হজের আগে বড় কর্মসূচিতে যাবে না ধর্মভিত্তিক দলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ডিসেম্বরের আগে বড় কিছু না ঘটলে ধর্মভিত্তিক দলগুলো বড় ধরনের আন্দোলনের কর্মসূচিতে যাবে না।দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ সময়ে দলগুলোর নেতা-কর্মী-সমর্থকেরা পরীক্ষা, রোজা ও হজের আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত থাকবেন। ৬ নভেম্বর হজ। হজের আনুষ্ঠানিকতা শেষে হাজিদের দেশে ফিরতে নভেম্বর মাস কেটে যাবে। ফলে, মাঝের এই চার মাসে তাদের পক্ষে বড় কর্মসূচি নিয়ে রাজপথে থাকা সম্ভব হবে না।জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের আমির মুফতি ফজলুল হক আমিনী প্রথম আলোকে বলেন, ‘যে যা-ই বলুক, হজের আগে আমাদের পক্ষে মাঠে ভূমিকা রাখা সম্ভব হবে না।’ তিনি প্রস্তাবিত জাতীয় নারী উন্নয়ন নীতিমালাকে কোরআন-সুন্নাহবিরোধী দাবি করে গত ৪ এপ্রিল সারা দেশে হরতাল কর্মসূচি দেন।অবশ্য জামায়াতে ইসলামীসহ সমমনা কয়েকটি দলের নেতারা বলেছেন, সরকার বাধ্য করলে তাঁরা লাগাতার কর্মসূচিতে যাবেন। তবে এসব কর্মসূচি সরকার পতনের মতো সর্বাত্মক আন্দোলনে রূপ নেবে না বলে জানিয়েছেন তাঁরা।কওমি মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা: জামায়াতে ইসলামী ছাড়া অধিকাংশ ধর্মভিত্তিক দল ও সংগঠন কওমি মাদ্রাসাকেন্দ্রিক আলেমদের নিয়ন্ত্রণে অথবা তাঁদের প্রভাবাধীন। ফলে, এসব দল ও সংগঠনের রাজনৈতিক তৎপরতা কওমি মাদ্রাসার ছাত্রদের ওপর নির্ভরশীল থাকে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪ জুলাই সোমবার থেকে সারা দেশে কওমি মাদ্রাসাগুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। সাধারণত রোজার আগেই মাদ্রাসাগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি মাসের শেষ নাগাদ কওমি মাদ্রাসার পরীক্ষা চলবে।রোজার পর হজ: ৩ আগস্ট থেকে রোজা শুরু হওয়ার কথা। সে হিসাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঈদুল ফিতর। এরপর শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এটি শেষ হতে প্রায় দেড় মাস লাগবে। কওমি মাদ্রাসাকেন্দ্রিক আলেমদের বড় একটি অংশ প্রতিবছর হজের আনুষ্ঠানিকতা পালন করতে সৌদি আরবে যান।হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট প্রথম আলোকে জানান, সূচি অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর প্রথম হজ ফ্লাইট যাত্রা করবে। হজ অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১১ নভেম্বর থেকে। হাজিরা দেশে ফিরতে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত লেগে যাবে।ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন জানান, বর্ষা ও রোজার কারণে তাঁদের ঢাকা অবরোধ ও একটি লংমার্চ কর্মসূচির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।শিক্ষানীতি থেকে সংবিধান সংশোধনী: প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি ধর্মহীন দাবি করে ধর্মভিত্তিক দলগুলো মাঠে নামে। কিছুদিন পর তাদের আন্দোলনে যুক্ত হয় জাতীয় নারী উন্নয়ন নীতি। এর কিছু ধারাকে কোরআন-সুন্নাহবিরোধী দাবি করে কওমি মাদ্রাসাকেন্দ্রিক দলগুলো।জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী বিল গত ৩০ জুন পাস হওয়ার পর ইসলামী আন্দোলন গত রোববার, ধর্মভিত্তিক ইসলামী ও সমমনা ১১ দল রবি ও সোমবার দুপুর ১২টা পর্যন্ত টানা ৩০ ঘণ্টা হরতাল পালন করে। বিএনপি ও জামায়াতে ইসলামী হরতালে সমর্থন দেয়।সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল এবং সংবিধানের মূলনীতি থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি তুলে দিয়ে সেখানে ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘সমাজতন্ত্র’ প্রতিস্থাপন করার প্রতিবাদ জানিয়ে তারা এ কর্মসূচি দেয়।সংশোধনীতে বহাল রাখা সংবিধানের প্রস্তাবনার ‘বিসিমল্লাহির-রহ্মানির রহিম’-এর অনুবাদকে ‘বিকৃত’ বলে দাবি করছে দলগুলো। তা ছাড়া ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণ আরোপের ধারা সংযোজনের প্রতিবাদ জানিয়েছে তারা।এসব বিষয়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন কর্মসূচিতে অংশ নিচ্ছে শরিক দল খেলাফত মজলিস। দলটির মহাসচিব আহমদ আবদুল কাদের প্রথম আলোকে বলেন, সরকার যে আচরণ শুরু করেছে, তাতে বড় আন্দোলন ছাড়া বিকল্প নেই। তবে ঈদের আগে বড় কিছু করা সম্ভব হবে বলে মনে হয় না।এ বিষয়ে ভিন্ন মত জানান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, বর্ষা, রোজা, আবহাওয়া বা পর্ব আন্দোলনের জন্য বাধা নয়। রমজানেই তো বদরের যুদ্ধ হয়েছিল। সরকার বাধ্য করলে রমজানেই হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।আজহার যোগ করেন, ‘রাজনীতি এমন জিনিস, দুই মাসেও অনেক কিছু হয়ে যেতে পারে। আবার দেখা যাবে, দুই বছরেও কিছু করতে পারব না।’হজের আগে বড় ধরনের আন্দোলন না হলেও বর্তমান সরকারের মেয়াদ পার করা নিয়ে সংশয় প্রকাশ করেন ফজলুল হক আমিনী। তিনি বলেন, সরকার যেভাবে স্বৈরাচারী কায়দায় যা খুশি তা-ই করছে, তাতে এ সরকার মেয়াদ পার করতে পারবে কি না, সন্দেহ। যেভাবেই হোক, সরকারের পতন হবে।অভিন্ন দাবিতে হরতালের মতো কর্মসূচি নিয়ে রাজপথে আন্দোলন করলেও সরকারের পতন নিয়ে ভিন্ন মত আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। দলটির মহাসচিব ইউনূছ আহমাদ প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকারের পতন আমাদের লক্ষ্য নয়। আমরা সরকারকে সংশোধনের দাওয়াত দিয়ে যাব। কথা না শুনলে সরকার নিজেই তার পতন ঘটাবে।’