হট্-টি-টি
ঢাকা-মাওয়া রাস্তার তখন কোনো খবর ছিল না। যেমন ছিল না বাবুবাজার-জিঞ্জিরা ব্রিজের। রুহিতপুর হয়তো ১০-১২ কিলোমিটার দূরে হবে। সেখানে বসবাসকারী তখনকার বিসিকের ডিজাইন বিভাগের প্রধান ও তাঁর স্বজনদের বাড়িগুলো ছিল বিশাল এক চত্বর নিয়ে। কোনো কোনো বাড়ির পেছনে ভর দুপুরেও সুর্যের আলো পৌঁছে না। বাঁশঝাড়ের সঙ্গে আম-কাঁঠাল-জাম-পেয়ারা-জাম্বুরা-আতা-নোনাফল, দেবদারু, জগডুমুর, বট, খোকসা, কড়ই, রেইনট্রি, জিকা, মান্দার, গাবগাছের সঙ্গে ছিল বেত, পাটিবেত ও ছিটকির ঝোপ। যেহেতু তখনো ওখানে শহুরে ভাব চালু হয়নি বা উন্নয়নের জোয়ার লাগেনি উপরন্তু একজন গুণীজনের বাড়িকেন্দ্রিক ছোট পাড়া তাই পুরো জায়গাটা ছিল পাখিতে ভরপুর।ঢাকা শহরের কাছে কেবল ওখানেই ৩০০-৪০০ নিশি বক বা ওয়াক, কানি বক ও ছোট পানকৌড়িরা দিন বা রাত কাটাত এবং বাঁশ ও দেবদারু বা অপরাপর উঁচু গাছে নির্ভয়ে ঘর বাঁধত। ওদের সঙ্গে আরও বাস করত শ-দুয়েক বাদুড়। ১৯৭০-৮০-এর দশকে ওখানে পাখি দেখতে যেতাম। মিটফোর্ডের ঘাটে জনপ্রতি চার আনা দিয়ে ঢাকাইয়া কুট্টিদের চালানো ডিঙ্গিতে চড়ে ওপাড় জিঞ্জিরায়। সেখান থেকে সৈয়দপুরগামী মুড়ির টিনমার্কা বাসে চেপে রুহিতপুর বাজারের ঠিক আগে নামলেই পাখি ও বাদুড়ের কলকাকলী বা আর্তচিৎকার কানে ভেসে আসত আর বুঝতাম আমরা সঠিক জায়গায় পৌঁছে গেছি। এখনকার পাখি পর্যবেক্ষকদের মুখ্যমণি সাবেক উইং কমান্ডার ইনাম আল হক তখন সবে পাখি দেখতে শুরু করেছেন। অনুজ আনিসুজ্জামান তখন তার প্রতিষ্ঠিত এনজিও ‘নেকম’ নিয়ে ব্যস্ত, যা পরে অন্যদের দ্বারা হাইজ্যাক হয়ে একটি কোম্পানিতে রূপ নেয় তার কিছুটা পৃষ্ঠপোষকতা করতাম আমি আমার নিজের রোজগার থেকে। আনিস ইনাম ভাইকে নিয়ে আসেন, যাতে আমরা তিনজন একসঙ্গে রুহিতপুরে পাখি দেখতে পারি।সেনাকল্যাণ সংস্থার ফিরোজা জিপে করে আমাদের নিয়ে ইনাম ভাই ছুটলেন জিঞ্জিরার দিকে। বাবুবাজারের ফেরি পাড় হয়ে ওপাড় যাওয়ার পর এক ফালি কাঁচা-পাকা ভঙ্গুর সড়ক রুহিতপুর পাড় হয়ে নদীর ঘাটে চলে গেছে। নদীর ওপাড়ে সৈয়দপুর। সেটা ১৯৯৫ সালের ফেব্রুয়ারি মাস। কী কারণে যেন আনিস ও ইনাম ভাই গেলেন রাস্তার ধারের একটি আধাসরকারি অফিসের চত্বরে। সে সুযোগে আমি উল্টো দিকের রবিশস্যের খেতের দিকে হাঁটা দিলাম। তখন কেবল আমার সঙ্গেই একটি আসাই পেন্টাক্স এসএলআর ক্যামেরার সঙ্গে ৭০-৩০০ মিমি ম্যানুয়াল জুম লেন্স। ছবির জন্য প্রিন্ট এবং স্লাইড ফিল্ম ব্যবহার করতাম।সরিষা, বুট-কালাই-মটর-মাস, তিল, চীনা ও দুএকটি গমের খেতের সঙ্গে কিছু পতিত আর কিছু কেবল লাঙল চালানো হয়েছে এমন জমি। শীতের কারণে তখন ওসব খেতে পরিযায়ী খঞ্জনী, মাঠচড়াই, বঘেরি এবং ভরত পাখির সঙ্গে দুএকটি বাটানও দেখলাম। বেশ দূরের একটি চষা জমির ওপর থেকে, আমার অগ্রগমন টের পেয়ে উড়াল দিল একঝাঁক হট্-টি-টিসদৃশ পাখি। আমি যত ওদের কাছে যাওয়ার চেষ্টা করি ওরা একটু উড়াল দিয়ে আমার থেকে ৫০ থেকে ১০০ মিটার দূরে গিয়ে আবার আলগোছে নেমে পড়ে। ক্যামেরায় ঝাঁক দেখছি কিন্তু এমন একটি নিকট পাখি দেখিনি যার শট থেকে প্রজাতি চেনা যাবে। অমন ছবি পাওয়া দুষ্কর ভেবে যা লেন্সে এল তাই কয়েকটি তুলে নিলাম স্লাইডে। আমার অতি ব্যস্ততা দেখে আনিস ও ইনাম ভাই যখন মাঠে নামলেন তখন পাখিরা লম্বা উড়ালের প্রস্তুতি নিচ্ছিল। খুব কাছে থেকে ওদের দেখার আর সুযোগ হলো না। কেবল দুরবিন দিয়ে যা দেখলাম।দুবাই ফিরে ছবির দোকানে ফিল্ম দিয়ে স্লাইডগুলো ডেভেলপ করে ফাইলবন্দী করার আগে কেবল এক ঝলক দেখেছিলাম রুহিতপুরের হট্-টি-টির ছবি, যা তেমন স্পষ্ট ছিল না। এক দশক পরে যখন বাংলাদেশের পাখি বইয়ের পাণ্ডুলিপি রচনা করছিলাম তখন বিগত দুদশকে তোলা নেগেটিভ প্রিন্ট করা এবং স্লাইড থেকে প্রিন্ট করার পর তা স্ক্যান করার চেষ্টাও জারি ছিল একই সঙ্গে। এ সময় হঠাৎই হাতে আসে রুহিতপুরের অদূরে দেখা ওই পাখির কয়েকটি ছবি।কম্পিউটারের পর্দায় ছবি বড় করার পর স্পষ্ট দেখতে পেলাম উড়ন্ত এক ঝাঁক হট্-টি-টি পাখির প্রায় সবার সাদা লেজ এবং ডানায় আছে মস্ত বড় সাদা ব্যান্ড। সম্পূর্ণ সাদা লেজওয়ালা দ্বিতীয় কোনো হট্-টি-টি নেই আমাদের অঞ্চলে। ছবিতে নিদেন পক্ষে ১৯টি পাখি দেখা যায়।কেবল এ ছবি থেকেই শতকরা এক শ ভাগ নিশ্চিত হওয়া গেল প্রজাতিটি বাংলাদেশে পাওয়া যায়। আর ওর নাম ‘হোয়াইট-টেইলড ল্যাপউইঙ্গ’, প্রাণী জগতীয় নাম ‘ভ্যানেলাস লিউকুরাস’। লেজের রঙের ওপর ভিত্তি করে ওর যেমন ইংরেজি নাম, আমিও তেমনি এর দেশি নাম দিই সাদালেজি টিট্রিভা বা হট্-টি-টি।২০০৫ সালে ঢাকার পুরানা পল্টনে ফটোসাংবাদিক সমিতির মিলনায়তনে আমার পাখির ছবির প্রদর্শনীর সময় আমি সাদালেজি হট্-টি-টির একটি ছবিও প্রদর্শন করি। রাশিয়া, ইরান ও ইরাক হয়ে মধ্যপ্রাচ্যে ও আরব মুল্লুকে বসবাস করে এ প্রজাতি।রাশিয়ার বাইরের দল স্থানিক, কিন্তু রাশিয়ার পাখিরা গ্রীষ্মে প্রজননের পরে পরিযায়ীর জীবনযাপন করে। সম্ভবত এরই প্রায় ৫০টি পাখির একটি ঝাঁক রুহিতপুরের ওপর দিয়ে পরিযায়ন করে ১৯৯৫ সালে।এটা বাংলাদেশের বিরলতম পরিযায়িত পাখি।