সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী
হজে গিয়ে না ফিরলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা
হজ পালন করতে গিয়ে যদি কোনো হজযাত্রী দেশে ফিরে না আসেন, তাহলে সংশ্লিষ্ট হজ এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার।গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোহিঙ্গাদের অবৈধভাবে হজে গমন রোধে আয়োজিত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নভেম্বরে শুরু হওয়া হজ পালনের নামে যুদ্ধাপরাধী, চাকরি সন্ধানী, রোহিঙ্গা ও অপরাধীরা যেন দেশত্যাগ করতে না পারে, এ জন্য এই উদ্যোগ। প্রতিবারই হজের সময় রোহিঙ্গারা বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করে এবং তারা বিদেশে গিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে। তাই এবার যেন একই ঘটনা না ঘটে, সে দিকে লক্ষ রাখতে সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরা যাতে সময়মতো দেশে ফিরে আসেন, এ ব্যাপারে হজ এজেন্সিগুলোকে নিশ্চয়তা দিতে হবে। এতে কেউ ব্যর্থ হলে লাইসেন্স বাতিলসহ জরিমানা করা হবে।বৈঠকে এজেন্সিগুলোর মাধ্যমে যাঁরা হজ পালন করতে যাবেন, আগস্ট মাসের মধ্যে তাঁদের একটি তথ্যভান্ডার পুলিশের বিশেষ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওই তালিকায় যাঁদের নাম থাকবে, তাঁদের ব্যাপারে তদন্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেন, পুলিশের তদন্ত প্রতিবেদনের ওপর আগ্রহীদের পাসপোর্ট ও ভিসা দেওয়া হবে। আর কোনো এজেন্সি যদি তথ্য না দেয়, তাহলে বোঝা যাবে, তারা অসৎ উদ্দেশ্য নিয়ে হজযাত্রীদের পাঠাচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কেউ ভিনদেশি নাগরিকের সনদে সত্যায়িত করে পাসপোর্ট পেতে সহায়তা করে, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, এ বছর ৯৪ হাজার লোক হজ করতে যাচ্ছেন, যা গত বছরের চেয়ে ৩৭ হাজারের বেশি। গতবার এ সংখ্যা ছিল ৫৭ হাজার।স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ উপস্থিত ছিলেন।