হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সু চি (ভিডিও)
ইউরোপ সফররত মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি দ্রুত সম্মেলনস্থল ত্যাগ করেন। আজ শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই দশক পর ইউরোপ সফরে যান সু চি। গতকাল তিনি সুইজারল্যান্ডের রাজধানী বার্নে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। রয়টার্সের ভিডিওচিত্রে দেখা যায়, উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের একপর্যায়ে সু চি অস্বস্তি বোধ করছেন। এ সময় তাঁর কাছে দ্রুত একজন সহযোগী এগিয়ে গেলে তাঁর দেওয়া কিছু একটার মধ্যে মুখ লুকিয়ে বমি করেন সু চি।পরে শান্তিতে নোবেল বিজয়ী এই নেত্রী বলেন, ‘ইউরোপে বিমানভ্রমণে এসে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। ২৪ বছর আগে আমি সবকিছুর সঙ্গে যেভাবে দ্রুত মানিয়ে নিতে পারতাম, এখন হয়তো তা পারছি না। বয়সের কারণে হয়তো এটা হচ্ছে। আবার অভ্যাস নেই বলেও এমনটা হতে পারে।’১৯৮৮ সালের পর সু চি আর ইউরোপে যাননি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় মিয়ানমারে গৃহবন্দী থাকার পর ১৩ জুন সু চি ঐতিহাসিক ওই সফরে যান। ১৭ দিনের ইউরোপ সফরের প্রথম পর্যায়ে গতকাল সু চি সুইজারল্যান্ডে অবস্থান করছিলেন। এরপর তিনি যাবেন নরওয়ের অসলোতে। ১৯৯১ সালের ১০ ডিসেম্বর নোবেল শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে প্রথা অনুযায়ী সু চির বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু সে সময় জান্তা সরকার তাঁকে অসলোতে যেতে দেয়নি। কাল শনিবার অসলোতে দীর্ঘ প্রতীক্ষিত সেই ভাষণ দেবেন সু চি। এ ছাড়া তিনি ফ্রান্স, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্য যাবেন। সে দেশে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটা সময় পার করেছেন তিনি। ১৯৮৮ সালে অসুস্থ মাকে দেখতে তিনি স্বামী মাইকেল অ্যারিস এবং দুই ছেলে আলেকজান্ডার ও কিমকে ব্রিটেনে রেখে মিয়ানমারে যান। এদিকে, আজ ‘পাকিস্তান টুডে’র এক খবরে বলা হয়, ১৯ জুন ৬৭তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে বর্ষীয়ান এই রাজনীতিবিদ যুক্তরাজ্যে পারিবারিক এক পুনর্মিলনে যোগ দেবেন।