হজযাত্রীরা মিনার উদ্দেশে রওনা হবেন কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালন করতে সারা বিশ্বের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান মক্কায় সমবেত হয়েছেন। তাঁরা মিনার উদ্দেশে রওনা হবেন কাল শনিবার থেকে। হজের অংশ হিসেবে তাঁরা মিনায় পাঁচ দিন অবস্থান করবেন। মিনায় (জামারাত) শয়তানকে পাথর নিক্ষেপের সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য সৌদি হজ কর্তৃপক্ষ (মোয়াচ্ছাসা) হাজিদের ভাগ ভাগ করে জামারাতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।সৌদি আরবে বিমানবন্দরে নামার পর থেকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে হাজিদের মক্কা-মদিনায় পৌঁছানো, আবাস, মিনা, মুজদালিফা, আরাফাতে থাকা, খাওয়া, যাতায়াতসহ সব কিছুর ব্যবস্থা যাঁরা করেন, তাঁদের বলা হয় মোয়াল্লেম। প্রত্যেক মোয়াল্লেমের নির্দিষ্ট নম্বর আছে।মিনায় হাজিদের থাকার জন্য নির্দিষ্ট জায়গায় ১ থেকে শুরু করে ৯৩ নম্বর পর্যন্ত তাঁবু আছে। মোয়াল্লেমকে অতিরিক্ত অর্থ দিলে জামারাতের (শয়তানকে পাথর মারার স্থান) কাছে তাঁবু পাওয়া যায়। বাংলাদেশ থেকে আসা হাজিদের বেশির ভাগের তাঁবু জামারাত থেকে বেশ দূরে।হজ ব্যবস্থাপনায় যুক্ত মক্কা-প্রবাসী বাংলাদেশি মাকসুদ সেলিম জানান, অতিরিক্ত রিয়াল (সৌদি মুদ্রা) দিলে মোয়াল্লেমরা জামারাতের কাছে তাঁবুতে হাজিদের থাকার ব্যবস্থা করেন। যেসব এজেন্সি বাড়তি অর্থ দিয়েছে, তাদের মাধ্যমে আসা হাজিদের তাঁবু থাকবে জামারাতের কাছাকাছি। এই অর্থ এজেন্সি আদায় করে হাজিদের কাছ থেকে। যাঁরা বাড়তি অর্থ দেন না তাঁদের তাঁবু হয় দূরে। হজের সময় মিনার সব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকায় জামারাত থেকে দূরে তাঁবু পাওয়া হাজিরা বিশেষ করে যাঁরা বৃদ্ধ ও শারীরিকভাবে দুর্বল, তাঁরা অসুবিধায় পড়েন। কারণ তাঁদের দীর্ঘ পথ হাঁটতে হয়। হাঁটার সময় কেউ কেউ পথও হারিয়ে ফেলেন। এ ছাড়া তাঁবুগুলো দেখতে এক রকম হওয়ায় এবং এগুলোতে আরবিতে নম্বর যুক্ত থাকায় অনেকে নিজ তাঁবু চিনতে সমস্যায় পড়েন।মোয়াল্লেম দপ্তর সূত্র জানায়, জামারাতের কাছে মোয়াল্লেম নম্বর ৪, ৭, ১৫, ১৭-এর অধীনে থাকবেন বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় আসা হাজিরা। আর বেসরকারি ব্যবস্থাপনায় ৩১৩টি এজেন্সির মাধ্যমে আসা হাজিরা থাকবেন ৩, ৪, ৭, ১৫, ৪২, ৫৮, ৬১, ৬৪, ৬৫,৬৮,৬৯, ৭০,৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭, ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩ মোয়াল্লেম নম্বরের অধীনে।বাংলাদেশ হজ মিশন: সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় আসা বাংলাদেশি সব হজযাত্রীকে সার্বিক দেখভাল ও সহায়তা করে বাংলাদেশ হজ মিশন। মদিনার আল মাসানিয়ায় রয়েছে বাংলাদেশ হজ মিশন। এর অবস্থান বোঝানোর জন্য রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা ও দিকনির্দেশনা। হজ মিশনের নিয়ন্ত্রণ কক্ষে হজযাত্রীদের সার্বিক বিষয়ে খেয়াল রাখা হয়। চিকিৎসাকেন্দ্রে ২৪ ঘণ্টাই বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। কেউ পথ হারালে বাসা বা ঠিকানা খুঁজে দেওয়া হয়। হাজিকে খুঁজতে আসা আত্মীয়দেরও সহায়তা করা হয়। মিনায় ২৫/৬২ নম্বর তাঁবুতে পাঁচ দিন বাংলাদেশ হজ মিশনের কার্যক্রম চলবে।মদিনায় হজ মিশনের সহকারী হজ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশি সব হাজির জন্য এই হজ মিশনের দরজা উন্মুক্ত। সরকারি ব্যবস্থাপনায় আসা হাজিদের পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় আসা হজযাত্রীরাও আবাসন, চিকিৎসাসেবা, তথ্যসেবা পেয়ে থাকেন।বেসরকারি এজেন্সির মাধ্যমে আসা সিরাজগঞ্জের এ কে শহীদুজ্জামান বলেন, ‘হজে এসে বাসা নিয়ে বেশ সমস্যায় পড়েছিলাম। মদিনা হজ মিশনে জানানোর পর সমস্যার সমাধান হয়েছে।’ তিনি জানান, অভিযোগ করা হবে এই ভয়ে হজযাত্রীদের হজ মিশন চেনান না কিছু এজেন্সির লোকজন।