হঠা ৎ ত্রুটি, খিলগাঁও উড়াল সেতুতে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও উড়ালসেতুর (ফ্লাইওভার) ওপর দিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উড়ালসেতুর খিলগাঁও রেলক্রসিংয়ের ঠিক ওপরের সংযোগস্থলে তিনটি স্প্যান আধা ইঞ্চি নিচে নেমে গেছে। স্প্যানের স্বাভাবিক সংকোচন-প্রসারণের তারতম্যের কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।গতকাল সন্ধ্যা থেকে গুজব ছড়ায়, সেতুটির একটি অংশ দেবে গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রকৌশলীরা বলছেন, আতঙ্কিত হওয়ার মতো কিছুই হয়নি। এটি সেতুর মূল কাঠামোর কোনো সমস্যা নয়। স্প্যানগুলো সব সময় সংকুচিত ও প্রসারিত হয়। স্বাভাবিক সংকোচন-প্রসারণ না ঘটায় সংযোগস্থলের তিন দিকের স্প্যান আধা ইঞ্চি বা ১২ মিলিমিটারের মতো নিচে নেমে গেছে। কাঠামো দেবে যায়নি।স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এই উড়ালসেতু নির্মাণ করা হয়। ২০০৫ সালের ২৩ মার্চ এটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ২০০৬ সাল থেকে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে।গতকাল রাতে গিয়ে দেখা যায়, রেলক্রসিংয়ের ঠিক ওপরে উড়ালসেতুর তিন রাস্তার সংযোগস্থলে এ সমস্যা ধরা পড়ে। সতর্কতামূলকভাবে সন্ধ্যা সাড়ে সাতটায় সেতুর সব কটি প্রবেশপথ বন্ধ করে দেয় পুলিশ। রাতে ঘটনাস্থলে এসে ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা আগামী ২৪ ঘণ্টার জন্য সেতুটিতে যান চলাচল বন্ধের ঘোষণা দেন।এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহাবুবুর রহমান বলেন, কংক্রিটের পিলারের ওপর কংক্রিটের পাত বা স্প্যান বসিয়ে তৈরি হয়েছে সেতুটি। পিলার আর স্প্যানের মধ্যে রয়েছে একধরনের স্প্রিং (বিয়ারিং)। আর উপরিভাগের দুটি স্প্যানের মাঝের ফাঁকে রয়েছে একধরনের রাবার (স্ট্রেপসিলস রাবার)। কোনো যান সেতু অতিক্রম করার সময় ওজন অনুযায়ী স্প্রিংটির সংকোচন ও প্রসারণ ঘটে থাকে। যার ফলে স্প্যানগুলো স্বাভাবিক নিয়মে কয়েক মিলিমিটার পর্যন্ত ওপরে-নিচে নড়াচড়া করে। কিন্তু সেতুটির ওই তিন রাস্তার সংযোগস্থলের তিন দিকের তিনটি স্প্যান নড়াচড়া করছে না। তাই তিনদিকের স্প্যানগুলোর সঙ্গে মাঝের স্প্যানটির উচ্চতার আধা ইঞ্চির তারতম্য হয়েছে।ডিসিসির নির্বাহী প্রকৌশলী বোরহানউদ্দীন বলেন, স্প্যানের নিচের বিয়ারিংগুলো ফেটে যাওয়া বা নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।তবে এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেছেন, সেতুর বিয়ারিংগুলো সাধারণত ১৫-২০ বছরে কিছু হয় না, তবে পানি লাগলে ওগুলো দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়া সেতুর দুই স্প্যানের মাঝের ফাঁকা জায়গাটুকু বালু পড়ে বন্ধ হয়ে রয়েছে। এতেও দুই স্প্যানের ফাঁকের রাবারগুলো কার্যকারিতা হারাতে পারে। নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে এমন হতে পারে। তবে আসলে কী হয়েছে, তা ভালোভাবে পরীক্ষার পরই নিশ্চিত করে বলা যাবে।সেতুর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ ডিসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আবুল হোসেন বলেন, ডিসিসি সাধারণত সেতুর উপরিভাগের রাস্তার সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে থাকে মাত্র। সেতুর যান্ত্রিক বা কাঠামোর বিষয়গুলো দেখে না ডিসিসি।রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে কি না, জানতে চাইলে মেয়র বলেন, বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। রক্ষণাবেক্ষণের সমস্যা থাকতে পারে, আবার নির্মাণ ও নকশাজনিত ত্রুটিও হতে পারে। তবে বিশেষজ্ঞরাই এটা বলতে পারবেন। সেতুর সমস্যা নির্ধারণের জন্য একটি বিশেষজ্ঞ দল গঠন করা হচ্ছে। এতে ডিসিসির প্রধান প্রকৌশলী, এলজিইডির প্রতিনিধি, বুয়েটের বিশেষজ্ঞ, সেনাবাহিনীর বিশেষজ্ঞ, দেশের বিশিষ্ট অবকাঠামো বিশেষজ্ঞ ও ডিসিসির পরামর্শক সংস্থার বিশেষজ্ঞরা থাকবেন। আশা করা যায়, শনিবার দুপুরের মধ্যেই সেতুর সমস্যা নির্ণয় করা সম্ভব হবে।ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল কালাম বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দু-তিন দিন আগে থেকে খিলগাঁও, মহাখালীসহ ঢাকার উড়ালসেতুগুলোর ওপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেতুগুলোর প্রবেশমুখে লোহার বার দিয়ে ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।