হঠাৎ বিমানের ফ্লাইট বাতিল, সিলেটে বিক্ষোভ
সিলেটে বিনা নোটিশে বাতিল করা হয়েছে বাংলাদেশ বিমানের ঢাকাগামী ফ্লাইট। এ কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যগামী ৩৭০ জন যাত্রী। ফ্লাইট বাতিলের ঘটনায় আটকা পড়া যাত্রীরা আজ শুক্রবার সকালে বিমান সিলেট কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।যাত্রীরা বলেন, গতকাল বৃহস্পতিবার বেলা দুইটা ৫০ মিনিটে বিজি-০৩৬ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল। কিন্তু কোনো কারণ দর্শানো ছাড়াই বিমান কর্তৃপক্ষ ফ্লাইট বাতিল করে দেওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফ্লাইট বাতিলের প্রতিবাদে আজ বেলা ১১টায় যাত্রীরা বিমানের সিলেট কার্যালয়ে বিক্ষোভ করেন। পরে কর্তৃপক্ষ আগামীকাল শনিবার ফ্লাইট দেওয়ার আশ্বাস দিলে তাঁরা শান্ত হন। বাতিল হওয়া ফ্লাইটের দুবাইগামী এক যাত্রী বলেন, কোনো কারণ ছাড়াই বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে তিনি বিমানবন্দরে এসে বিষয়টি জানতে পারেন। এতে পুরোদিনই তাঁকে ভোগান্তিতে কাটাতে হয়েছে।বিমান সিলেট কার্যালয় সূত্রে জানা যায়, বাতিল হওয়া ফ্লাইটে লন্ডনগামী ২৯৬, দোহা-দুবাইগামী ২৭, জেদ্দাগামী ৩২, মাসকাট ও কুয়েতগামী ১৭ জন যাত্রী ছিলেন। এ ছাড়া অভ্যন্তরীণ যাত্রী ছিলেন ৩৪ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জ্যেষ্ঠ কর্মকর্তা (কমার্শিয়াল) মো. আবদুর রহমান বলেন, ঢাকা থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামীকাল শনিবার সকাল সাড়ে আটটায় ফ্লাইটের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।গত সোমবার রাতেও সিলেটে বিমানের একটি ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে আটকা পড়েছিলেন ১৪০ জন যাত্রী। কোনো কারণ ছাড়াই বিমানের ফ্লাইট বাতিল নিত্যদিনের উল্লেখ করে ‘এয়ারলাইনস ক্লাব অব সিলেট’-এর সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট অঞ্চলের প্রতি বিমান কর্তৃপক্ষের বিমাতাসুলভ আচরণের কারণেই এমনটি হচ্ছে। প্রবাসীদের বেশির ভাগই বাংলাদেশ বিমানে দেশে যাতায়াত করে থাকেন। কিন্তু বিমান কর্তৃপক্ষ নিরবচ্ছিন্ন সেবা দিতে না পারায় যাত্রীদের বিমান থেকে বিমুখ হয়ে পড়ার অবস্থা হয়েছে।