হটস্পটের পক্ষে সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত কেন ইউডিআরএস মোটেও পছন্দ করে না? সবচেয়ে জনশ্রুত কারণ তিনটি:১. যে সিরিজ দিয়ে ইউডিআরএসের ব্যবহার শুরু, সেই সিরিজে এটাকে মোটেও কাজে লাগাতে পারেনি ভারত। আর শ্রীলঙ্কা কাজে লাগিয়েছিল দারুণভাবে, তাদের টেস্ট সিরিজ জয়ে যেটার ছিল বড় ভূমিকা।২. এখনো পর্যন্ত ইউডিআরএসের বেশির ভাগ সিদ্ধান্ত ভারতের বিপক্ষে গেছে। ঘুরিয়ে বললে ভারত আসলে রেফারেল চেয়েছে ভুল সময়গুলোতে।৩. ইউডিআরএস একদমই পছন্দ করেন না শচীন টেন্ডুলকার! নিন্দুকেরা বলেন, তিন নম্বর কারণটাই নাকি মূল। ভারতে টেন্ডুলকারের মতামতের গুরুত্ব কতটা, এটা নিশ্চয়ই কাউকে বলে বোঝাতে হবে না। টেন্ডুলকার চান না, কাজেই এটা বাদ! এত কিছু বলার মূল কারণ একটাই, এই টেন্ডুলকারও কিন্তু একটা প্রযুক্তির দারুণ ভক্ত—হটস্পট! ইউডিআরএস নিয়ে অসন্তুষ্টির কথা প্রথম যেদিন প্রকাশ্যে বললেন, সেদিনই টেন্ডুলকার জানিয়েছিলেন, একমাত্র হটস্পটে তাঁর বিশ্বাস আছে। তৃতীয় সপ্তাহে পড়েছে বিশ্বকাপ। এখনো পর্যন্ত ‘টক অব দ্য টুর্নামেন্ট’-এর একটি ইউডিআরএস। পক্ষে-বিপক্ষে ব্যাখ্যা, তর্ক-বিতর্ক, যুক্তি-পাল্টা যুক্তি। কিন্তু একটা জায়গায় টেন্ডুলকারের সঙ্গে মিল দেখা যাচ্ছে আরও অনেকেরই—হটস্পটে ভক্তি!রিকি পন্টিংয়ের কথাই ধরুন। শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের পর প্রেমাদাসার সংবাদ সম্মেলনে ইউডিআরএস প্রসঙ্গ উঠতেই যথারীতি সতর্ক বক্তব্য অস্ট্রেলিয়া অধিনায়কের। ইউডিআরএসের ভালো-মন্দ দুটো দিকই তুলে বিশাল এক উত্তর দিলেন। তবে লম্বা এই উত্তরের শুরুটা কী ছিল শুনবেন? ‘যেদিন শুনলাম বিশ্বকাপে ইউডিআরএস থাকবে অথচ হটস্পট থাকবে না, বিশ্বাসই করতে পারিনি। প্রযুক্তির ব্যবহার যদি করবই, তাহলে সর্বোচ্চ ব্যবহারই করা উচিত যেন সবচেয়ে নিখুঁত ফল পাওয়া যায়। আর এটা নিশ্চিত করতে পারত হটস্পট।’কুমার সাঙ্গাকারা, আশিস বাগাই, ব্র্যাড হাডিন, ইউনুস খান, জিমি কামান্ডে বা উমর গুল—ইউডিআরএস নিয়ে প্রশ্ন হলে সবাই একপর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছেন হটস্পটের দিকে। ভক্তের তালিকায় নবতম সংস্করণ মিসবাহ-উল হক। পরশু পাল্লেকেলেতে প্রশ্নটা ছিল ইউডিআরএস নিয়েই। পাকিস্তানের টেস্ট অধিনায়ক ও ওয়ানডের সহ-অধিনায়ক যথারীতি চলে গেলেন হটস্পটে, ‘আমার মনে হয় হটস্পট আর স্নিকোমিটার হলো সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রযুক্তি, বিশেষ করে হটস্পটের ফলাফল বলা যায় সবচেয়ে নিখুঁত। কিন্তু বিশ্বকাপে এটাই তো নেই!’হটস্পট মূলত ইনফ্রারেড ভিডিও পদ্ধতি। মাঠের দুই পাশে অন্তত দুটি ইনফ্রারেড ক্যামেরা থাকবে, যেগুলোয় প্রতিটি মুহূর্ত ধারণ হতে থাকবে। স্লো মোশনে বা রিপ্লেতে দেখা যাবে ইনফ্রারেড ছবি বা নেগেটিভের মতো ছবি, যেটায় ফুটে উঠবে বল ব্যাটের বা ব্যাটসম্যানের ঠিক কোথায় লেগেছে। যে অংশে বল লাগবে, নেগেটিভ ছবিতে সেই অংশটুকু উজ্জ্বল হয়ে উঠবে। ব্যাট-প্যাড ক্যাচ, কট বিহাইন্ড, এলবিডব্লুর সংশয়পূর্ণ সিদ্ধান্তগুলোয় হটস্পটের কার্যকারিতাকে বলা যায় প্রায় নিখুঁত। স্নিকোমিটারের মতো এই প্রযুক্তি বের করেছে মেলবোর্নভিত্তিক বিবিজি স্পোর্ট। ‘স্নিকো’ শব্দ তরঙ্গের মাধ্যমে কাজ করে বলে অনেক সময় ফাঁক থেকে যায়, হটস্পটে সে সুযোগ নেই। প্রযুক্তিটা প্রথম উদ্ভাবিত হয়েছিল অবশ্য মিলিটারি ট্যাংক ও জেটবিমান শনাক্ত করার জন্য। ক্রিকেটে প্রথম ব্যবহূত হয়েছে ২০০৬-০৭ অ্যাশেজে। তবে খরচ অনেক বেশি বলেই এর ব্যবহার সীমিত, দুটি ইনফ্রারেড ক্যামেরার প্রতিদিনের খরচ প্রায় ছয় হাজার ডলার!তবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরের জন্য এই অর্থ নিশ্চয়ই সমস্যা হওয়ার কথা নয়! সমস্যা অন্য জায়গায়। ক্যামেরাগুলো অস্ট্রেলিয়ার বাইরে নিতে গেলে অস্ট্রেলিয়ান ডিফেন্স ডিপার্টমেন্টের লাইসেন্সের প্রয়োজন হয়। ওই লাইসেন্সের একটি শর্ত আবার যে ইভেন্টের জন্য নেওয়া হবে, সেটা শেষ হওয়ার সাত দিনের মধ্যে জমা দিতে হবে। ক্যামেরাগুলো অত্যন্ত সংবেদনশীল হওয়ায় উপমহাদেশে পাঠাতে চায়নি প্রস্তুতকারী কোম্পানি, এসব কারণও শোনা যায়। তবে ব্যবহার না করলে আর উদ্ভাবনই-বা করা হলো কেন? কে জানে, হয়তো এসব খোঁড়া যুক্তি দিয়ে চাপা দেওয়া হয়েছে আসল কারণগুলো!