হঠাৎ কেঁপে উঠল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 উৎ পত্তিস্থল সিকিমের গ্যাংটক  ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮  আতঙ্ক, গুজবরাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকা গতকাল রোববার সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল। এর কিছুক্ষণ পর আরেকবার ভূকম্পন অনুভূত হয়। তবে শেষটির প্রভাব রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে সীমাবদ্ধ ছিল। দক্ষিনাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়নি।ভূমিকম্পের পর রাজধানীসহ সারা দেশে আতঙ্ক আর উৎ কণ্ঠা ছড়িয়ে পড়ে। বহুতল ভবনগুলো থেকে মানুষ বেরিয়ে আসে। রাজধানীতে ভবন হেলে পড়া নিয়ে তৈরি হয় গুজব ও ভয়। তবে গতরাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হিমালয় পর্বতমালার পাদদেশের সিকিম ও নেপাল সীমান্তবর্তী এলাকায়। জায়গাটি বাংলাদেশের উত্তরাঞ্চলের নিকটবর্তী। ভূগর্ভের ২০ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎ পত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। ভারতের আবহাওয়া বিভাগ এবং যুক্তরাষ্ট্র সরকারের ভূতত্ত্ব বিভাগও (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ উল্লেখ করেছে। আর পশ্চিমবঙ্গসহ ভারতীয় এলাকায় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ইউএসজিএস-এর মতে, ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়েছে ভারতের সিকিমের গ্যাংটক ও পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে। ঢাকায় ভূমিকম্পের তীব্রতা চার মাত্রার ছিল বলে মনে করছে সংস্থাটি। আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ৬২ বছরের মধ্যে বাংলাদেশসংলগ্ল এলাকায় সবচেয়ে তীব্র মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ ১৯৫০ সালে ভারতের আসাম এলাকায় ৮ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ১৯৯৯ সালে বান্দরবানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়। গত বছরের আগস্টে ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প ভারতের আসাম এলাকায় সৃষ্টি হয়। ১৯৯৯ সালের ভূমিকম্পে চট্টগ্রামের একটি ভবন ধসে ৩০ জনের মতো মারা যায়। দেশজুড়ে আতঙ্ক: প্রায় ১০০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটি সবচেয়ে তীব্রভাবে অনুভূত হয়েছে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলে। রাজধানীর আবহাওয়া বিভাগ থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের দূরত্ব ছিল ৪৯৫ কিলোমিটার ও সিকিম থেকে ৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পের সময় ঢাকায় বেশির ভাগ বহুতল ভবন কেঁপে ওঠে। আসবাব কাঁপতে থাকে। অনেক এলাকায় পুকুর ও নদীর পানিতে ঢেউয়ের সৃষ্টি হয়। বহু মানুষ আতঙ্কে ভবন থেকে নেমে খোলা জায়গায় অবস্থান নেয়। রাজধানীর লালবাগের পোস্তায় নাসরিন (১৪) নামের এক কিশোরী দ্রুত ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছে। ধানমন্ডি এলাকার বাসিন্দা বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ভূমিকম্পের সময় ধানমন্ডি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লেকের পানিতে ঢেউয়ের সৃষ্টি হয়। পুরান ঢাকার নয়াবাজার এলাকার বাসিন্দা সুফিয়া খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমি চুলার পাড়ে বইসা রানতেছিলাম। মনে অইছে নৌকা যেমন দুলে, তেমন দুলতাছে। আমি চিক্কুর দিয়া উইঠ্যা দৌড় দিছি। আমার মেয়ে ঘুমাইতেছিল, সেও রাস্তায় নাইমা আসছে। বাইরে আইসা দেখি বহুত মানুষ। সবাই ভয় পাইছে।’পুরান ঢাকার ব্যবসায়ী প্রাণতোষ তালুকদার বলেন, তাঁতীবাজার, শাঁখারীবাজারের পুরোনো বাড়িগুলো কাল ভীষণভাবে কাঁপছিল। লোকজন ভয়ে রাস্তায় এসে জড়ো হয়। এখানে আইনজীবীদের বেশ কিছু চেম্বার আছে, তাঁরাও বেরিয়ে আসেন। দোকানপাট থেকেও লোকজন দৌড়ে বেরিয়ে এসে রাস্তায় আশ্রয় নেয়।আতঙ্কে রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, গুলশান, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বেশির ভাগ এলাকার সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়ে। অনেক সড়কে যানজট লেগে যায়। মোবাইল ফোনের তরঙ্গ বিঘ্নিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে ভবন থেকে দ্রুত নামার চেষ্টা না করে বরং ভবনের বিমের কাছাকাছি মাথায় বালিশ নিয়ে অবস্থান করতে হবে। দৌড়াদৌড়ি না করে এক স্থানে স্থির হয়ে থাকলে ক্ষতির আশঙ্কা কম থাকবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের মতে, রাজধানীর বেশির ভাগ এলাকায় ভূমিকম্পের তীব্রতা চার মাত্রার মধ্যে ছিল। বিশেষ করে জলাশয় ভরাট হয়ে গড়ে ওঠা ও নদীতীরবর্তী এলাকা রাজধানীর পূর্বাঞ্চলে ভূমিকম্পের তীব্রতা ছিল বেশি। মিরপুর, উত্তরা, শাহবাগ, এলিফ্যান্ট রোড ও পুরান ঢাকায় ভূমিকম্পের তীব্রতা ছিল অপেক্ষাকৃত কম।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশেষজ্ঞ প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী প্রথম আলোকে বলেন, ভূমিকম্পের মাত্রা যতই হোক না কেন, উৎ পত্তিস্থল থেকে দূরত্ব ও মাটির গঠনের ওপর এর তীব্রতার পার্থক্য হয়। রাজধানীর বেশির ভাগ এলাকায় ভূমিকম্পের তীব্রতা পাঁচের মতো ছিল মন্তব্য করে তিনি বলেন, শক্ত মাটির এলাকায় ভূমিকম্পের তীব্রতা কম হয় আর জলাশয় ভরাট করে গড়ে ওঠা এবং নদীতীরবর্তী এলাকায় তীব্রতা বেশি থাকে। বাংলাদেশ ভূমিকম্প সমিতির সাধারণ সম্পাদক ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদি হাসান আনসারি প্রথম আলোকে বলেন, একটি তীব্র ভূমিকম্পের পর আরও মৃদু থেকে মাঝারি ভূমিকম্প সৃষ্টি হতে পারে। তবে এতে আতঙ্কিত না হয়ে সাবধানে থাকতে হবে। ছোটাছুটি না করে কোনো একটি খোলা স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা ভাল। আমাদের কলকাতা প্রতিনিধি জানান, ভূমিকম্পে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কালিম্পং, শিলিগুড়ি ও জলপাইগুড়ি জেলায় বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সিকিমেও। পশ্চিমবঙ্গের সমুদ্র-উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় জলোচ্ছ্বাস হয়েছে। এই জলোচ্ছ্বাসে সমুদ্র-তীরবর্তী এলাকা মুহূর্তের জন্য প্লাবিত হয়ে যায়। কলকাতার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। হাজারো মানুষ নেমে আসে রাস্তায়। কোথায়ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা গেছে, পশ্চিমবঙ্গে প্রথমবারের ভূমিকম্প স্থায়ী হয় ৪৭ সেকেন্ড। এরপর দার্জিলিং ও কলকাতায় আরও দুবার মৃদু ভূমিকম্প হয়। এর স্থায়িত্ব ছিল তিন-চার সেকেন্ড। পশ্চিমবঙ্গ ছাড়া দিল্লি, উত্তর প্রদেশ, ত্রিপুরা, ঝাড়খন্ড, ওডিশা ও মণিপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে।