হজযাত্রীদের বিড়ম্বনা, নানা অভিযোগ
এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে অনেকে পবিত্র হজ পালন করতে এসেছেন। তাঁদের মধ্যে আছেন গ্রাম থেকে আসা মানুষ, আছেন বয়োবৃদ্ধ, নারী ও কম শিক্ষিত মানুষও। তাঁদের অনেকেই মক্কার যে এলাকায় থাকছেন, সে এলাকার নাম জানেন না। তাঁদের দলনেতার নামও ঠিকমতো বলতে পারেন না। কাবা শরিফ তাওয়াফ শেষে অথবা মসজিদুল হারামে নামাজ আদায় শেষে ভিড়ের কারণে কেউ দলছুট হয়ে পড়লে বাসায় পৌঁছাতে তিনি বেশ বিড়ম্বনায় পড়ছেন। ঠিকানা বলতে পারলে স্থানীয় লোকজন বা প্রবাসী বাংলাদেশিরা তাঁদের বাসায় পৌঁছাতে সহায়তা করেন।দলছুট হয়ে বিড়ম্বনায় পড়া হজযাত্রীরা মূলত বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন। তাঁদের অনেকে অভিযোগ করেন, দলনেতারা তাঁদের প্রতি ঠিকমতো খেয়াল রাখেন না। বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায়ই বেশির ভাগ হজযাত্রী এসেছেন।কয়েকজন হজযাত্রী অভিযোগ করেন, তাঁদের যেসব সুযোগ-সুবিধার কথা বলে আনা হয়েছে, বাস্তবে তা তাঁরা পাচ্ছেন না। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাসিন্দা এনামুল হকের বৃদ্ধ মা, খালা ও বড় ভাই বলেন, তাঁরা হজে এসেছেন এলাকার পরিচিত এক ব্যক্তির মাধ্যমে। আসার আগে তাঁদের যেসব সুবিধার কথা বলা হয়েছিল, এসে দেখেন তার কোনো মিল নেই।কয়েকজন জানান, তাঁদের কাবা শরিফের কাছাকাছি রাখার প্রতিশ্রুতি দেওয়া হলেও রাখা হচ্ছে দূরে। এ ছাড়া তিন বেলা খাবার দেওয়া, মক্কা-মদিনার দর্শনীয় স্থান দেখানো এবং তাসরিয়া অনুযায়ী (প্রত্যেক হাজির জন্য চার মিটার) প্রত্যেকের জন্য একটি খাট, মালামাল রাখার স্থান এবং পর্যাপ্ত আলো-বাতাস থাকা বাথরুমের ব্যবস্থা ও অন্যান্য সুবিধার কথা বলা হলেও সব পাওয়া যায় না।জানা যায়, এজেন্সির মাধ্যমে আসা হাজিদের ভালোভাবে হজ করিয়ে নেওয়ার জন্য একজন করে দলনেতা থাকেন। দলনেতারা মূলত হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের তাঁদের সঙ্গে আসতে উৎসাহিত করতে বিভিন্ন সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দেন। পরে হজযাত্রীদের এজেন্সির কাছে নেওয়া হয়। সৌদি আরব এসে তাঁরা সেই প্রতিশ্রুত সুযোগ-সুবিধা পান না। এ ব্যাপারে ভুক্তভোগী অভিযোগ করলে দলনেতা ও এজেন্সি এ জন্য পরস্পরকে দোষারোপ করেন। কিন্তু হাজিদের সমস্যার সমাধান হয় না। প্রতিবছরই থাকে এমন অভিযোগ।নাম প্রকাশে অনিচ্ছুক এক দলনেতা জানান, গ্রাম থেকে হজযাত্রী জোগাড় করে এজেন্টকে দেওয়ার বিনিময়ে দলনেতা বিনা খরচে হজ পালন করেন ও নগদ অর্থও পান।বাংলাদেশ হজ প্রতিনিধিদলের সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল, যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ মক্কায় পৌঁছেছেন। তাঁরা বিভিন্ন বাসায় গিয়ে হজযাত্রীদের খোঁজখবর নেন।ভারত থেকে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী আসেন বেশিবাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় বেশি মানুষ হজ করতে এলেও ভারত থেকে বেশি আসে সরকারি ব্যবস্থাপনায়। এর কারণ, খরচ কম ও সুবিধা বেশি। এমনটাই বললেন কাবা শরিফের (মসজিদুল হারাম) বাইরে পরিচয় হওয়া ভারতীয় নাগরিক মোহাম্মদ মহসিন আলী (৬০)। তাঁর বাড়ি আসাম রাজ্যের লকিমপুরে। বাংলাদেশ থেকে হজ প্যাকেজের খরচ দুই লাখ ৩০ হাজার টাকা শুনে তিনি বললেন, ‘ভারত থেকে সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে লাগে এক লাখ ১৫ হাজার রুপি। এই প্যাকেজে সৌদি আরবে থাকা, আসা-যাওয়ার বিমানের টিকিটসহ আরও অনেক সুযোগ-সুবিধা থাকে। এ জন্য ভারত থেকে সরকারি ব্যবস্থাপনায় বেশি হাজি আসেন।’মক্কার আজিয়াদ এলাকায় ভারতীয় হজ মিশনের তথ্যকেন্দ্র। সেখানে কথা হয় দায়িত্বরত কর্মকর্তা নাসির খানের সঙ্গে। তিনি জানান, তিনি নয়াদিল্লিতে সরকারি চাকরি করেন। তিন মাসের জন্য প্রেষণে সৌদি আরব এসেছেন। এ বছর ভারত থেকে সরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০৭টি এজেন্টের মাধ্যমে ৪৮ হাজার মানুষ হজ করতে এসেছেন। হজকর্মী আছেন এক হাজার ৭০০ জন। তাঁদের মধ্যে ভারত থেকে এসেছেন ৭০০ জন। পাঁচ ওয়াক্ত নামাজের সময় হজযাত্রীদের ৭০টি বাসে করে মসজিদে আনা-নেওয়া করা হয়।আরও একজনের মৃত্যুহজ পালন করতে আসা আরও একজন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। তিনি হলেন মাদারীপুরের শিবচর উপজেলার নুরুল হক মুন্সি (৭৩)। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এ নিয়ে এবার হজ পালনে এসে এ পর্যন্ত ২০ জন বাংলাদেশি মারা গেলেন।