রীকে এবার ২৮ হাজার দুই টাকা বেশি খরচ করতে হবে।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় হজনীতি ও হজ প্যাকেজ অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে হজনীতি অনুমোদনের কথা জানান।প্রেসসচিব বলেন, ঘোষিত হজ প্যাকেজ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রীর এবার খরচ হবে দুই লাখ ৫৯ হাজার ৪২ টাকা। গত বছর এই খরচ ছিল দুই লাখ ৩১ হাজার ৪০ টাকা। এ ছাড়া আরও ৩০ হাজার টাকা হজযাত্রীকে সঙ্গে নিতে হবে। তেল ও ডলারের মূল্য বেড়ে যাওয়ায় আগের তুলনায় খরচ বেড়েছে বলে তিনি জানান।আবুল কালাম আজাদ জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ নভেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছরের ২ মার্চ ধর্ম মন্ত্রণালয় ও সৌদি সরকারের সঙ্গে হজ নিয়ে একটি চুক্তি হয়। বাংলাদেশ থেকে এ বছর মোট এক লাখ ২০ হাজার লোক হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় (ননব্যালটি) এক লাখ পাঁচ হাজার লোক হজে যাবেন। আগে প্রতি ৬০ জন হজযাত্রীর জন্য একজন গাইড থাকলেও এবার প্রতি ৪০ জনের জন্য একজন গাইড দেওয়া হবে বলেও জানান তিনি।আবুল কালাম আজাদ বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনকারীদের বাড়িভাড়া ছাড়া সরকারকে এক লাখ ৩৩ হাজার টাকা করে দিতে হবে।প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রী বলেছেন যে গত বছর বাংলাদেশিরা সুন্দরভাবে হজ করেছেন। এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।এ ছাড়া রাবার বোর্ড আইন, ২০১১-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ প্রসঙ্গে প্রেসসচিব বলেন, ১৯১৪ সাল থেকে দেশে রাবারের চাষ হয়। বর্তমানে দেশে ৯২ হাজার ৯৮৫ একর জমিতে রাবারের চাষ হয়ে থাকে। এ বিষয়ে একটি নীতি প্রণয়নের প্রয়োজন দেখা দিয়েছে। এই নীতিতে একটি বোর্ড গঠনের কথাও বলা হয়েছে।এ ছাড়া ইউনেস্কো ফোরাম অব মিনিস্টারস ইনচার্জ অব সোশ্যাল ডেভেলপমেন্ট ফ্রম সাউথ এশিয়ার মন্ত্রী পর্যায়ের তৃতীয় সভায় নেওয়া ‘কলম্বো ডিক্লারেশন’ বিষয়ে খাদ্যমন্ত্রীর ইউক্রেন সফর ও শিক্ষামন্ত্রীর মালদ্বীপ সফরের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।নাগরিকত্ব বাংলাদেশি, জাতীয়তা বাঙালি: বৈঠক সূত্র জানায়, বৈঠকে বলা হয়, নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষের পরিচয় হবে বাংলাদেশি। সেই সঙ্গে জাতি হিসেবে প্রত্যেক নাগরিকের আলাদা আলাদা পরিচয় থাকবে। এ ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক বাঙালিদের জাতীয়তা হবে বাঙালি, চাকমাদের জাতীয়তা চাকমা, সাঁওতালদের জাতীয়তা সাওতাল ইত্যাদি। গতকালের মন্ত্রিসভার বৈঠকে এ প্রসঙ্গে কথা উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রকম অভিমত ব্যক্ত করেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।সূত্র জানায়, বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নাগরিকত্ব ও জাতীয়তা প্রসঙ্গ নিয়ে কথা তোলেন। বৈঠকে তিনি বলেন, ‘জাতীয়তার পরিচয় নিয়ে আমাদের বিব্রত হতে হয়।’ তখন এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক হিসেবে পরিচয় হচ্ছে বাংলাদেশি, জাতি হিসেবে বাঙালি, চাকমা বা যার যার নিজস্ব পরিচয়। সূত্র জানায়, বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁর মালদ্বীপ সফরের বিষয়ে বৈঠকে অবহিত করেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, মালদ্বীপ সরকার সে দেশে একটি বিশ্ববিদ্যালয় করবে। এ জন্য বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ সহযোগিতা চেয়েছে দেশটি। মালদ্বীপের বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলাদেশের বিশেষজ্ঞ সহযোগিতা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দেন। এ ছাড়া মালদ্বীপে বর্তমানে ১৫ হাজার বাংলাদেশি রয়েছে। এই সংখ্যা আরও বাড়ানো যেতে পারে বলে শিক্ষামন্ত্রী অভিমত ব্যক্ত করেন। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার ব্যাপারেও প্রধানমন্ত্রী সম্মতি দেন বলে জানা গেছে।